রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারের কন্যা এবং ভারতের রাজপরিবারের সন্তান ও জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক—দুই ভিন্ন জগতের দুই মানুষের প্রেম ও পরিণয় একসময় ভারতীয় সংবাদমাধ্যমের সবচেয়ে আলোচিত ঘটনায় পরিণত হয়েছিল। একজন ছিলেন বাংলা ও হিন্দি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী, অন্যজন ক্রিকেট মাঠের উজ্জ্বল তারকা। তাঁদের এই সম্পর্কের পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছিল ধর্মীয় পরিচয়, পারিবারিক ঐতিহ্য এবং সমাজের রক্ষণশীলতা। শেষ পর্যন্ত বিয়ের জন্য ইসলাম ধর্ম গ্রহণ করতে হয়েছিল শর্মিলা ঠাকুরকে। ধর্মান্তরিত হয়ে তাঁর নতুন নাম হয় আয়েশা সুলতানা।
প্রায় ছয় দশক পর সেই সিদ্ধান্তের নেপথ্যে থাকা পারিবারিক কারণগুলো নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন তাঁদের মেয়ে সাবা আলী খান। সিদ্ধার্থ কান্নানের সঙ্গে এক আলাপচারিতায় সাবা জানান, তাঁর মা মূলত এই বিয়েটিকে সামাজিক ও পারিবারিকভাবে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যেই ধর্মান্তরিত হয়েছিলেন। সাবা জানান, তাঁর দাদি, অর্থাৎ মনসুর আলী খান পতৌদির মা, অন্য কোনো উপায়ে এই বিয়েতে সম্মতি দিতেন না।
সাবার ভাষায়, তখনকার সামাজিক ও ধর্মীয় রীতিতে এমন বিয়ের ক্ষেত্রে ধর্মান্তরকে প্রয়োজনীয় বলে বিবেচনা করা হতো। তিনি বলেন, ‘আমার দাদি অন্য কোনোভাবে এই বিয়ে মেনে নিতেন বলে মনে হয় না।’ সাবার বক্তব্যে আরও উঠে এসেছে যে, সে সময় বিয়ের স্বীকৃতি এবং সন্তানদের বৈধ পরিচয়ের বিষয়টি পরিবারের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তাঁর ব্যাখ্যা অনুযায়ী, ধর্মান্তর ছিল তৎকালীন প্রচলিত ব্যবস্থা ও ঐতিহ্যের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার একটি প্রয়োজনীয় পদক্ষেপ।
প্রেমের পথে ধর্মের দেয়াল
শর্মিলা ঠাকুর ও মনসুর আলী খান পতৌদির পরিচয় এবং প্রেমের কাহিনী যেন কোনো সিনেমার চিত্রনাট্য। মনসুর আলী খান ‘টাইগার’ নামে পরিচিত ছিলেন এবং ভারতের অন্যতম প্রতিভাবান ক্রিকেটার হিসেবে খুব অল্প বয়সেই খ্যাতি অর্জন করেন। মাত্র ২১ বছর বয়সে তিনি ভারতের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক হন। অন্যদিকে, শর্মিলা তখন চলচ্চিত্রজগতে নিজের শক্ত অবস্থান তৈরি করে ফেলেছিলেন।
১৯৬৪ সালে শক্তি সামন্তের ‘কাশ্মীর কী কলি’ সিনেমার মাধ্যমে হিন্দি চলচ্চিত্রে যাত্রা শুরু করেন শর্মিলা। শাম্মী কাপুরের বিপরীতে অভিনয় করে তিনি দ্রুত জনপ্রিয়তা পান। এরপর ‘অ্যান ইভনিং ইন প্যারিস’, ‘অনুপমা’, ‘সত্যকাম’, ‘আরাধনা’—একটির পর একটি সিনেমায় নিজের অভিনয়প্রতিভার প্রমাণ দেন তিনি। বিশেষ করে ‘আরাধনা’ সিনেমাটি তাঁকে তারকাখ্যাতির এক নতুন উচ্চতায় নিয়ে যায় এবং রাজেশ খান্নার সঙ্গে তাঁর জুটি দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয় হয়।
