দেশব্যাপী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৩২ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও নিয়ন্ত্রণকক্ষ থেকে প্রকাশিত ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারী দুজনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার বাসিন্দা।
ভর্তির পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, খুলনা বিভাগে সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সেখানে নতুন করে ২৫৮ জন ভর্তি হন। এরপর চট্টগ্রাম বিভাগে ১৯৪ জন, বরিশাল বিভাগে ১৭৭ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৭৫ জন ভর্তি হয়েছেন। ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ১৫৪ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশন এলাকার বাইরে ৮৫ জন, রাজশাহী বিভাগে ৮২ জন, ময়মনসিংহ বিভাগে ৫৪ জন, রংপুর বিভাগে ৪৭ জন এবং সিলেট বিভাগে ৬ জন রোগী ভর্তি হয়েছেন।
নতুন রোগীদের সংযোজনসহ চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ হাজার ৩৭৯ জনে। একই সময়ে ডেঙ্গুতে মোট ১৭৮ জনের মৃত্যু হয়েছে।