বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার প্রচেষ্টায় লিপ্ত চীনা ভ্লগারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি বলে মনে করছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল এই দাবি জানিয়েছেন। মঙ্গলবার নয়াদিল্লিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। রণধীর জয়সোয়াল বলেন, “ঢাকার ছবি তুলে, রিল তৈরি করে সেটি ভারতের জায়গা বলে চালানোটা নিন্দনীয় ও দুর্ভাগ্যজনক।”

ব্রিফিং চলাকালীন মুক্তকণ্ঠের একটি প্রতিবেদনের কথা উল্লেখ করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে বেশ কিছু প্রশ্ন করা হয়। সেখানে জানানো হয় যে, ঢাকার বিভিন্ন স্থানে শতাধিক চীনা ভ্লগার একের পর এক ভিডিও রিল তৈরি করছেন। অত্যন্ত পরিকল্পিতভাবে ওই ভিডিওগুলোতে প্রদর্শিত স্থানগুলোকে ভারতের জায়গা হিসেবে দাবি করা হচ্ছে। শুধু তাই নয়, চীনের বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়গুলো লাইভ সম্প্রচার করা হচ্ছে এবং প্রতিটি এলাকাকেই নয়াদিল্লির অংশ হিসেবে উল্লেখ করা হচ্ছে। এই পুরো পরিস্থিতি নিয়ে ভারতের অবস্থান জানতে চাওয়া হলে মুখপাত্র প্রতিক্রিয়া জানান।

প্রশ্নের জবাবে রণধীর জয়সোয়াল জানান, বাংলাদেশের সংবাদমাধ্যমে প্রকাশিত ওই খবরটি ভারত সরকারের নজরে এসেছে। তিনি মনে করেন, একটি দেশের ভূখণ্ড ব্যবহার করে অন্য একটি দেশের বদনাম করা উভয় দেশের জন্যই অত্যন্ত দুর্ভাগ্যজনক। মুখপাত্র আরও বলেন, “মিথ্যা আখ্যান বা ন্যারেটিভ তৈরি ও তার প্রচার যে দেশের নাগরিকেরা করছেন। তাঁদের বোঝা উচিত, তাঁদের দেশের বিশ্বাসযোগ্যতাও এতে নষ্ট হচ্ছে। যাঁরা এটা করছেন এবং যাঁরা এর পেছনে, উভয়েই দোষী।” এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িতদের বিরুদ্ধে উপযুক্ত আইনি পদক্ষেপ নেওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন। যেকোনো দেশের বিকৃত ছবি উপস্থাপন করার এই অপচেষ্টাকে কোনোভাবেই সমর্থন করা সম্ভব নয় বলে তিনি স্পষ্ট করেন।

তবে এই বিষয়ে চীনের সাথে ভারতের কোনো আনুষ্ঠানিক যোগাযোগ বা বার্তালাপ হয়েছে কি না, সে বিষয়ে সরাসরি কোনো উত্তর দেননি রণধীর জয়সোয়াল। তিনি কেবল পুনরায় উল্লেখ করেন যে, পুরো বিষয়টি অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত এর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা।

উল্লেখ্য, গত ৬ নভেম্বর ‘সকাল থেকে রাত পর্যন্ত করছেন লাইভ ভিডিও, মানুষের বাড়িঘরেও ঢুকে যাচ্ছেন’ শিরোনামে মুক্তকণ্ঠ অনলাইনে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। ওই প্রতিবেদনে জানানো হয়, ঢাকার উত্তরা এলাকার বাসিন্দাদের মতে, প্রায় দেড় শতাধিক চীনা নাগরিক অলিগলিতে ঘুরে ভিডিও ধারণ করছেন। স্থানীয় বাসিন্দারা জানেন না এই ভিডিওগুলো কোথায় প্রকাশিত হচ্ছে বা সেখানে কী বলা হচ্ছে। এমনকি থানা-পুলিশের পক্ষ থেকেও তাদের এই কার্যক্রমের ওপর কোনো নজরদারি চালানো হচ্ছে না। প্রতিদিন শতাধিক ভ্লগার এই কাজ চালিয়ে যাচ্ছেন এবং এর বিনিময়ে বাংলাদেশি নাগরিকদের টাকাও দিচ্ছেন।