ষাটর দশকের মাঝামাঝি সময়ে মনসুরের সঙ্গে শর্মিলার পরিচয় হয়। দুজনের জীবনযাপন, পেশা এবং পারিবারিক পরিবেশ সম্পূর্ণ আলাদা হওয়া সত্ত্বেও সেই পার্থক্য তাঁদের সম্পর্কের পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। কয়েক বছরের প্রেমের পর ১৯৬৮ সালের ২৭ ডিসেম্বর তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন।
বিয়ের আগে ইসলাম ধর্ম গ্রহণ করে শর্মিলা আয়েশা সুলতানা নাম গ্রহণ করেন। এই নতুন নামের প্রস্তাব দিয়েছিলেন স্বয়ং মনসুর। পরবর্তীতে একটি টেলিভিশন অনুষ্ঠানে সিমি গারেওয়ালের সঙ্গে আলাপচারিতায় শর্মিলা জানিয়েছিলেন, ধর্ম পরিবর্তনের বিষয়টি তাঁর জন্য খুব সহজও ছিল না, আবার অসম্ভব কঠিনও ছিল না। বিষয়টি বুঝে, উপলব্ধি করে সিদ্ধান্ত নিতে হয়েছিল। বিয়ের আগে তিনি খুব বেশি ধর্মচর্চা করতেন না, তবে পরবর্তী সময়ে হিন্দুধর্ম ও ইসলাম—উভয় ধর্ম সম্পর্কেই তাঁর জানাশোনা বৃদ্ধি পায়।
প্রাণনাশের হুমকি ও আতঙ্কে দুই পরিবার
শর্মিলা ও মনসুরের বিয়ে নিয়ে আপত্তি কেবল পরিবারের ভেতরেই সীমাবদ্ধ ছিল না। ধর্মীয় পরিচয়ের কারণে তাঁদের সম্পর্কের বিরুদ্ধে সমাজের একাংশের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়েছিল। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, বিয়ের আগে শর্মিলার পরিবারের কাছে প্রাণনাশের হুমকি দিয়ে টেলিগ্রাম পাঠানো হয়েছিল।
সাংবাদিক বরখা দত্তের সঙ্গে এক সাক্ষাৎকারে অতীতের সেই অভিজ্ঞতার কথা বলেছিলেন শর্মিলা। তাঁর ভাষায়, কলকাতায় বিয়ের প্রস্তুতির সময় তাঁর মা-বাবার কাছে টেলিগ্রাম আসত, যেখানে লেখা থাকত, ‘গুলি কথা বলবে’। এই পরিস্থিতির কারণে মনসুরের পরিবারও অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়েছিল।
শর্মিলা আরও জানিয়েছিলেন, দিল্লিতে থাকার সময় দুজন ব্যক্তি তাঁর সঙ্গে দেখা করতে আসেন। তাঁরা নিজেদের সিবিআই বা সংশ্লিষ্ট কোনো সংস্থার লোক পরিচয় দিয়ে জানতে চেয়েছিলেন, তাঁর নিরাপত্তার জন্য কোনো বিশেষ ব্যবস্থা প্রয়োজন কি না। তবে শর্মিলা তখন বিষয়টি নিয়ে খুব একটা বিচলিত হননি। তাঁর মনে হয়েছিল, পরিস্থিতি নিয়ে অন্যরা যতটা উদ্বিগ্ন, তিনি নিজে ততটা নন।
অবশেষে সব বাধা কাটিয়ে বিয়ে ও সংবর্ধনা নির্বিঘ্নে সম্পন্ন হয়। দুই পরিবারের উদ্বেগ ও বাইরের তীব্র বিরোধিতা সত্ত্বেও একসঙ্গে জীবন শুরু করেন শর্মিলা ও মনসুর।
নাম বদলালেও বদলায়নি পরিচয়
ধর্ম পরিবর্তনের পরও নিজের পেশাগত পরিচয় পরিবর্তন করেননি শর্মিলা। সিনেমার পর্দায় তিনি সবসময় শর্মিলা ঠাকুর হিসেবেই পরিচিত ছিলেন। এ বিষয়ে তাঁর মেয়ে সোহা আলী খানও আগে কথা বলেছেন। সোহা জানান, কখনো কখনো তাঁর মা নথিপত্রে আয়েশা লিখতেন, আবার কখনো শর্মিলা। তবে অভিনয়জগতে সব সময় শর্মিলা ঠাকুর নামটিই ব্যবহার করেছেন তিনি।
