রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টরের পশ্চিম প্রান্তে বয়ে গেছে একটি খাল। এই খালের দুই পাড়ের দৃশ্য যেন দুটি ভিন্ন জগতের প্রতিচ্ছবি। এক পাড়ে দাঁড়িয়েছে পরিকল্পিত আবাসিক এলাকা, যেখানে রয়েছে প্রশস্ত সড়ক আর সারি সারি বহুতল ভবন। আর অন্য পাড়ে দেখা যায় সরু গলি, টিনের ঘর আর ঘনবসতিপূর্ণ এক জনপদ। স্থানীয়ভাবে এই জনপদটি পরিচিত টেকপাড়া নামে।
সম্প্রতি কিছু চীনা নাগরিকের ধারণ করা লাইভ ভিডিওর কারণে টেকপাড়া ব্যাপক আলোচনায় এসেছে। মাসের পর মাস ধরে ওই নাগরিকরা এই জনপদের অলিগলিতে ঘুরে ভিডিও করেছেন। কখনো চায়ের দোকানে, কখনো রাস্তার পাশে, এমনকি সাধারণ মানুষের বাড়িঘরেও ঢুকে তারা ভিডিও ধারণ করেছেন। সবচেয়ে বিতর্কিত বিষয় হলো, এসব ভিডিওতে টেকপাড়াকে কখনো ভারতের রাজধানী নয়াদিল্লি হিসেবে উপস্থাপন করা হয়েছে। ফলে ভিডিওতে প্রচারিত তথ্যের সত্যতা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে।
এই ঘটনার প্রেক্ষিতে ১০ নভেম্বর প্রতিক্রিয়া জানিয়ে চীনা নাগরিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল। এক সংবাদ সম্মেলনে রণধীর জয়সোয়াল বলেন, “এভাবে এক দেশে থেকে অন্য কোনো দেশের বদনাম করা দুই দেশের জন্যই দুর্ভাগ্যজনক। মিথ্যা আখ্যান বা ন্যারেটিভ তৈরি ও প্রচারের সঙ্গে যাঁরা যুক্ত, তাঁদের বোঝা উচিত, এতে তাঁদের নিজেদের দেশের বিশ্বাসযোগ্যতাও ক্ষতিগ্রস্ত হয়।”
চীনা নাগরিকদের ভিডিওর মাধ্যমে আলোচনায় এলেও টেকপাড়ার নিজস্ব এক ইতিহাস রয়েছে। একসময় কৃষিজমি ও জলাভূমিতে ঘেরা এই এলাকায় কীভাবে ঘনবসতি গড়ে উঠল? উত্তরা পরিকল্পিত আবাসিক এলাকা হিসেবে বিকশিত হলেও কেন নাগরিক সুযোগ-সুবিধার দিক থেকে পিছিয়ে রইল টেকপাড়া? কারা এখানে বাস করেন এবং কেমন তাদের জীবনযাত্রা?
