বলিউডের প্রভাবশালী নবাব পরিবারের সদস্য সাবা পতৌদি। তাঁর মা শর্মিলা ঠাকুর, ভাই সাইফ আলী খান এবং বোন সোহা আলী খান—তিনজনই অভিনয় জগতের অত্যন্ত পরিচিত মুখ। তবে পরিবারের বাকি সদস্যদের মতো লাইমলাইটে বা আলোচনার কেন্দ্রে থাকতে পছন্দ করেন না সাবা। নিজের পছন্দমতো জীবনযাপন করতেই তিনি বেশি আগ্রহী। বর্তমানে তাঁর বয়স ৫০ ছাড়িয়েছে, তবে তিনি এখনো বিয়ে করেননি। কেন তিনি বিয়ের সিদ্ধান্ত নিলেন না, সম্প্রতি সেই প্রশ্নেরই উত্তর দিয়েছেন সাবা পতৌদি।

নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদির সঙ্গে এক আলাপচারিতায় নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেন সাবা। তিনি জানান, জীবনে কখনো তাঁর কোনো প্রথম প্রেমিক ছিল না। তবে কৈশোরের পর থেকেই পরিবার এবং পরিচিত মহলের মাধ্যমে তাঁর কাছে বিয়ের প্রস্তাব আসতে শুরু করে।

সাবার স্মৃতিচারণে উঠে এসেছে যে, ১৮-১৯ বছর বয়স থেকেই বিয়ের উদ্দেশ্যে অনেকের সঙ্গে তাঁর পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল। এমনকি ১৯ বছর বয়সে কলকাতার এক ব্যক্তির সঙ্গে তাঁর বিয়ে প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই বিয়ে আর সম্পন্ন হয়নি। কারণ, সেই সময়ে তিনি মানসিকভাবে বিয়ের জন্য প্রস্তুত ছিলেন না। সাবা বলেন, ‘আমি তখন সত্যিই বিয়ের জন্য প্রস্তুত ছিলাম না। তাই সেই সম্পর্ক আর এগোয়নি।’

তবে বিয়ের প্রতি সাবা কখনোই অনাগ্রহী ছিলেন না। পরবর্তী সময়ে জীবনসঙ্গী খোঁজার ব্যাপারে তাঁর কোনো আপত্তি ছিল না, কিন্তু মনের মতো কাউকে খুঁজে পাননি তিনি। তাঁর ভাষায়, ‘এমন কাউকে খুঁজে পাইনি, যার সঙ্গে সত্যিকার অর্থে মানসিক ও জীবনযাপনের মিল রয়েছে।’

জীবনসঙ্গী খুঁজে না পাওয়ার পেছনে তাঁর বাবার ব্যক্তিত্বের প্রভাবের কথা উল্লেখ করেছেন সাবা। তাঁর বাবা মনসুর আলী খান পতৌদি ছিলেন ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক। ক্রিকেট মাঠে যেমন তাঁর নেতৃত্ব ও ব্যক্তিত্বের পরিচিতি ছিল, ব্যক্তিজীবনেও তিনি ছিলেন অত্যন্ত আকর্ষণীয়, বিনয়ী ও দায়িত্বশীল মানুষ। সাবার কাছে তাঁর বাবা ছিলেন এক অনন্য উদাহরণ।

সাবা জানান, তিনি ঠিক বাবার মতো কাউকে খুঁজছিলেন তা নয়, তবে বাবার কাছ থেকে পাওয়া মূল্যবোধগুলো তাঁর জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে বড় প্রভাব ফেলেছে। সাবার ভাষায়, ‘আব্বা ছিলেন অসাধারণ একজন মানুষ। অত্যন্ত ব্যক্তিত্বসম্পন্ন, বিনয়ী ও দায়িত্বশীল। সবচেয়ে বড় কথা, তিনি আমাকে স্বাধীন হতে শিখিয়েছেন।’

