‘জানি না, মেয়েকে শ্মশানে রেখে কীভাবে কাজে যাব। কারণ, ঘর থেকে বের হওয়ার সময় বাবা বলে জড়িয়ে ধরত সে।’
গুমরে গুমরে কাঁদছেন সুমন দত্ত (৪২)। গত শনিবার সকালে ডেঙ্গুর কবলে পড়ে তাঁর আদরের মেয়ে জয়শ্রী দত্তের মৃত্যু হয়েছে। মৃত জয়শ্রী চট্টগ্রাম নগরের হালিশহর এলাকার শাহীন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
সুমন দত্ত হালিশহরের কে ব্লক এলাকায় ‘আমানত টেইলার্স’ নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করেন। সেখানেই তিনি তাঁর মা, ভাই এবং নিজের পরিবার নিয়ে বসবাস করছেন। জয়শ্রী ছিলেন তাঁর মেজ সন্তান। বড় ছেলে দুর্জয় দত্ত আনোয়ারা কলেজে স্নাতক পর্যায়ে পড়াশোনা করছেন। এছাড়া সাত বছর বয়সী যমজ মেয়ে দিয়া ও রিয়া কিন্ডারগার্টেনের শিক্ষার্থী।
সুমন দত্ত বর্তমানে নগরে অবস্থান করলেও তাঁর পৈতৃক নিবাস আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের কেঁয়াগড় গ্রামের পশ্চিম পাড়ায়। গতকাল রোববার বেলা ১১টার দিকে দেখা যায়, মূল সড়ক থেকে মাত্র ৫০ গজ দূরেই সুমন দত্তের বাড়ি। বাড়ির বারান্দায় বসে অঝোরে কাঁদছিলেন সুমনের মা প্রতিমা দত্ত (৬৫) এবং স্ত্রী মিতা দত্ত (৩৬)।
সেই শোকাতুর পরিবেশে সুমনের মুঠোফোনে একের পর এক কল আসতে দেখা যায়। এক পর্যায়ে তিনি ফোনে কাউকে বলছিলেন, ‘ভাই, তোদের বলতে পারিনি, আমার বর্ষা (জয়শ্রী দত্ত) মারা গেল। রহমানকে বলিস।’
পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা গেছে, চলতি বছরের ২৬ অক্টোবর কাপ্তাইয়ে স্বজন নন্দিতা দত্তের বিয়েতে অংশ নিয়েছিল সুমন দত্তের পরিবার। সেখানে কাপ্তাই হ্রদে নৌকায় সবার সাথে হাসাহাসি ও খুনসুটিতে মেতে ছিল জয়শ্রী। তবে বিয়ের অনুষ্ঠান শেষ করে ২৮ অক্টোবর চট্টগ্রাম নগরে ফেরার পর তার হালকা জ্বর আসে। ওই দিনই তাকে নগরের বড়পুল এলাকার মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষার পর তার ডেঙ্গু শনাক্ত হয়।
ডেঙ্গু শনাক্ত হওয়ার পর থেকে জয়শ্রীর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। গত বৃহস্পতিবার তাকে নগরের মা ও শিশু হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তাঁর মৃত্যু হয়। শনিবার সন্ধ্যায় কেঁয়াগড় গ্রামে তাঁর সৎকার সম্পন্ন করা হয়।
স্মৃতিচারণ করে সুমন দত্ত বলেন, ‘হাসতে হাসতে রাঙামাটির কাপ্তাইয়ের বিয়েতে গেল। বিয়েতে আমার মেয়েটা কত আনন্দ করল, এভাবে চলে যাবে কখনো ভাবিনি।’
বাড়িতে গিয়ে কথা হয় জয়শ্রীর দাদি প্রতিমা দত্তের সঙ্গে। নাতনির কথা উঠতেই তিনি ছবি দেখিয়ে হাউমাউ করে কেঁদে ওঠেন। কাঁদতে কাঁদতে তিনি বলেন, ‘এমন লক্ষ্মী মেয়ে আসলে দুনিয়ায় থাকে না।’
গতকাল ছিল শ্যামাপূজা। প্রতিবছরের মতো এবারও কেঁয়াগড় গ্রামে পূজার আয়োজন করা হয়েছে। জয়শ্রীদের বাড়ির পাশেই মন্দিরে মাইকে বাজছিল শ্যামাপূজার গান। কিন্তু উৎসবের সেই আমেজ কোথাও লক্ষ্য করা যায়নি। জয়শ্রীর অকাল মৃত্যুর শোক যেন পুরো এলাকায় ছেয়ে গেছে। পাড়ার শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষের আলোচনায় এখন কেবল জয়শ্রীর স্মৃতি।
জয়শ্রীর প্রতিবেশী ও চাচাতো ভাই বাবলা দত্ত বলেন, ‘গ্রামের মাইকে শ্যামাগীতি বাজছে, কিন্তু গ্রামবাসীর মনে আনন্দ নেই। জয়শ্রীর মৃত্যু সবাইকে কাঁদিয়ে গেছে।’