‘দুই বছর আগে তিন মাসের ছুটিতে দেশে এসে বিয়ে করেছে। এরপর আবার কাতারে চলে যায়। নয় মাস আগে তার প্রথম কন্যাসন্তানের জন্ম হয়। এর পর থেকেই দেশে আসার জন্য তার মন ছটফট করছিল। তাই তার মা তাকে দেশে আসতে বলে। মেয়েকে দেখতে দুই মাসের জন্য দেশে এসেছিল আমার ছেলেটা, এর মধ্যেই ডেঙ্গুতে মারা গেল।’
আজ রোববার সকালে মুঠোফোনে কথাগুলো বলছিলেন চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাংলা পাড়া গ্রামের নুর হোসেন সওদাগরের বাড়ির বাসিন্দা আহম্মদ নবী। ফোনের অপর প্রান্তে ছেলের আকস্মিক মৃত্যুর কথা বলতে গিয়ে তাঁর কণ্ঠস্বর ভারী হয়ে আসছিল, কথাগুলো যেন গলায় আটকে যাচ্ছিল তাঁর।
গত শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তাঁর প্রবাসী ছেলে নেজাম উদ্দিন ওরফে পারভেজ (৩৪)। তিনি কাতারের একটি প্রকল্পে প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। মৃত্যুর মাত্র ২৯ দিন আগে তিনি ছুটিতে দেশে ফিরেছিলেন।
পরিবার সূত্রে জানা গেছে, নেজাম সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে (পুরকৌশল) স্নাতক শেষ করার পর ২০১৮ সালে কর্মসংস্থানের উদ্দেশ্যে কাতারে পাড়ি জমান। দুই বছর আগে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তাঁর পরিবারে রয়েছেন স্ত্রী এবং নয় মাস বয়সী একটি কন্যা সন্তান।
স্বজনদের দেওয়া তথ্য অনুযায়ী, মৃত্যুর পাঁচ দিন আগে নেজামের শরীরে জ্বরের লক্ষণ দেখা দেয়। প্রথম দুই দিন তিনি স্থানীয় পল্লি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করেন। তবে এতে তাঁর শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। অসুস্থতা আরও বৃদ্ধি পাওয়ায় দুদিন পর তাঁকে নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাঁর শরীরে ডেঙ্গু শনাক্ত হয়। একপর্যায়ে শারীরিক অবস্থার চরম অবনতি হলে তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
ছেলের এমন অকাল প্রয়াণ মেনে নিতে পারছেন না শোকসন্তপ্ত বাবা আহম্মদ নবী। তিনি মুক্তকণ্ঠকে বলেন, ‘ছেলেকে জীবিত হাসপাতালে নিলাম, বাড়িতে এনেছি লাশ। আমার কলিজা ছিঁড়ে যাচ্ছে। পাঁচ দিনের জ্বরে ছেলেটা কীভাবে যে মারা গেল, মনকে কিছুতেই বোঝাতে পারছি না।’
আহম্মদ নবী আরও জানান, দুই ভাই ও এক বোনের মধ্যে সবার বড় ছিলেন নেজাম। তাঁর ছোট ভাই নাজেরও বর্তমানে কাতারে অবস্থান করছেন। তিনি আক্ষেপ করে বলেন, ‘ছেলের মৃত্যুতে তাঁর মা মানসিকভাবে ভেঙে পড়েছেন। কীভাবে ছেলেকে ছাড়া বেঁচে থাকবেন, তা বুঝতে পারছেন না। এর আগে আমার এক ছেলে ও এক মেয়ের মৃত্যু হয়েছে।’