কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মী এবং ফেরারি আসামিরা যাতে যশোরের বেনাপোল সীমান্ত ব্যবহার করে অবৈধভাবে দেশে প্রবেশ করতে না পারেন, সেই লক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গতকাল রোববার দুপুরে ভারতের পেট্রাপোল সীমান্তে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতার উপস্থিতির গুঞ্জন ছড়িয়ে পড়ার পর থেকেই ওই এলাকায় নজরদারি আরও বাড়ানো হয়েছে।
বিজিবি এবং স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, রাতের অন্ধকারে সীমান্ত এলাকায় সার্চলাইটের মাধ্যমে নিবিড় নজরদারি চালানো হচ্ছে। এছাড়া চেকপোস্ট এলাকায় অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। সীমান্তের যেসব অংশে কাঁটাতারের বেড়া নেই, সেসব এলাকায় টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। গতকাল সন্ধ্যায় বিজিবির একটি বিশেষ টহল দল বেনাপোল সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করেছে। সীমান্তের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নজরদারি বাড়ানোর পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ রোধে প্রয়োজনীয় সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এই বিষয়ে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল আলম খান মুক্তকণ্ঠকে বলেন, ‘আমরাও শুনেছি, কোনো নিষিদ্ধ রাজনৈতিক দলের ফেরারি আসামিরা ভারতের পেট্রাপোলে ঘোরাফেরা করছে। ফেরারি আসামিদের সীমান্তে রুখে দিতে আমাদের আগে থেকেই নজরদারি ও নিরাপত্তা জোরদার ছিল। রোববার দুপুরের পর থেকে সেটা আরও বাড়ানো হয়েছে।’
সীমান্তের অপরাধ নিয়ন্ত্রণে স্থানীয় বাসিন্দা এবং সচেতন মহলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন এই কর্মকর্তা। সীমান্তে কোনো ধরনের অনিয়ম, অবৈধ অনুপ্রবেশ কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডের খবর পেলে সঠিক তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
এর আগে গতকাল বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন করেন বিজিবির মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। সেই সময় তিনি সাংবাদিকদের বলেন, “ডিসেম্বর মাসে বিতর্কিত কেউ যাতে দেশে প্রবেশ করতে না পারে, সে জন্য সীমান্তের নিরাপত্তা জোরদার করা হয়েছে।”