সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত একটি অডিও ভাইরাল হওয়ার ঘটনায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলামকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ডিএমপি কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেয়।
প্রত্যাহারের পর নিজের ফেসবুক প্রোফাইলে একটি পোস্ট করে ওসি রাকিবুল ইসলাম দাবি করেন, ভাইরাল হওয়া অডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের মাধ্যমে তৈরি করা হয়েছে। তিনি লেখেন, "অ্যাডভান্স এআই ছাড়া এটা আর কিছু না। এ যুগে এআই দিয়েও ফাঁসানো যায় মানুষকে এই অডিও না শুনলে বুঝাই যাবে না। গণমাধ্যমের প্রতি অনুরোধ যাছাই-বাছাই না করে প্রচারের নামে অপ্রচার করলে একটা মানুষের মানসম্মান ধ্বংস হতে পারে এটাও তাদের জানা দরকার অথচ আমার নামে যে অপ্রচার করা হচ্ছে সেটা আমি কখনো বলিও নাই। আল্লাহ সবার উত্তম মঙ্গল করুন।"
সম্প্রতি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম এবং সংবাদমাধ্যমে এই অডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে নানা মহলে তীব্র আলোচনা ও সমালোচনার মধ্যে ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ ওসি রাকিবুল ইসলামকে প্রত্যাহারের সিদ্ধান্তের কথা জানান।