তৃতীয় সন্তানের জন্মের পর আনন্দের পরিবেশ ছিল পরিবারটিতে। ধুমধাম করে আয়োজন করা হয়েছিল আকিকার। সেই অনুষ্ঠানে আসা অতিথিদের আপ্যায়নে ব্যস্ত সময় পার করছিলেন মেহেরুন নেসা (২৫)। কিন্তু সেই আনন্দের রেশ কাটতে না কাটতেই নেমে আসে শোকের কালো মেঘ। আকিকার পরদিনই হঠাৎ জ্বর আসে তাঁর। এরপর দ্রুত শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। শেষ পর্যন্ত সন্তান জন্মের মাত্র ১৩ দিন পর প্রাণ হারান মেহেরুন নেসা।

মেহেরুন চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের মাস্টারহাট এলাকার মেম্বার বাড়ির মনিরুল ইসলামের স্ত্রী। গত শুক্রবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। মনিরুল ও মেহেরুন দম্পতির তিন সন্তানই মেয়ে। বড় দুই মেয়ের একজনের বয়স সাত বছর এবং অন্যজনের বয়স চার বছরের বেশি।

মায়ের আকস্মিক প্রয়াণে শোকে স্তব্ধ হয়ে আছে বড় দুই মেয়ে। তাদের দিন কাটছে কেবল কান্নাকাটির মধ্য দিয়ে। বড় মেয়ে মিফতাহুল জান্নাত চুপচাপ চোখের পানি ফেললেও দ্বিতীয় মেয়ে মাইমুনা জান্নাত প্রায়ই আহাজারি করছে। সে বারবার তার বাবাকে প্রশ্ন করছে, ‘মাকে ছাড়াই কি আমাকে থাকতে হবে।’

সন্তানের এই কঠিন প্রশ্নের কোনো উত্তর দিতে পারছেন না বাবা মনিরুল ইসলাম। স্ত্রীর এমন অকাল মৃত্যুতে তিনি নিজেও মানসিকভাবে ভেঙে পড়েছেন। মেহেরুনের কথা উঠলেই তিনি নীরবে চোখের পানি মুছছেন।

গত সোমবার বিকেল সাড়ে চারটার দিকে মনিরুলের বাড়িতে গেলে দেখা যায়, তিনি ঘরের ভেতরে একা বসে আছেন। তাঁর দুই মেয়ে মিফতাহুল ও মাইমুনা উঠানে অবস্থান করছে। বাড়িতে আসা-যাওয়া করা আত্মীয়স্বজনরা দুই মেয়ের মাথায় হাত বুলিয়ে তাদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন।

মনিরুল ইসলাম জানান, তাঁর ছোট মেয়ে নুসাইবা জান্নাতের জন্ম হয়েছিল ২৫ অক্টোবর। জন্ম পরবর্তী ছয় দিন পর মেয়ের আকিকার আয়োজন করা হয়। কিন্তু পরদিনই মেহেরুন নেসার জ্বর আসে। শুরুতে ফার্মেসি থেকে ওষুধ কিনে সেবন করলেও জ্বর কমছিল না। জ্বরের তাপমাত্রা ১০৫ ডিগ্রি ফারেনহাইটে পৌঁছে গেলে চিকিৎসক ডেঙ্গু পরীক্ষার পরামর্শ দেন।

পরীক্ষায় মেহেরুন নেসার ডেঙ্গু আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়। দ্রুত তাঁকে নগরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয় এবং চিকিৎসকেরা তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করেন। পরবর্তীতে শারীরিক অবস্থার আরও অবনতি হলে বৃহস্পতিবার বিকেলে তাঁকে অন্য একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে রাতেই মেহেরুন নেসাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। তবে শেষ চেষ্টা সত্ত্বেও শুক্রবার চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

২০১৯ সালে মেহেরুন নেসার সঙ্গে তাঁর বিয়ে হয় বলে জানান মনিরুল। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘আমার স্ত্রীর এমন মৃত্যু মেনে নিতে খুব কষ্ট হচ্ছে। আমার নুসাইবা তো মায়ের আদর কী, সেটিই বুঝল না। তিন শিশুকে নিয়ে আমি কীভাবে থাকব? আমার ছোট শিশুসন্তানটিকে কে দেখবে?’

মনিরুল ইসলাম আরও জানান, সাত বছর বয়সী মেয়েটি মা মারা যাওয়ার পর থেকে অনেকটা চুপচাপ হয়ে গেছে। আর চার বছর বয়সী মেয়েটি সব সময় মাকে খুঁজছে। মনিরুলের ঘরেই উপস্থিত ছিলেন মেহেরুন নেসার বাবা আবু তাহের। তিনি অত্যন্ত শোকাহত কণ্ঠে বলেন, ‘মনকে কোনোমতে সান্ত্বনা দিতে পারছি না। তিন নাতনির জন্য বুক ফেটে যাচ্ছে।’