অভিনেত্রী তাপসী পান্নুর একটি মন্তব্যও সাবার মনে গভীর প্রভাব ফেলেছে। তাপসী একবার বলেছিলেন, ‘আমার কোনো ছেলে নয়, একজন পরিণত পুরুষ প্রয়োজন।’ এই কথাটির সঙ্গে নিজের ভাবনার মিল খুঁজে পেয়েছেন সাবা। তাঁর প্রত্যাশাও ছিল এমন একজন মানুষ, যিনি শুধু সম্পর্কে জড়াবেন না, বরং দায়িত্ব নিতে জানবেন এবং সঙ্গীর স্বাধীনতাকে সম্মান করবেন। কিন্তু এখন পর্যন্ত তেমন কাউকে তিনি খুঁজে পাননি।

তবে বিয়ে নিয়ে তিনি এখনো পুরোপুরি দরজা বন্ধ করে দেননি। অবিবাহিত থাকাকে তিনি নিজের সচেতন সিদ্ধান্ত বলে মনে করেন না। ২০২৬ সালের অক্টোবরে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেছেন যে, জীবনে একজন সঙ্গী পাওয়ার ইচ্ছা তাঁর ছিল, কিন্তু কেবল বিয়ে করার জন্য তিনি কোনো আপস করতে চান না। সাবা বলেন, ‘আমি একা থাকতে পারি, কিন্তু নিঃসঙ্গ নই। নিজের মতো করে থাকতে আমার ভালো লাগে।’

সাবার মতে, একটি সম্পর্কের মূল ভিত্তি হওয়া উচিত পারস্পরিক শ্রদ্ধা, যত্ন এবং বন্ধুত্ব। শুধু শারীরিক আকর্ষণ বা রোমান্টিক রসায়নের ওপর ভিত্তি করে সম্পর্ক দীর্ঘস্থায়ী হয় না। এমন একজন মানুষ প্রয়োজন, যার সঙ্গে মন খুলে কথা বলা যায় এবং যাঁকে বিশ্বাস করা যায়। সাবার কথায়, ‘বিয়ের জন্য বিয়ে করতে চাই না। কাউকে প্রমাণ করারও কিছু নেই। সম্পর্কে থাকলে অনুভব করতে হবে, সেখানে আমাকে সম্মান করা হচ্ছে, আমার যত্ন নেওয়া হচ্ছে এবং বিষয়টি দুজনের জন্যই সমান।’

অভিনয় পেশাকে বেছে না নিয়ে ভিন্ন পথে হেঁটেছেন সাবা পতৌদি। ১৯৭৬ সালের ১ মে নয়াদিল্লিতে তাঁর জন্ম। ২০২৬ সালে তিনি ৫০ বছরে পা দিয়েছেন। মা শর্মিলা ঠাকুরের মতো তিনি অভিনয়ে আসেননি। ভাই সাইফ ও বোন সোহা যখন চলচ্চিত্রে নিজেদের প্রতিষ্ঠিত করছেন, তখন সাবা বেছে নিয়েছেন আড়ালের জীবন।

পেশায় তিনি একজন জুয়েলারি ডিজাইনার এবং নিজের নকশায় গয়না তৈরি করেন। পাশাপাশি তিনি ট্যারো কার্ড রিডার ও আধ্যাত্মিক পরামর্শদাতা হিসেবেও কাজ করছেন। তাঁর নিজস্ব ওয়েবসাইটে এসব পরিচয়ের পাশাপাশি ভোপালের ঐতিহ্যবাহী রাজপরিবারের দাতব্য সম্পত্তি ও তহবিল পরিচালনাকারী প্রতিষ্ঠান ‘আউকাফ-ই-শাহি’র মুতাওয়াল্লি বা প্রধান ট্রাস্টি হিসেবে নিজের দায়িত্বের কথা উল্লেখ করেছেন।