সামাজিক যোগাযোগমাধ্যমে সরকার, প্রশাসন ও পুলিশ বাহিনী নিয়ে সমালোচনামূলক একটি অডিও বার্তা ভাইরাল হওয়ার পর ক্যান্টনমেন্ট থানার ওসি মো. রাকিবুল হাসানকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সূত্রে জানা গেছে, ওই অডিওতে শনাক্তকৃত কণ্ঠস্বর রাকিবুলের বলে প্রাথমিকভাবে যাচাই করা হয়েছে।
অডিও বার্তায় উল্লেখ করা হয়, "শেখ হাসিনা ডিসেম্বরে আসতেছে, এই পুলিশ কিচ্ছু করতে পারবে না"। এছাড়াও ওই অডিওয় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং ওসি পদায়নের ক্ষেত্রে কোটি টাকা লেনদেনের অভিযোগ তোলেন তিনি। ঘটনার পরিপ্রেক্ষিতে তাকে ডিএমপির সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।