গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের রোববার (২০ সেপ্টেম্বর) প্রকাশিত নিয়মিত হেলথ বুলেটিনে এই তথ্য জানানো হয়। চলতি বছর এ পর্যন্ত নিশ্চিত হামে ১০১ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৫৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও এর উপসর্গজনিত কারণে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫৭ জনে।
বুলেটিনে উল্লেখ করা হয়, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ২৩৬ জন রোগী ভর্তি হয়েছেন। বিভাগভিত্তিক হিসাবে, গত এক দিনে ঢাকা বিভাগে সর্বাধিক ৫১৩ জন, চট্টগ্রামে ২৮৪ জন, সিলেটে ১৪৫ জন, বরিশালে ১১৪ জন, খুলনায় ৭০ জন, ময়মনসিংহে ৫৪ জন, রাজশাহীতে ৩০ জন এবং রংপুরে ২৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই সময়ে হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে দুই জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৭৯ হাজার ৮১৪ জন রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১ লাখ ৫২ হাজার ২২৫ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।
অন্যদিকে, ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৫ হাজার ১৯৮ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৫৬২ জন।