চট্টগ্রামের সীতাকুণ্ডে আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক নারীকে ধরতে গিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে মো. শহীদ নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এই ঘটনার পর পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে নিহতের পরিবার। তবে পুলিশ দাবি করেছে, এই মৃত্যুর সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই।
ঘটনাটি ঘটেছে বুধবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের চৌধুরীপাড়া এলাকায়। নিহত মো. শহীদ ওই এলাকারই একজন বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে প্রাপ্ত তথ্যানুযায়ী, শহীদের স্ত্রী সাবেরা খাতুনের বিরুদ্ধে আলেয়া বেগম নামে এক নারী মামলা দায়ের করেছিলেন। উক্ত মামলায় আদালত সাবেরা খাতুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। নিহতের পরিবারের দাবি, ঘটনার একদিন আগেই তিনি জামিনে মুক্তি পেয়েছিলেন। তবে জামিনের কপিটি সংশ্লিষ্ট থানায় জমা দেওয়া হয়নি বলে জানা গেছে।
মামলাটির তদন্তকারী কর্মকর্তা, উপপরিদর্শক (এসআই) সাব্বির আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে প্রথমে একটি অভিযান চালান। পরবর্তীতে বুধবার সকাল ১১টার দিকে তিনি পুনরায় চৌধুরীপাড়া এলাকায় যান। পুলিশ সদস্যরা সেখানে গিয়ে সাবেরা খাতুনকে খুঁজে না পেয়ে তার স্বামী শহীদকে রাস্তা থেকে ধরে বাড়িতে নিয়ে যান। পরিবারের অভিযোগ, সেখানে পুলিশের সঙ্গে শহীদের ধস্তাধস্তি ও ধাক্কাধাক্কির একপর্যায়ে তিনি হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন। এরপর পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
নিহতের ছোট ভাই অভিযোগ করে বলেন, পুলিশ তার ভাইকে আটক করলে তারা পুলিশকে জানান যে, শহীদ স্ট্রোকের রোগী। তাকে ছেড়ে দিলে তারা তার স্ত্রীকে দেখিয়ে দেবেন বলেও জানান। কিন্তু পুলিশ তাকে না ছাড়ায় একপর্যায়ে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এতে তার ভাই মাটিতে পড়ে যান। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ী পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।
নিহতের পুত্রবধূ সোনিয়া আক্তার ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমার শ্বশুরকে পুলিশ হত্যা করেছে। আমরা এ ঘটনার বিচার চাই। তিনি অসুস্থ ছিলেন, তা জানানোর পরও পুলিশ কেন এমন আচরণ করল, সেটাই আমাদের প্রশ্ন। আমরা কার কাছে বিচার চাইব?’
সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন আক্তার জানান, শহীদ নামের এক ব্যক্তিকে তার পরিবারের সদস্যরা হাসপাতালে নিয়ে আসেন। পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়।
এই পুরো বিষয়টি নিয়ে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, একটি মামলার তদন্তের দায়িত্বে থাকা এসআই সাব্বির ঘটনাস্থলে গিয়েছিলেন। পরে শহীদ নামে এক ব্যক্তির মৃত্যুর খবর জানতে পারেন। তবে এ মৃত্যুর সঙ্গে পুলিশের কোনো সম্পৃক্ততা নেই।
তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।