ভিডিওতে টেকপাড়া, বর্ণনায় নয়াদিল্লি
কয়েক মাস ধরে চীনা নাগরিকদের কয়েকটি দল উত্তরার টেকপাড়া ও আশপাশের এলাকায় ঘুরে ভিডিও ধারণ করছিলেন। তাঁদের কেউ কেউ ভিডিওতে টেকপাড়াকে ভারতের রাজধানী নয়াদিল্লি বলে পরিচয় দিচ্ছিলেন। শুধু তাই নয়, এলাকার পরিবেশ, মানুষের জীবনযাপন ও খাবার নিয়েও তারা অবমাননাকর মন্তব্য করেছেন।
একটি ছোট খালের পাশে গড়ে ওঠা এই জনপদটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ। এখানকার অধিকাংশ বাড়িঘর টিনের বেড়া ও টিনের চালের তৈরি, কিছু বাড়ি আধাপাকা। ভেতরের রাস্তাগুলো সরু ও কাঁচা, কোথাও কোথাও পরিবেশ বেশ স্যাঁতসেঁতে। বাড়িঘরের আশপাশে ছড়িয়ে আছে ময়লা-আবর্জনা। পর্যাপ্ত পয়োনিষ্কাশন ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশনের কোনো ব্যবস্থা এখানে চোখে পড়ে না। সামনের খালের পানি থেকেও দুর্গন্ধ ছড়াচ্ছে।
তবে সব চীনা নাগরিকের ভিডিওতে বাংলাদেশের বিষয়ে নেতিবাচক কথা ছিল না; কাউকে কাউকে দেশটির সম্পর্কে ইতিবাচক মন্তব্য করতেও শোনা গেছে। তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ভিডিও ধারণের সময় অনেক ভ্লগার অনুমতি ছাড়াই তাঁদের বাড়িঘরে ঢুকে পড়ছিলেন, যা বাসিন্দাদের মধ্যে তীব্র বিরক্তি ও ক্ষোভের সৃষ্টি করেছে।
গত ৬ নভেম্বর মুক্তকণ্ঠের অনলাইনে “সকাল থেকে রাত পর্যন্ত করছেন লাইভ ভিডিও, মানুষের বাড়িঘরেও ঢুকে যাচ্ছেন” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর ৭ নভেম্বর থেকে উত্তরার বিভিন্ন এলাকায় তাঁদের আর লাইভ ভিডিও করতে দেখা যাচ্ছে না। স্থানীয় বাসিন্দারা জানান, গত কয়েক দিন ধরে ওই চীনা নাগরিকদের আনাগোনা আর চোখে পড়ছে না। অন্যদিকে থানা-পুলিশের দাবি, গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও তৎপরতা বাড়ানো হয়েছে, যার ফলে চীনা নাগরিকদের এসব কর্মকাণ্ড কমে এসেছে।
উঁচু জমি থেকে টেকপাড়া
টেকপাড়া মূলত উত্তরার শেষ সীমানায় তুরাগ থানা এলাকায় অবস্থিত। স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা গেছে, ২০০০ সালের আগেও এই এলাকাটি ছিল বিস্তীর্ণ কৃষিজমি, যেখানে ধান ও পাটসহ বিভিন্ন ফসল চাষ হতো। আশপাশের নিচু জমির তুলনায় বর্তমান টেকপাড়ার একটি অংশ ছিল কিছুটা উঁচু। স্থানীয়দের কাছে সেই উঁচু জায়গাটি পরিচিত ছিল ‘টেক’ নামে। সেখান থেকেই ধীরে ধীরে এলাকাটির নাম হয় ফুলবাড়িয়া টেকপাড়া।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্যমতে, ১৯৯০ সালের দিকে এখানে মাত্র পাঁচ-ছয়টি বাড়িঘর ছিল এবং বাকি জমিতে চাষাবাদ হতো। এলাকার মানুষ সামনের খালে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন। সেই সময়ের বসতিগুলোর একটি ছিল শেখ নাজিমউদ্দিনের। কয়েক বছর আগে তিনি মারা গেছেন। তাঁর নাতি ৫৫ বছর বয়সী আমির হোসেন মুক্তকণ্ঠকে বলেন, “আশপাশের এলাকার তুলনায় আমাদের জায়গাটি উঁচু ছিল। এ কারণে অনেকে একে “ট্যাক” বলে ডাকতেন। পরে জায়গাটির নাম হয়ে যায় টেকপাড়া।”
