সারা দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এই মরণব্যাধিতে আক্রান্ত হয়ে আরও ছয়জন প্রাণ হারিয়েছেন। একই সময়ের মধ্যে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৮৬ জন রোগী।

বুধবার (২৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে প্রকাশিত ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্যগুলো জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি মাস থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৪১৫ জনের মৃত্যু হয়েছে।

চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ১ লাখ ৩২ হাজার ১০৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় মৃত্যুর খতিয়ানে দেখা গেছে, ঢাকা ও চট্টগ্রাম বিভাগে দুজন করে এবং খুলনা ও রংপুর বিভাগে একজন করে মোট ছয়জন মারা গেছেন।