ক্যানসারের সাথে লড়াই করা বিশিষ্ট নাট্যকার ও পরিচালক মাতিয়া বানু শুকুর শারীরিক অবস্থার চরম অবনতি হয়েছে। রক্তে অক্সিজেনের মাত্রা আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় আজ শনিবার সকালে তাঁকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে। এর আগে তিনি ওই হাসপাতালেরই একটি কেবিনে চিকিৎসাধীন ছিলেন। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানা গেছে।

মাতিয়া বানু শুকুর স্বামী নির্মাতা নূরুল আলম আতিক জানিয়েছেন, শরীরে ক্যানসার ছড়িয়ে পড়ার কারণে তাঁর প্রচুর পরিমাণে অক্সিজেনের প্রয়োজন হচ্ছে। বর্তমানে প্রতি মিনিটে ১৫ থেকে ২০ লিটার পর্যন্ত অক্সিজেন দিয়ে তাঁকে বাঁচিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। তিনি সচেতন থাকলেও তাঁর বর্তমান শারীরিক পরিস্থিতি নিয়ে চিকিৎসকেরা যথেষ্ট উদ্বিগ্ন। চিকিৎসার পরবর্তী পদক্ষেপ এবং লাইফ সাপোর্টের বিষয়ে বর্তমানে চিকিৎসকদের সঙ্গে আলোচনা চলছে বলে জানান তাঁর স্বামী।

এদিকে চিকিৎসার উচ্চ ব্যয় নিয়ে চরম উদ্বেগের মধ্যে রয়েছে পরিবারটি। বর্তমানে যে বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন, সেখানকার খরচ অনেক বেশি। তাই শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলে তাঁকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ), কমিউনিটি হাসপাতাল অথবা ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের কথা ভাবছেন পরিবারের সদস্যরা।

এর আগে মাতিয়া বানু শুকুর চিকিৎসার জন্য সহকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং সরকারের বিশেষ সহযোগিতা চেয়েছিল তাঁর পরিবার। এই বিষয়ে মুক্তকণ্ঠকে নূরুল আলম আতিক বলেছিলেন, ‘আমার স্ত্রী মাতিয়া বানু শুকুর শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়েছেন। তিনি ক্যানসারে আক্রান্ত। তাঁরা দীর্ঘদিন ধরে তাঁর চিকিৎসা করছেন।’

ভাষাসৈনিক আবদুল মতিনের জ্যেষ্ঠ কন্যা মাতিয়া বানু শুকু দুই দশকেরও বেশি সময় ধরে ছোট পর্দা ও চলচ্চিত্রের সাথে যুক্ত রয়েছেন। নাট্যকার ও পরিচালক হিসেবে তাঁর নির্মিত কাজগুলোতে মধ্যবিত্ত জীবন এবং সামাজিক বাস্তবতার নানা দিক ফুটে উঠেছে। তিনি ‘গোল্লাছুট’, ‘যেখানে সীমান্ত তোমার’ ও ‘প্রজ্ঞা পারমিতা’র মতো জনপ্রিয় টেলিফিল্ম ও ধারাবাহিক নাটক রচনা ও পরিচালনা করেছেন। এছাড়া ২০২১ সালে ‘লাল মোরগের ঝুঁটি’ চলচ্চিত্রের জন্য প্রযোজক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন মাতিয়া বানু শুকু।