চট্টগ্রাম নগরের মোহড়া এলাকায় মদ পানের পর গুরুতর অসুস্থ হয়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ওই ব্যক্তিরা ‘বিষাক্ত মদ’ পান করেছিলেন। গতকাল রোববার নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়।

মৃতদের মধ্যে একজনের বয়স ৫৫ বছর, তিনি মোহড়ার খেজুরতলা এলাকার বাসিন্দা। অন্য মৃত ব্যক্তির বয়স ৫২ বছর এবং তাঁর বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায়। গতকালই তাঁদের দুজনের মরদেহ সৎকার করা হয়েছে বলে জানা গেছে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত শুক্রবার রাতে মোহড়ার খেজুরতলার ব্রাহ্মণপাড়া এলাকায় একটি অনুষ্ঠানে পাঁচ থেকে ছয়জন ব্যক্তি মদ পান করেন। এর কিছু সময় পর তাঁদের মধ্যে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়, তবে গতকাল চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়।

এই বিষয়ে জানতে চাওয়া হলে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন মুক্তকণ্ঠকে বলেন, “মদ পানের পর বিষক্রিয়ায় দুজনের মৃত্যু হয়েছে। বিষাক্ত মদ পানে মৃত্যুর বিষয়টি পুলিশকে তাৎক্ষণিকভাবে অবহিত করা হয়নি। সৎকারের পর ঘটনা জানতে পারে পুলিশ।”