সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া একটি অডিও ক্লিপের তদন্তে নামেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এই ঘটনায় প্রত্যাহার করা ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম। তিনি জানান, এ ব্যাপারে ডিএমপি তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে। উক্ত কমিটিতে ডিবির একজন এবং ডিএমপি সদরদপ্তরের দুজন কর্মকর্তা আছেন। কমিটির পক্ষ থেকেই সাবেক ওসি রাকিবুল হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে।

ভাইরাল হওয়া অডিও ক্লিপে রাকিবুল হাসানের নামে প্রকাশিত কথোপকথনে এক ব্যক্তি দাবি করেন, "রাস্তায় থাকা পুলিশ খুবই দুর্বল। শেখ হাসিনা যদি ডিসেম্বরে ফিরে আসেন, তাহলে তারা কিছুই করতে পারবেন না।"

ওই কথোপকথনে আরও বলা হয়, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিএনপির দিকে ঝুঁকছেন। তবে মাঠপর্যায়ের পুলিশ সদস্যরা এমন করছেন না। এ ছাড়াও পুলিশের পদায়নে ঘুষ লেনদেনের অভিযোগ নিয়েও ওই ব্যক্তিকে কথা বলতে শোনা যায়।