ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কর্মকর্তা-কর্মচারীদের মেধাবী সন্তানদের জন্য ‘ডিএমপি শিক্ষাবৃত্তি-২০২৫’ কার্যক্রম সম্পন্ন হয়েছে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে ২৪৯ জন এবং উচ্চশিক্ষা সহায়ক বৃত্তির আওতায় ১৮৮ জনসহ মোট ৪৩৭ কৃতী শিক্ষার্থী এই বৃত্তি লাভ করেছেন।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে এক সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন। অনুষ্ঠানে ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা, তাদের পরিবারের সদস্যরা এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেন, ‘শিক্ষাবৃত্তি শুধু আর্থিক সহায়তা নয়; এটি শিক্ষার্থীদের মেধা, পরিশ্রম, অধ্যবসায়, স্বপ্ন ও ভবিষ্যৎ সম্ভাবনার স্বীকৃতি। ডিএমপির কৃতী সন্তানদের সাফল্য তাদের পরিবারের পাশাপাশি ঢাকা মেট্রোপলিটন পুলিশের জন্যও গর্ব ও আনন্দের।’
তিনি পুলিশ সদস্যদের ত্যাগ ও দায়িত্বশীলতার কথা উল্লেখ করে বলেন, ‘পুলিশ সদস্যরা মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে দিন-রাত দায়িত্ব পালন করেন। রোদ-বৃষ্টি, গভীর রাত কিংবা বিভিন্ন উৎসব-পার্বণেও তাদের দায়িত্ব পালন করতে হয়। এ কারণে অনেক সময় পরিবারের গুরুত্বপূর্ণ মুহূর্তেও তাদের কর্মস্থলে থাকতে হয়। পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের পেছনে পরিবারের অবদানও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্তানদের সাফল্য তাদের সেই ত্যাগের অন্যতম বড় প্রেরণা।’
কৃতী শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, ‘শিক্ষাবৃত্তির মাধ্যমে ডিএমপি তাদের মেধা ও পরিশ্রমকে মূল্যায়ন করছে। এ স্বীকৃতিকে ভবিষ্যতের আরও বড় অর্জনের অনুপ্রেরণা হিসেবে গ্রহণ করতে হবে। নিজেদের এমনভাবে গড়ে তুলতে হবে, যেন একদিন তারা অন্যদের জন্য অনুপ্রেরণার উৎস হতে পারে।’
ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘আজকের কৃতী শিক্ষার্থীদের মধ্য থেকেই আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব তৈরি হবে। তাদের কেউ দেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দেবে, কেউ নতুন জ্ঞান সৃষ্টি করবে, কেউ মানুষের সেবায় নিয়োজিত হবে, কেউ দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’