হাইকোর্টের দেওয়া আদেশের পরিপ্রেক্ষিতে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। এই আদেশের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আজ বুধবার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে রুলসহ এই স্থগিতাদেশ প্রদান করেন। আদালতের এই আদেশে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম স্থগিত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
এই পরিস্থিতির প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানতে চাওয়া হলে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী মুক্তকণ্ঠকে বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তিপ্রক্রিয়া অনুসরণ করে অন্যান্য বিশ্ববিদ্যালয় তাদের ভর্তি কার্যক্রমের সময়সূচি নির্ধারণ করেছে। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা প্রতিটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। ফলে শেষ মুহূর্তে পরীক্ষা পেছানো হলে আগামী মার্চের আগে পরীক্ষা নেওয়া সম্ভব হবে না। এতে মেধাবী শিক্ষার্থীদের সেশনজটে পড়ার আশঙ্কা রয়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টা ইতিমধ্যে কাজ শুরু করেছেন।”
সহ-উপাচার্য আরও জানান, “তাঁরা আশা করছেন, মেধাবী শিক্ষার্থীদের স্বার্থ ও সেশনজটের আশঙ্কার বিষয়টি বিবেচনায় নিয়ে উচ্চ আদালত আদেশটি পুনর্বিবেচনা করবেন।”
উল্লেখ্য যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে গত ১১ নভেম্বর থেকে। আবেদনের শেষ তারিখ নির্ধারিত ছিল ২৫ নভেম্বর। পূর্ব পরিকল্পনা অনুযায়ী আগামী ৫ ডিসেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল।
এদিকে হাইকোর্টের আজকের আদেশের প্রভাব পড়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়েও (বুয়েট)। বুয়েট কর্তৃপক্ষ তাদের ভর্তি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নিয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, আগামী বছরের ১ ফেব্রুয়ারি বুয়েটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর আগে পূর্ব ঘোষণা অনুযায়ী ১৬ জানুয়ারি এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।