সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বর আক্রান্ত হয়ে আরও দুই জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় চলতি বছর এই মশাবাহিত রোগে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়াল ১৪১ জনে। একই সময়ে নতুন করে ৭৯০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু-বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত একদিনে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় একজন এবং চট্টগ্রাম বিভাগে আরও একজন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন।

ভর্তির হার বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ২৪৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এরপরই রয়েছে চট্টগ্রাম বিভাগ, যেখানে ১৯৬ জন রোগী ভর্তি হয়েছেন। এ ছাড়া ময়মনসিংহ বিভাগে ৭৩ জন, ডিএনসিসিতে ৬২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) ৬১ জন, খুলনা বিভাগে ৬০ জন, রংপুর বিভাগে ৩৮ জন, রাজশাহী বিভাগে ৩৩ জন এবং বরিশাল বিভাগে ১৮ জন রোগী ভর্তি হয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ শুক্রবার পর্যন্ত সারা দেশে ডেঙ্গুতে মোট ১৪১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগ ও দুই সিটি করপোরেশন মিলিয়ে ৭২ জনের মৃত্যু হয়েছে। বাকি বিভাগগুলোর পরিসংখ্যান অনুযায়ী, খুলনা বিভাগে ২৫ জন, ময়মনসিংহ বিভাগে ১৪ জন, বরিশাল বিভাগে ১২ জন, চট্টগ্রাম বিভাগে ১০ জন এবং রাজশাহী বিভাগে ৬ জন মারা গেছেন। অন্যদিকে, রংপুর ও সিলেট বিভাগে একজন করে মোট দুই জনের মৃত্যু হয়েছে।