প্রতি সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মগুলোতে যুক্ত হচ্ছে নতুন নতুন কনটেন্ট। চলতি সপ্তাহে মুক্তি পাওয়া এবং মুক্তির অপেক্ষায় থাকা বিভিন্ন ওয়েব সিরিজ, সিনেমা, প্রামাণ্যচিত্র ও রিয়েলিটি শোর বিস্তারিত খবর নিয়ে আমাদের এই নিয়মিত আয়োজন।
‘পসিবল লাভ’
ধরন: সিনেমা
স্ট্রিমিং: নেটফ্লিক্স
দিনক্ষণ: চলমান
দীর্ঘ আট বছর পর পূর্ণদৈর্ঘ্য সিনেমা নিয়ে আবারও ফিরেছেন কোরীয় নির্মাতা লি চ্যাং-দং। মানুষের গোপন আকাঙ্ক্ষা, ভালোবাসা, সম্পর্ক এবং শ্রেণিগত বৈষম্যের গল্প নিয়ে নির্মিত এই সিনেমাটি ভেনিস উৎসবে সিলভার লায়ন গ্র্যান্ড জুরি পুরস্কার জয় করেছে। ছবির মূল কাহিনী আবর্তিত হয়েছে দুটি দম্পতিকে কেন্দ্র করে। একদিকে চাকরি হারানো স্বামী হো-সকের সঙ্গে সংসার করা মি-ওক; অন্যদিকে বিত্তশালী তথ্যচিত্র নির্মাতা ই-জি ও তাঁর স্বামী সাং-উ। ই-জি যখন চাকরি হারানো মানুষদের নিয়ে একটি তথ্যচিত্র তৈরি করতে যান, তখন তিনি মি-ওকের জীবনের গল্প ধারণ করেন। এই প্রক্রিয়ায় একপর্যায়ে দুই দম্পতির মধ্যে এক অদ্ভুত সম্পর্কের সৃষ্টি হয়। তাঁদের জীবনের চাপা কষ্ট, গোপন বাসনা, দাম্পত্য জীবনের টানাপোড়েন এবং শ্রেণিগত ব্যবধানগুলো ধীরে ধীরে সামনে আসতে থাকে। সিনেমাটিতে অভিনয় করেছেন জিওন দো-ইয়ন, সল কিয়ং-গু, জো ইন-সুং এবং জো ইয়ো-জং।
‘স্টিক ২’
ধরন: সিরিজ
স্ট্রিমিং: অ্যাপল টিভি প্লাস
দিনক্ষণ: চলমান
গলফ খেলার মাঠের প্রতিযোগিতা, স্বপ্ন এবং ব্যক্তিগত জীবনের নানা টানাপোড়েন নিয়ে ফিরে এসেছে অ্যাপল টিভির জনপ্রিয় স্পোর্টস কমেডি সিরিজ ‘স্টিক’। এবারের গল্পে দেখা যাবে তরুণ গলফার সান্তি, যে পেশাদার খেলোয়াড় হওয়ার স্বপ্নের দিকে এগিয়ে যাচ্ছে। পাশাপাশি নিজের হারিয়ে যাওয়া ক্যারিয়ার পুনরুদ্ধারের চেষ্টায় নামবে তার মেন্টর প্রাইস ক্যাহিল। সিরিজটির নির্মাতা জেসন কেলার। দ্বিতীয় মৌসুমে কেন্দ্রীয় চরিত্র প্রাইস ক্যাহিল হিসেবে ফিরেছেন ওয়েন উইলসন। নতুন মৌসুমে যুক্ত হয়েছেন রিয়া সিহর্ন। এই নতুন মৌসুমের প্রথম দুটি পর্ব ৪ নভেম্বর, বুধবার মুক্তি পেয়েছে। প্রতি বুধবার একটি করে নতুন পর্ব প্রদর্শিত হবে।
‘দ্য গ্রেটেস্ট’
ধরন: সিরিজ
স্ট্রিমিং: অ্যামাজন প্রাইম ভিডিও
দিনক্ষণ: চলমান
