ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়ছে। গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে, যা এ বছরের একদিনের সর্বোচ্চ। একই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৭১ জন, যা আগের যেকোনো দিনের চেয়ে বেশি। এর আগে রোববার সর্বোচ্চ ১ হাজার ৫৫৮ জন ভর্তি হয়েছিলেন।
স্বাস্থ্য অধিদপ্তরের মঙ্গলবারের বুলেটিনে এই তথ্য প্রকাশ করা হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট প্রাণহানি ১৩০ জনে দাঁড়িয়েছে এবং মোট ভর্তি রোগীর সংখ্যা ৪৫ হাজার ৪৭৫ জন।
নতুন ভর্তিদের মধ্যে ঢাকা উত্তর সিটিতে ১৯৬ জন, দক্ষিণ সিটিতে ১৩৪ জন এবং ঢাকা বিভাগের অন্যান্য এলাকায় ৪০৮ জন। অন্যান্য বিভাগে খুলনায় ২৪২, বরিশালে ১৪২, চট্টগ্রামে ১১৭, ময়মনসিংহে ৭৭, রংপুরে ৭১, রাজশাহীতে ১১৬ এবং সিলেটে ৮ জন ভর্তি হয়েছেন। বিভাগভিত্তিক মোট রোগীর মধ্যে খুলনা বিভাগে সবচেয়ে বেশি ৭ হাজার ২৯৮ জন।
গত বছর ডেঙ্গুতে ৪০০-এর বেশি মানুষের মৃত্যু হয়েছিল এবং শনাক্ত রোগী ছিল প্রায় ১ লাখ ২ হাজার। দেশে ২০০০ সালে ডেঙ্গুর বড় প্রাদুর্ভাব হয়েছিল। এরপর প্রতিবছর রোগী পাওয়া গেলেও ২০১৯ সালে প্রকোপ বাড়ে। ২০২৩ সালে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হন এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, যা আগের ২৩ বছরের যেকোনো সময়ের চেয়ে বেশি।