অতীতের স্মৃতিচারণ করে আমির হোসেন বলেন, ১৯৮৮ সালের বন্যায় আশপাশের সব জায়গা পানিতে ডুবে গেলেও তাঁদের বাড়িঘর ডুবেনি, কারণ জায়গাটি উঁচু ছিল। ছোটবেলায় তিনি ওই এলাকায় ধান ও পাটের খেত দেখেছেন। পরবর্তীতে বিভিন্ন কোম্পানি জমি কিনে সেখানে ভবন নির্মাণ শুরু করে।
একসময় খালে ছিল মাছের প্রাচুর্য
টেকপাড়ার সামনের খালটির চেহারা একসময় সম্পূর্ণ ভিন্ন ছিল। এখনকার মতো নোংরা ও দুর্গন্ধযুক্ত পানি তখন ছিল না। খাল দিয়ে চলাচল করত বিভিন্ন ধরনের নৌযান এবং স্থানীয় অনেকেই মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন।
স্থানীয় বাসিন্দা ৬৫ বছর বয়সী বেদন মিয়া মুক্তকণ্ঠকে বলেন, খালের পানি ছিল খুব পরিষ্কার। মানুষ মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন। নদীতে চলত স্টিমার ও লঞ্চ। দুই পাশে যত দূর চোখ যেত, দেখা যেত ধানখেত। বর্ষাকালে আশপাশের জমি পানিতে ডুবে বিলের মতো হয়ে যেত। সেখানে মাছ ধরতেন এলাকার মানুষ।
জমির দাম বাড়ার চিত্র তুলে ধরে বেদন মিয়া জানান, ২০০০ সালের দিকে টেকপাড়ায় প্রতি কাঠা জমির দাম ছিল প্রায় এক লাখ টাকা। বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ৮০ থেকে ৯০ লাখ টাকায়। অন্যদিকে উত্তরার পরিকল্পিত আবাসিক এলাকার ভেতরে প্রতি কাঠা জমির দাম দুই থেকে তিন কোটি টাকা পর্যন্ত পৌঁছেছে।
তিন শতাধিক পরিবারের বসতি, অধিকাংশই ভাড়াটিয়া
একসময় হাতে গোনা কয়েকটি পরিবারের বসতি থাকলেও বর্তমানে টেকপাড়ায় তিন শতাধিক পরিবার বাস করে, যাদের অধিকাংশই ভাড়াটিয়া। যাদের মালিকানায় এলাকার জমি রয়েছে, তাদের অনেকে উত্তরার বিভিন্ন অভিজাত এলাকায় বসবাস করেন।
২১ নভেম্বর সরেজমিনে টেকপাড়া ঘুরে দেখা গেছে, ছোট একটি খালের পাশে গড়ে ওঠা এই জনপদটি অত্যন্ত ঘিঞ্জি। অধিকাংশ বাড়িঘর টিনের বেড়া ও টিনের চালের, কিছু আধাপাকা। সরু ও কাঁচা রাস্তা, স্যাঁতসেঁতে পরিবেশ এবং চারপাশের ময়লা-আবর্জনা এখানকার বাস্তব চিত্র। পর্যাপ্ত পয়োনিষ্কাশন ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশনের অভাব এবং খালের দুর্গন্ধ এখানকার নিত্যসঙ্গী।
এখানকার বাসিন্দাদের বড় অংশই বিভিন্ন জেলা থেকে কাজের সন্ধানে ঢাকায় এসেছেন। কেউ অটোরিকশা চালান, কেউ দোকানদারি করেন, আবার নারীদের অনেকে আশপাশের বাড়িতে গৃহকর্মীর কাজ করেন। তুলনামূলক কম ভাড়ায় থাকার সুযোগ থাকায় তারা এখানে বসতি গড়েছেন।
এলাকার ভাড়াটিয়া ইদ্রিস আলী মুক্তকণ্ঠকে বলেন, আশপাশের এলাকার তুলনায় এখানে বাসাভাড়া কম। তাই পরিবার নিয়ে থাকছেন। গ্রামের বাড়িতে জমিজমা না থাকায় ২০১৭ সালের দিকে পরিবার নিয়ে ঢাকায় আসেন। এর পর থেকে টেকপাড়াতেই আছেন। বর্তমানে রিকশা চালান।
পরিকল্পিত উত্তরা, পাশে পুরোনো জনপদ