কিংবদন্তি বক্সার মোহাম্মদ আলীর জীবন অবলম্বনে তৈরি এই সিরিজে তাঁর বক্সিং রিংয়ের অসাধারণ সাফল্য, ব্যক্তিগত জীবনের জটিলতা এবং বর্ণবৈষম্যের বিরুদ্ধে তাঁর দৃঢ় অবস্থানের কথা উঠে এসেছে। ৪ নভেম্বর অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে আট পর্বের এই জীবনীভিত্তিক ড্রামা সিরিজটি। গল্পের শুরু হয় ১৯৬০ সালের রোম অলিম্পিকে স্বর্ণজয়ী তরুণ বক্সার ক্যাসিয়াস ক্লে-কে কেন্দ্র করে, যখন তিনি তখনও মোহাম্মদ আলী হয়ে ওঠেননি। অলিম্পিকে সাফল্যের পর তাঁর মূল লক্ষ্য হয়ে দাঁড়ায় হেভিওয়েট বক্সিং চ্যাম্পিয়ন হওয়া। এই লক্ষ্য অর্জনের পথে এগিয়ে যেতে গিয়ে তাঁকে খ্যাতি, পারিবারিক দ্বন্দ্ব, আত্মবিশ্বাসের সংকট এবং আমেরিকার বর্ণবৈষম্যমূলক সামাজিক বাস্তবতার মুখোমুখি হতে হয়।
সিরিজটিতে রিংয়ের লড়াইয়ের পাশাপাশি মোহাম্মদ আলীর নিজস্ব পরিচয় এবং বিশ্বাস প্রতিষ্ঠার সংগ্রামের চিত্র তুলে ধরা হয়েছে। কাহিনি এগিয়েছে ১৯৬৪ সালে সনি লিস্টনকে পরাজিত করে তাঁর হেভিওয়েট চ্যাম্পিয়ন হওয়া পর্যন্ত। সিরিজটির নির্মাতা ও শোরানার বেন ওয়াটকিনস এবং প্রথম দুই পর্ব পরিচালনাও করেছেন তিনি। মোহাম্মদ আলী/ক্যাসিয়াস ক্লের চরিত্রে অভিনয় করেছেন জালেন বেস্ট। তাঁর বাবা ক্যাসিয়াস ক্লে সিনিয়রের ভূমিকায় ওমারি হার্ডউইক, মা ওডেসা ক্লের চরিত্রে ডানা গুরিয়ের, বক্সার সনি লিস্টনের চরিত্রে আমিন জোসেফ এবং প্রশিক্ষক অ্যাঞ্জেলো ডান্ডির ভূমিকায় জিওভান্নি রিবিসি। এছাড়া ম্যালকম এক্সের চরিত্রে অভিনয় করেছেন মাইকেল ইলি।
‘হাইওয়ান’
ধরন: সিনেমা
স্ট্রিমিং: সনি লিভ
দিনক্ষণ: চলমান
দৃষ্টিশক্তিহীন শ্যাম রানে (সাইফ আলী খান) মুম্বাইয়ের একটি আবাসিক ভবনে কাজ করেন। অন্ধত্ব তাঁর কাছে কোনো বাধা হয়ে দাঁড়ায়নি। বরং শ্রবণশক্তি, ঘ্রাণশক্তি এবং উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে তিনি বিপজ্জনক অপরাধীদের মোকাবিলা করেন। অবসরপ্রাপ্ত বিচারক প্রধান (বোমান ইরানী) ও দণ্ডপ্রাপ্ত অপরাধী পরশুরাম গোখলের (অক্ষয় কুমার) মধ্যকার দ্বন্দ্বে জড়িয়ে শ্যামের জীবন বদলে যায়। বিচারক থাকাকালীন খুনের দায়ে পরশুরামকে একবার কারাগারে পাঠিয়েছিলেন প্রধান। মুক্তি পাওয়ার পর পরশুরাম প্রতিশোধ নেওয়ার নেশায় বিচারক এবং তাঁর পরিবারের পেছনে লেগে থাকেন। শেষ পর্যন্ত বিচারকের মেয়ে নন্দিনীকে রক্ষা করার দায়িত্ব শ্যামের ওপর পড়ে। ছবিটি পরিচালনা করেছেন প্রিয়দর্শন। এতে আরও অভিনয় করেছেন শ্রীয়া পিলগাঁওকর, সাইয়ামি খের, রাজপাল যাদব, শরিব হাশমি ও প্রয়াত অভিনেতা আসরানি। এটি মূলত ২০১৬ সালে মুক্তি পাওয়া মালয়ালম থ্রিলার ‘ওপ্পম’-এর হিন্দি সংস্করণ।