ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিরস্ত্র পুলিশ পরিদর্শক পদমর্যাদার আট জন কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত একটি অফিস আদেশের মাধ্যমে এই নির্দেশনা জারি করা হয়।
নতুন এই আদেশের ফলে মিরপুর বিভাগের দুটি গুরুত্বপূর্ণ থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) নিয়োগ দেওয়া হয়েছে। সেই অনুযায়ী, ধানমন্ডি মডেল থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জালাল উদ্দিনকে পল্লবী থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি, যাত্রাবাড়ী থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) এবি সিদ্দিককে রূপনগর থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
একই আদেশে সংশ্লিষ্ট থানাগুলোর বর্তমান ওসিসহ আরও বেশ কয়েকজন কর্মকর্তাকে ডিএমপির বিভিন্ন বিশেষায়িত ও তদন্ত বিভাগে বদলি করা হয়েছে। পল্লবী থানার বর্তমান ওসি মো. হাসান বাসিরকে কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগে এবং রূপনগর থানার বর্তমান ওসি মো. নোমান হোসেনকে সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগে বদলি করা হয়েছে।
এছাড়া, শাহআলী থানার পরিদর্শক (তদন্ত) মীর রেজাউল ইসলামকে রামপুরা থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে, রামপুরা থানার পরিদর্শক (তদন্ত) বাহাদুল খানকে গোয়েন্দা-তেজগাঁও বিভাগে বদলি করা হয়েছে।
একই আদেশে গোয়েন্দা-ওয়ারী বিভাগের পরিদর্শক মীর মো. সাজ্জাদ হোসেনকে শাহআলী থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে এবং যাত্রাবাড়ী থানার পরিদর্শক (অপারেশন) এ. কে. এম মঈন উদ্দীনকে একই থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে পদায়ন করা হয়েছে।