নাশকতামূলক কর্মকাণ্ড, মাদক, অবৈধ অস্ত্র, ছিনতাই ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। আজ রোববার সকালে ডিএমপি সদর দপ্তরের ষষ্ঠ তলার সম্মেলনকক্ষে অক্টোবর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এই নির্দেশনা প্রদান করেন।
ডিএমপি কমিশনার বলেন, “থানা এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ড, অবৈধ অস্ত্র উদ্ধার, ছিনতাইকারী, মাদক কারবারি ও চাঁদাবাজদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করতে হবে। কোনো ধরনের অপরাধ যাতে সংঘটিত হতে না পারে, সে জন্য পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্কতা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।”
রাজধানীর আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে প্রতিটি পুলিশ সদস্যকে তাদের অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশ দেন তিনি। কমিশনার আশা প্রকাশ করেন যে, সবার সম্মিলিত প্রচেষ্টায় রাজধানীর নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপি আরও কার্যকর ভূমিকা পালন করবে এবং সামনে এগিয়ে যাবে।
সভায় ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধানে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ডিএমপির বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের কয়েকটি ক্যাটাগরিতে পুরস্কৃত করেন কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।
উক্ত পর্যালোচনা সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আবুল বাশার তালুকদার, মো. শফিকুল ইসলাম, মো. মাসুদ করিম, আবদুল কুদ্দুস চৌধুরী ও মোহাম্মদ ওসমান গণি উপস্থিত ছিলেন। এছাড়া সভায় যুগ্ম পুলিশ কমিশনার, উপপুলিশ কমিশনার, অতিরিক্ত উপপুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার এবং ডিএমপির আওতাধীন সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তারা অংশগ্রহণ করেন।