ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে গত ১১ নভেম্বর থেকে। আগ্রহী শিক্ষার্থীদের জন্য অনলাইনে আবেদনের এই সুযোগ চলবে আগামী ২৫ নভেম্বর রাত পর্যন্ত। এই শিক্ষাবর্ষে মোট পাঁচটি ইউনিটে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। ইউনিটগুলো হলো— ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’, ‘বিজ্ঞান ইউনিট’, ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’, ‘চারুকলা ইউনিট’ ও ‘আইবিএ ইউনিট’।
ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছয়টি বিশেষ নির্দেশনা জারি করেছে। পাশাপাশি এইচএসসি পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফলাফলের অপেক্ষায় থাকা শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় পরামর্শসহ আরও দুটি গুরুত্বপূর্ণ নির্দেশনা আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
কর্তৃপক্ষের দেওয়া ছয়টি বিশেষ নির্দেশনা নিম্নরূপ:
১. “অনাকাঙ্ক্ষিত বিভ্রান্তি এড়াতে শিক্ষার্থীদের নিজে ভর্তি পরীক্ষার আবেদন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। কোনো কারণে নিজে আবেদন করা সম্ভব না হলে, অন্য কেউ আবেদন করার সময় শিক্ষার্থীকে পাশে থেকে আবেদনপ্রক্রিয়াটি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। অতীতে বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে আবেদন করার ক্ষেত্রে প্রতিষ্ঠানের ভুলের কারণে অনেক শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি।”
২. “আবেদন করার সময়ের সঙ্গে পরীক্ষার আসন বিন্যাসের কোনো সম্পর্ক নেই। আবেদন গ্রহণের শুরুর তারিখে আবেদন করা এবং শেষ তারিখে আবেদন করা দুজন শিক্ষার্থীর আসন একই কেন্দ্রের একই কক্ষে হতে পারে।”
৩. “শিক্ষার্থীরা প্রতিটি পৃথক ইউনিটে আবেদন করার সময় সংশ্লিষ্ট ইউনিটের জন্য আলাদাভাবে পরীক্ষার আঞ্চলিক কেন্দ্র নির্বাচন করতে পারবে। তবে চারুকলা ও আইবিএ ইউনিটের ভর্তি পরীক্ষার কেন্দ্র শুধু ঢাকা শহরে থাকবে।”
৪. “আবেদনকারী শিক্ষার্থী ব্যাংকে অথবা অনলাইনে আবেদন ফি জমা দেওয়ার পর তার ড্যাশবোর্ডের সংশ্লিষ্ট ইউনিটে ক্লিক করে Pay Slip অথবা ফি প্রাপ্তি রসিদ ডাউনলোড করলে আবেদন সম্পন্ন হয়েছে বলে গণ্য হবে।”
৫. “কোনো বিভাগীয় শহরে পরীক্ষার আসন সংখ্যার কোনো সীমাবদ্ধতা নেই। কোনো একটি বিভাগীয় শহরকে পরীক্ষার কেন্দ্র হিসেবে নির্বাচনকারী সব শিক্ষার্থীর পরীক্ষা ওই বিভাগীয় শহরেই গ্রহণ করা হবে (চারুকলা ও আইবিএ ইউনিট ব্যতীত)।”
৬. “ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি–সংক্রান্ত কোনো তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে (যেমন: Facebook, Twitter, WhatsApp বা LinkedIn) প্রচার করে না। ভর্তি–সংক্রান্ত সব তথ্য শুধু ওয়েবসাইটে প্রকাশ করা হয়। তাই সঠিক তথ্যের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমের পরিবর্তে উপরোক্ত ওয়েবসাইটে প্রকাশিত তথ্য ও নির্দেশাবলি অনুসরণ করার জন্য শিক্ষার্থীদের পরামর্শ দেওয়া যাচ্ছে।”
এছাড়া পুনর্নিরীক্ষণ ও পেমেন্ট সংক্রান্ত দুটি বিশেষ পরামর্শ দেওয়া হয়েছে। প্রথমত, এইচএসসির পুনর্নিরীক্ষণের ফলের অপেক্ষায় থাকা শিক্ষার্থীদের বিষয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, “ফলাফল পুনর্নিরীক্ষণের জন্য অপেক্ষা না করে, যাদের আবেদনের ন্যূনতম যোগ্যতা আছে, তাদের অনলাইনে আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হচ্ছে। পরবর্তী সময়ে পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশিত হলে, সে অনুযায়ী প্রয়োজনীয় সমন্বয় করা হবে।”
দ্বিতীয়ত, পেমেন্ট আপডেট সংক্রান্ত বিষয়ে বলা হয়েছে, “যেসব শিক্ষার্থী কোনো ইউনিটে অনলাইনে পেমেন্ট সম্পন্ন করেছেন, কিন্তু পেমেন্টের তথ্য এখনো সিস্টেমে আপডেট হয়নি, তাঁদের পুনরায় পেমেন্ট না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। এ ক্ষেত্রে লগইন করার পর পেমেন্ট পুনরুদ্ধার মেনুতে গিয়ে SSLCommerz থেকে প্রাপ্ত Transaction ID প্রবেশ করিয়ে পেমেন্টের তথ্য আপডেট করার পরামর্শ দেওয়া হচ্ছে।”