শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় তিন শিশুসহ ছয় জন ভারতীয় নাগরিককে আটক করেছে ৩৯ বিজিবি।
গত শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে উপজেলার পানিহাতা মিশনের পূর্বদিকে ফেকামারী এলাকা থেকে তাদের আটক করা হয়। পরবর্তীতে ওইদিন রাতেই আটককৃতদের নালিতাবাড়ী থানায় হস্তান্তর করে বিজিবি।
আটককৃত ভারতীয় নাগরিকদের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন— ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলার ডানকুনি থানার মনুহারপুর মল্লিকপাড়া এলাকার মঞ্জু মুক্তির ছেলে আবিদ মুক্তি (২৬), একই এলাকার আনারুলের মেয়ে আনোয়ারা (২০), আবিদ মুক্তির ছেলে আকিব (শিশু), শেখ রাজার মেয়ে নুরজাহান খাতুন, মেহেদী হাসান শেখের ছেলে সাকিব হাসান শেখ (২) ও রাকিব হাসান (৮)।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার, মাদক ও চোরাচালান রোধে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় রামচন্দ্রকুড়া বিওপির একটি টহল দল পানিহাতা মিশনমোড় এলাকায় অভিযান চালায়। সেই সময় বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় এই ছয় ভারতীয় নাগরিককে আটক করা হয়।
বিজিবি আরও জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় আটক ব্যক্তিরা স্বীকার করেছেন যে, তারা ২০২৪ সালে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেছিলেন। এরপর থেকে তারা দেশের বিভিন্ন এলাকায় অবস্থান করছিলেন।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন বলেন, “বিজিবি তিন শিশুসহ ছয়জনকে থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হবে।”
৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়েজীদ জানান, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষা এবং অবৈধ কার্যক্রম প্রতিরোধে ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে বিজিবি। সীমান্তে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে তাদের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।