শুধু টেকপাড়া নয়, একসময় পুরো উত্তরাজুড়েই ছিল বিস্তীর্ণ মাঠ, বিল ও নিচু জমি। সেখানে চাষাবাদ হতো এবং মানুষ মাছ ধরত। পরবর্তীতে ঢাকার আবাসনসংকট কমাতে এবং নগরীর চাপ সামলাতে তৎকালীন ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট (ডিআইটি) উত্তরাঞ্চলে পরিকল্পিত উপশহর গড়ে তোলার উদ্যোগ নেয়।
সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয়ের প্রশিক্ষণ কর্মসূচির আওতায় ২০০২ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্থাপত্য বিভাগের তৎকালীন সহকারী অধ্যাপক মামুন রশিদের একটি গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়। ‘হাউজিং অ্যাট উত্তরা মডেল টাউন ইন ঢাকা সিটি’ শীর্ষক ওই গবেষণায় উত্তরার পরিকল্পিত নগরায়ণের ইতিহাস তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়েছে, ১৯৬৫ সালের জুনে এলাকাটিতে পরিকল্পিত নগরায়ণের সম্ভাব্যতা সমীক্ষা করা হয়। প্রকল্পটির প্রাথমিক নাম ছিল ‘নর্থ স্যাটেলাইট টাউনশিপ’, যা ১৯৮০ সালে পরিবর্তন করে ‘উত্তরা আবাসিক মডেল টাউন’ রাখা হয়।
১৯৮৭ সালে ডিআইটি-র পরিবর্তে রাজউক প্রতিষ্ঠিত হয়। উত্তরার প্রথম পর্যায়ের উন্নয়নকাজ শেষ হয় ১৯৯২ সালে, যেখানে ৯৫০ একর জমিতে প্রায় ছয় হাজার প্লট বরাদ্দ দেওয়া হয়। দ্বিতীয় পর্যায়ের উন্নয়নকাজ শুরু হয় ১৯৯২ সালে এবং ৪৩৮ একর জমিতে ৫ হাজার ৩১৫টি প্লট বরাদ্দের মাধ্যমে ১৯৯৮ সালে তা শেষ হয়।
২০১৮ সালে আন্তর্জাতিক সবুজ স্থাপত্য সম্মেলনে উপস্থাপিত ‘কমিউনিটিজ ইন অ্যা গ্রোয়িং মেগাসিটি: অ্যা পাথওয়ে টু আরবান সাসটেইনেবিলিটি ফর উত্তরা, ঢাকা’ শীর্ষক গবেষণায় উত্তরার তৃতীয় পর্যায়ের উন্নয়ন পরিকল্পনার তথ্য পাওয়া যায়। সেখানে উল্লেখ করা হয়েছে, ১৯৯৯-২০০০ সালে এই পর্যায়ের পরিকল্পনা নেওয়া হয় এবং ২০০০ সালের মে মাসে একনেক প্রকল্পটি অনুমোদন দেয়। ২০০০-২০০১ সালে জমি অধিগ্রহণ শুরু হয় এবং ২০০৪ সালে উন্নয়নকাজ শুরু হয়।
উত্তরার বিভিন্ন পর্যায়ের আবাসন প্রকল্প বাস্তবায়নের সাথে সাথে বদলে গেছে আশপাশের এলাকা। কৃষিজমি ও জলাভূমির জায়গায় এখন বহুতল ভবন ও বাণিজ্যিক প্রতিষ্ঠান। বেড়েছে জমির দাম এবং বদলেছে জীবনযাত্রা। তবে উত্তরার পরিকল্পিত আবাসিক এলাকার পাশে থেকেও টেকপাড়া নাগরিক সুযোগ-সুবিধার দিক থেকে এখনো পিছিয়ে। তবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকাটির উন্নয়নে পরিকল্পনা নেওয়ার কথা জানিয়েছে।
ডিএনসিসির প্রধান নগর পরিকল্পনাবিদ (অতিরিক্ত দায়িত্ব) এস এম শফিকুর রহমান মুক্তকণ্ঠকে বলেন, “উত্তরার বর্ধিত বা সংযুক্তি অঞ্চলে (টেকপাড়া, ফুলবাড়িয়া ও নলভোগ) ইতিমধ্যে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।”
উত্তরার বিভিন্ন পর্যায়ে আবাসন প্রকল্প গড়ে উঠলেও টেকপাড়া এখনো সেই পরিবর্তনের বাইরে। দুই জনপদের দূরত্ব মাত্র একটি খাল হলেও জীবনযাত্রার ব্যবধান অনেক। পরিকল্পিত নগরীর পাশেই সরু গলি, টিনের ঘর আর নাগরিক সুযোগ-সুবিধার সংকট এখানকার নিত্যদিনের বাস্তবতা।