ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ে ভর্তির আবেদনের সময়সীমা আরও বাড়ানো হচ্ছে। আগামী ২৫ নভেম্বর ২০২৬ তারিখে আবেদনের নির্ধারিত সময় শেষ হওয়ার কথা থাকলেও তা আরও দুই দিন বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

আজ সোমবার (২৩ নভেম্বর ২০২৬) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাঁর ভেরিফায়েড পেজে দেওয়া একটি পোস্টে মন্ত্রী এই তথ্য জানান। তিনি সেখানে লিখেছেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের সময়সীমা ২ দিন বৃদ্ধি করা হবে।

উল্লেখ্য যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির প্রক্রিয়া গত ১১ নভেম্বর থেকে শুরু হয়েছে। নিয়ম অনুযায়ী, আগামী ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে আবেদনের সময় শেষ হওয়ার কথা ছিল। তবে শিক্ষামন্ত্রীর এই ঘোষণার ফলে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আরও দুই দিন সময় পাবেন, যার ফলে আবেদনের শেষ তারিখ ২৭ নভেম্বর পর্যন্ত বর্ধিত হতে পারে।

যদিও এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। এছাড়া বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি সংক্রান্ত অফিসিয়াল ওয়েবসাইটেও আবেদনের সময় বাড়ানোর বিষয়ে কোনো ঘোষণা দেওয়া হয়নি।

ভর্তি পরীক্ষার সময়সূচি অনুযায়ী, ৫ ডিসেম্বর আইবিএ ইউনিটের পরীক্ষা, ১২ ডিসেম্বর বিজ্ঞান ইউনিটের পরীক্ষা, ১৯ ডিসেম্বর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের পরীক্ষা, ২২ ডিসেম্বর চারুকলা ইউনিটের পরীক্ষা এবং ২৬ ডিসেম্বর ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।