প্রতি সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মগুলোতে যুক্ত হচ্ছে নতুন নতুন বিনোদনমূলক কনটেন্ট। চলতি সপ্তাহে মুক্তি পাওয়া এবং মুক্তির অপেক্ষায় থাকা বিভিন্ন ওয়েব সিরিজ, সিনেমা, প্রামাণ্যচিত্র ও রিয়েলিটি শোর বিস্তারিত খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন।

‘দ্য ওয়ান অ্যাবাউট ম্যাথু পেরি’
ধরন: তথ্যচিত্র
স্ট্রমিং: নেটফ্লিক্স
দিনক্ষণ: চলমান
হলিউডের জনপ্রিয় অভিনেতা ম্যাথু পেরির জীবন এবং তাঁর দীর্ঘ সংগ্রামের কথা বলা হয়েছে তিন পর্বের এই তথ্যচিত্রে। ‘ফ্রেন্ডস’ খ্যাত এই তারকার অভিনয় জীবন, খ্যাতির আড়ালে তাঁর ব্যক্তিগত লড়াই এবং মাদকাসক্তি থেকে মুক্তির জন্য করা চেষ্টার কথা এখানে তুলে ধরা হয়েছে। তথ্যচিত্রটি পরিচালনা করেছেন এমি পুরস্কারজয়ী নির্মাতা মেরি রবার্টসন। এতে কথা বলেছেন ম্যাথুর ছোট বোন মিয়া পেরি বোউইক, তাঁর দীর্ঘদিনের বন্ধু এবং তাঁর সঙ্গে কাজ করা বিভিন্ন ব্যক্তিরা। এছাড়া সিরিজটিতে পেরি পরিবারের ব্যক্তিগত সংগ্রহে থাকা এমন কিছু ছবি ও ভিডিও রয়েছে যা আগে কখনো প্রকাশ করা হয়নি। পর্দায় তাঁর রসবোধ ও হাস্যরস দর্শকদের আনন্দ দিলেও বাস্তব জীবনে দীর্ঘদিন মাদকাসক্তির সঙ্গে লড়াই করেছেন এই অভিনেতা। ২০২৩ সালের অক্টোবরে ৫৪ বছর বয়সে তাঁর মৃত্যু হয়।

‘অ্যাপোক্যালিপস জেড: নিউ ওয়ার্ল্ড’
ধরন: সিনেমা
স্ট্রিমিং: অ্যামাজন প্রাইম ভিডিও
দিনক্ষণ: ৩০ অক্টোবর
জম্বি ও মহামারির আতঙ্কে বিপর্যস্ত এক পৃথিবী, যেখানে চারদিকে ছড়িয়ে আছে সংক্রমিত মানুষের দল—এমন এক পরিস্থিতিতে বেঁচে থাকার নতুন লড়াই নিয়ে নির্মিত এই স্প্যানিশ সিনেমা। এটি ২০২৪ সালে মুক্তি পাওয়া ‘অ্যাপোক্যালিপস জেড: দ্য বিগিনিং অব দ্য এন্ড’-এর পরবর্তী কিস্তি। ছবিটি পরিচালনা করেছেন কার্লেস তোরেন্স। এতে অভিনয় করেছেন কার্লোস আলকাইদে, হুলিয়া মার্তিনেস, মনিকা লোপেস এবং তামারা কাসেয়াস।

‘নকটার্ন’
ধরন: সিরিজ
স্ট্রিমিং: অ্যাপল টিভি প্লাস
দিনক্ষণ: ৩০ অক্টোবর
ফিলাডেলফিয়ার ব্যস্ত ও অপরাধপ্রবণ জীবন পেছনে ফেলে পেনসিলভানিয়ার একটি ছোট শহরে শান্তিতে বসবাস করতে চেয়েছিলেন একজন গোয়েন্দা। কিন্তু সেখানে গিয়েই তাঁর পরিবার ও শহরকে ঘিরে শুরু হয় এক ভয়ংকর আতঙ্ক। আর সেই আতঙ্কের মূল কেন্দ্রে রয়েছে একজন দুর্ধর্ষ সিরিয়াল কিলার। এমন রোমাঞ্চকর গল্প নিয়ে আসছে নতুন এই ক্রাইম থ্রিলার সিরিজ। প্রধান চরিত্রে অভিনয় করেছেন লিভ শ্রাইবার। এছাড়া অভিনয় করেছেন জাজি বিটজ ও স্টিফেন গ্রাহাম। সুইডিশ লেখক জুটি লার্স কেপলারের ‘দ্য স্যান্ডম্যান’ ও ‘লাজারাস’-এর ওপর ভিত্তি করে নির্মিত এই সিরিজটির চিত্রনাট্যকার ও শোরানার হিসেবে কাজ করেছেন জন হ্লাভিন। ১০ পর্বের এই সিরিজের প্রথম পর্বটি আজ মুক্তি পাবে এবং বাকি পর্বগুলো ধারাবাহিকভাবে আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত মুক্তি দেওয়া হবে।

‘অবসেশন’
ধরন: সিনেমা
স্ট্রিমিং: জিওহটস্টার
দিনক্ষণ: চলমান
কাউকে খুব পছন্দ করেন, কিন্তু তা প্রকাশ করতে পারছেন না। ঠিক এমন সময়ে আপনি পেয়ে গেলেন এক অদ্ভুত ইচ্ছাপূরণের সুযোগ, যার মাধ্যমে বিশেষভাবে চাইলেই পছন্দের মানুষটি আপনাকে ভালোবাসতে শুরু করবে! চেনা এই সহজ গল্পের সিনেমাটি নিয়েই চলতি বছর বিশ্বজুড়ে ব্যাপক আলোচনা ও উত্তেজনা তৈরি হয়েছে। বক্স অফিসে ঝড় তোলার পর এবার এটি আসছে ওটিটি প্ল্যাটফর্মে। ক্যারি বার্কার পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন মাইকেল জনস্টন, ইন্ডে নাভারেটে, কুপার টমলিনসন এবং মেগান ললেস।

‘ইমমর্টাল’
ধরন: সিনেমা
স্ট্রিমিং: সনি লিভ
দিনক্ষণ: ৩০ অক্টোবর
প্রথম দেখায় প্রেম, স্বপ্নের মতো একটি সুন্দর বাসা আর একজন রহস্যময় নারী। সবকিছুই যেন এক তরুণের জীবনে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেয়। তবে এই সুন্দর সম্পর্কের আড়ালে লুকিয়ে আছে এক ভয়ংকর অতিপ্রাকৃত রহস্য। প্রেম এবং ভয়ের এক অদ্ভুত মিশেলে নির্মিত এই তামিল সিনেমাটি এখন আসছে ওটিটিতে। জি ভি প্রকাশ কুমার ও কায়াদু লোহর অভিনীত সিনেমাটি পরিচালনা করেছেন মারিয়াপ্পান চিন্না।