সাবার সাম্প্রতিক বক্তব্যে উঠে এসেছে যে, মনসুর ছিলেন অত্যন্ত উদার মানসিকতার মানুষ। স্ত্রীকে নিজের নাম বা পেশাগত পরিচয় পরিবর্তনের জন্য তিনি কোনো চাপ দেননি। এমনকি পাসপোর্টসহ সরকারি নথিপত্রেও শর্মিলাকে নাম বদলাতে বাধ্য করা হয়নি। সাবার মতে, ধর্মান্তরের সিদ্ধান্ত তাঁর মায়ের ব্যক্তিত্ব কিংবা পেশাগত জীবনে কোনো বাধা তৈরি করেনি।
‘আরাধনা’, ‘সফর’, ‘অমর প্রেম’, ‘দাগ’ ও ‘মৌসম’-এর মতো সিনেমায় অভিনয় করে নিজেকে একজন শক্তিশালী অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন শর্মিলা। ১৯৭৫ সালে ‘মৌসম’ সিনেমার জন্য সেরা অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। পরবর্তীতে ‘আবার অরণ্যে’ সিনেমার জন্যও জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা পার্শ্ব অভিনেত্রীর স্বীকৃতি পান তিনি।
ধর্মীয় পরিচয়ের চেয়ে বড় ছিল স্বাধীনতা
শর্মিলা ও মনসুরের সংসারে ধর্ম নিয়ে কোনো কঠোর অনুশাসন ছিল না—সাবার বক্তব্যে এমন একটি চিত্র ফুটে উঠেছে। সাবা জানিয়েছেন, তিনি ব্যক্তিগতভাবে ইসলাম ধর্ম অনুসরণ করেন এবং তাঁর মা তাঁকে ইসলাম, রমজান ও ধর্মীয় আচার সম্পর্কে শিক্ষা দিয়েছেন। তবে কোন ধর্ম কীভাবে অনুসরণ করা হবে, সেই সিদ্ধান্ত সন্তানদের ওপরই ছেড়ে দিয়েছিলেন তাঁর মা-বাবা।
পরিবারে ঈদ, দীপাবলি, হোলিসহ বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব উদ্যাপিত হতো এবং ক্রিসমাসও বাদ যেত না। সাবার মতে, ধর্ম একান্ত ব্যক্তিগত বিষয় এবং কাউকে জোর করে কোনো বিশ্বাসের মধ্যে আটকে রাখা উচিত নয়।
এর আগে ২০২৬ সালের আগস্টে ‘বিগ বলিউড বাফস’ নামের ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারেও সাবা বলেছিলেন, তাঁর মা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন এবং সন্তানদের ধর্মীয় শিক্ষা দিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত প্রত্যেকে নিজের মতো করে বিশ্বাস অনুসরণের স্বাধীনতা পেয়েছেন।
৪৩ বছরের দাম্পত্য ও ২০১১ সালে বিচ্ছেদ
শর্মিলা ও মনসুরের সংসারে জন্ম নেয় তিন সন্তান—সাইফ আলী খান, সাবা আলী খান ও সোহা আলী খান। তিনজনই পরবর্তী সময়ে নিজ নিজ ক্ষেত্রে বিশেষ পরিচিতি পেয়েছেন। সাইফ ও সোহা অভিনয়জগতে কাজ করছেন, আর সাবা গয়নার নকশা ও সংগ্রহের সঙ্গে যুক্ত।
মনসুর ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরও বিভিন্ন সামাজিক ও ব্যক্তিগত কাজে সক্রিয় ছিলেন। অন্যদিকে শর্মিলা অভিনয়ের পাশাপাশি সংসার সামলেছেন, সন্তানদের বড় করেছেন এবং নিজের কর্মজীবন এগিয়ে নিয়েছেন। তাঁদের দাম্পত্যে পারস্পরিক শ্রদ্ধা ও স্বাধীনতার বিষয়টি বিভিন্ন সাক্ষাৎকারে উঠে এসেছে।
২০১১ সালের ২২ সেপ্টেম্বর ৭০ বছর বয়সে মারা যান মনসুর আলী খান পতৌদি। দীর্ঘ ৪৩ বছরের দাম্পত্যের অবসান ঘটে তাঁর মৃত্যুর মধ্য দিয়ে।