ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষা পূর্বনির্ধারিত সময়সূচী অনুযায়ীই অনুষ্ঠিত হবে। তবে ভর্তির ক্ষেত্রে আবেদনের ন্যূনতম যোগ্যতা অপরিবর্তিত থাকলেও বিভিন্ন অনুষদ ও ইনস্টিটিউটের নির্দিষ্ট কিছু বিভাগে ভর্তির যোগ্যতার শর্ত শিথিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই শিথিলকরণের ফলে বেশ কয়েকটি বিভাগের ভর্তি পরীক্ষায় নির্দিষ্ট বিষয়ে প্রয়োজনীয় নম্বর এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত ন্যূনতম গ্রেডের প্রয়োজনীয়তা কমানো হয়েছে।

আজ সোমবার (৯ নভেম্বর ২০২৬) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে সাধারণ ভর্তি কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায়ই এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম।

সভায় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য (শিক্ষা) অধ্যাপক আবদুস সালাম, সহউপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদ্দী আলফেছানী এবং সংশ্লিষ্ট অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা।

কর্তৃপক্ষ জানিয়েছে, গত ৩১ অক্টোবর ২০২৬ তারিখে প্রকাশিত উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষার ফলাফলে উত্তীর্ণ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ন্যূনতম যোগ্যতা অর্জনকারী শিক্ষার্থীরাই ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আবেদনের সুযোগ পাবেন। এছাড়া যারা ফল পুন:নিরীক্ষণের জন্য আবেদন করেছেন, তারাও আবেদন করতে পারবেন। তাদের চূড়ান্ত ফলাফল আগামী ২৩ নভেম্বর ২০২৬ তারিখে প্রকাশিত হওয়ার কথা রয়েছে।

আজকের সাধারণ ভর্তি কমিটির জরুরি সভায় সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে ভর্তির আবেদনের সর্বশেষ তারিখ ২৫ নভেম্বর ২০২৬ বহাল থাকবে।

ভর্তি আবেদন ও পরীক্ষার বিস্তারিত সময়সূচি:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির অনলাইন আবেদন প্রক্রিয়া আগামী ১১ নভেম্বর ২০২৬ দুপুর ১২টায় শুরু হবে এবং চলবে ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এবার মোট পাঁচটি ইউনিটের অধীনে ভর্তি পরীক্ষা পরিচালিত হবে। ইউনিটভিত্তিক পরীক্ষার তারিখগুলো নিম্নরূপ:

আইবিএ ইউনিট: ৫ ডিসেম্বর ২০২৬
বিজ্ঞান ইউনিট: ১২ ডিসেম্বর ২০২৬
কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট: ১৯ ডিসেম্বর ২০২৬
চারুকলা ইউনিট: ২২ ডিসেম্বর ২০২৬
ব্যবসায় শিক্ষা ইউনিট: ২৬ ডিসেম্বর ২০২৬।