রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে ঘুরে লাইভ ভিডিও করার প্রবণতা ছিল একদল চীনা নাগরিকের। তবে সম্প্রতি সেই দৃশ্য আর দেখা যাচ্ছে না। স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, গত ৭ নভেম্বর থেকে উত্তরার বিভিন্ন এলাকায় তাঁদের আর লাইভ ভিডিও করতে দেখা যাচ্ছে না।
অভিযোগ উঠেছে, এই চীনা নাগরিকেরা তাঁদের ভিডিওতে উত্তরার বিভিন্ন পরিচিত স্থানকে ভুলভাবে ভারতের রাজধানী নয়াদিল্লি হিসেবে পরিচয় করিয়ে দিচ্ছিলেন। শুধু তাই নয়, স্থানীয় মানুষের জীবনযাপন এবং পরিবেশ নিয়েও তাঁরা নানা নেতিবাচক মন্তব্য করতেন, যা স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছিল। উত্তরার বাসিন্দারা জানিয়েছেন, গত কয়েক দিন ধরে এলাকার বিভিন্ন জায়গায় এই চীনা নাগরিকদের আনাগোনা একেবারেই চোখে পড়ছে না।