প্রতি সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মগুলোতে যুক্ত হচ্ছে নতুন নতুন বিনোদনের সম্ভার। চলতি সপ্তাহে মুক্তি পাওয়া এবং মুক্তির অপেক্ষায় থাকা বিভিন্ন ওয়েব সিরিজ, সিনেমা, প্রামাণ্যচিত্র ও রিয়েলিটি শোর বিস্তারিত খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন।
‘আলাপ’ সিনেমাটি স্ট্রিমিং হচ্ছে হইচই প্ল্যাটফর্মে, যার মুক্তির দিনক্ষণ ২৩ অক্টোবর। সিনেমার কাহিনী আবর্তিত হয়েছে পাবলো মজুমদার (আবীর চট্টোপাধ্যায়), অদিতি মিত্র (মিমি চক্রবর্তী) ও স্বাতীলেখা সেন (স্বস্তিকা দত্ত)-এর জীবনকে কেন্দ্র করে, যারা আলাদা আলাদা আইটি কোম্পানিতে কর্মরত। একসুতোয় এসে মিলে যায় তাদের জীবনের গল্প। সম্পর্কের টানাপোড়েন নিয়ে নির্মিত এই ড্রামা ঘরানার সিনেমাটি প্রথমে প্রেক্ষাগৃহে প্রদর্শিত হওয়ার পর এবার ওটিটিতে আসছে। প্রেমেন্দু বিকাশ চাকী পরিচালিত এই সিনেমাটিতে আরও অভিনয় করেছেন অনসূয়া দাস, আরজে রোহিত প্রমুখ।
নেটফ্লিক্সে বর্তমানে স্ট্রিমিং হচ্ছে ‘ডিড সামওয়ান হ্যাপেন টু মেনশন মি?’ নামের সিরিজটি। গল্পের নায়ক একসময় জাপানের অন্যতম পরিচিত অভিনেতা ছিলেন। লন্ডনের বিখ্যাত শেক্সপিয়ারস গ্লোব থিয়েটারে প্রধান চরিত্রে অভিনয় করা প্রথম জাপানি অভিনেতা হিসেবে তাঁর ব্যাপক সুনাম ছিল। তবে দুই বছর পর দেশে ফিরে তিনি লক্ষ্য করেন, প্রায় পুরো জাপানই তাঁকে ভুলে গেছে। এমনকি নিজের পরিবারও তাঁকে চিনতে পারছে না। একসময় তারকা খ্যাতিতে অভ্যস্ত জেনের জীবন রাতারাতি বদলে যাওয়ার করুণ ও বাস্তব গল্প নিয়ে নির্মিত এই সিরিজটিতে অভিনয় করেছেন কোজি ইয়াকুশো, কেনতো কাকু, কেনিচি মাতসুয়ামা। ফুমিনোরি কানেকো, তাকুয়া সাকায়ে ও আতসুশি ওয়াতানাবে পরিচালিত সিরিজটি গতকাল বৃহস্পতিবার মুক্তি পেয়েছে।
জিওহটস্টারে এখন দেখা যাচ্ছে ‘মোয়ানা’ সিনেমাটি। চলতি বছরের জুলাইয়ে মুক্তি পাওয়া এই লাইভ অ্যাকশন সিনেমাটি এবার ওটিটি প্ল্যাটফর্মে এসেছে। টমাস কাইল পরিচালিত ওয়াল্ট ডিজনি পিকচার্সের এই সিনেমার মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে সাহসী কিশোরী মোয়ানা, যে নিজের দ্বীপ ও জনগণকে রক্ষা করার লক্ষ্যে এক বিপজ্জনক সমুদ্রযাত্রায় বের হয়। এতে অভিনয় করেছেন ডোয়াইন জনসন ও ক্যাথরিন লাগাইয়া।
অ্যাপল টিভি প্লাসে মুক্তি পেয়েছে ‘হয়ার ইজ ওয়ান্ডা ২’ সিরিজটি। প্রথম মৌসুমে দেখা গিয়েছিল, ওয়ান্ডা ক্লাট নিখোঁজ হওয়ার পর তার বাবা ডেডো ও মা কার্লোটা পুলিশের ওপর ভরসা হারিয়ে নিজেরাই মেয়েকে খুঁজতে নেমেছিলেন। প্রযুক্তিতে দক্ষ ছেলে ওলের সাহায্যে তাঁরা প্রতিবেশীদের ওপর নজরদারি শুরু করেন, যার ফলে তাঁদের শান্ত শহরতলির আড়ালে লুকিয়ে থাকা নানা গোপন তথ্য সামনে আসে।
দ্বিতীয় মৌসুমে পরিবারের জীবন কিছুটা স্বাভাবিক হয়ে আসছিল, কিন্তু হঠাৎ ওয়ান্ডাকে একটি মৃতদেহের পাশে দেখা যাওয়ার ঘটনায় সবকিছু আবার ওলট–পালট হয়ে যায়। মেয়েকে বাঁচাতে এবার ডেডো ও কার্লোটাকে খুঁজে বের করতে হবে প্রকৃত খুনিকে। তাঁরা কি পারবেন? এমন রহস্যময় গল্প নিয়ে এগিয়েছে নতুন মৌসুম। জার্মান এই সিরিজটিতে অভিনয় করেছেন হাইকে মাকাটশ, অ্যাক্সেল স্টাইন, লেয়া ড্রিন্ডা ও লিও সিমন। দ্বিতীয় মৌসুমটি পরিচালনা করেছেন টোবি বাউমান ও ক্রিশ্চিয়ান ডিটার। আট পর্বের এই নতুন মৌসুমের প্রথম পর্ব ২১ অক্টোবর মুক্তি পেয়েছে এবং বাকি সাতটি পর্ব ধারাবাহিকভাবে আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত মুক্তি পাবে।
অন্যদিকে, চরকি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে ‘আইসক্রিম’ সিনেমাটি। রেদওয়ান রনি পরিচালিত এই সিনেমাটি প্রথম প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ২০১৬ সালের ২৯ এপ্রিল। প্রায় এক দশক পর ২০ অক্টোবর সিনেমাটি চরকিতে মুক্তি পায়। এই সিনেমার মাধ্যমেই শরীফুল রাজ, নাজিফা তুষি ও কুমার উদয়ের চলচ্চিত্রে অভিষেক হয়েছিল। এছাড়া এতে অভিনয় করেছেন এ টি এম শামসুজ্জামান, দিতি, ওমর সানী, সায়েম সাদাত ও নাদিয়া খানম।