খাগড়াছড়ি শহরের নয়নপুর এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের চেষ্টা করা হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এই ঘটনা ঘটে। ঘটনার সময় বাড়িতে সাদিক কায়েমের বাবা ও মা ঘুমিয়ে ছিলেন।
আগুনের ভয়াবহতা বর্ণনা করে সাদিক কায়েমের বাবা মো. আবুল কাশেম বলেন, “গভীর রাতে বিকট শব্দে ঘুম ভাঙে। কী হয়েছে তা বোঝার জন্য তখন বাইরে বের হওয়ার চেষ্টা করি। কিন্তু ধোঁয়ার জন্য কিছুতেই ঘর থেকে বের হতে পারছিলাম না। ঘরের দরজা ও পেছনের গলিতে তখনো আগুন জ্বলছিল।”
আজ রোববার সকালে আবুল কাশেমের সঙ্গে কথা বলে জানা যায়, রাতের অন্ধকারে এমন হামলা হবে তা তিনি কল্পনাও করেননি। তিনি বলেন, “ঘটনার সময় বাড়িতে শুধু আমি ও আমার স্ত্রী ছিলাম। সন্তানদের সবাই ঢাকা ও চট্টগ্রামে থাকেন। রাতের আঁধারে কেউ আমার বাড়িতে আগুন দিতে আসবে, তা কল্পনাও করিনি।” প্রতিবেশীদের দ্রুত পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, “প্রতিবেশীরা এসে আগুন নিভিয়েছে। তাঁরা না থাকলে বড় ধরনের দুর্ঘটনা ঘটত। তাঁদের কারণেই হয়তো বেঁচে গেছি।”
সাদিক কায়েমের প্রতিবেশী আবু তাসিব ও মো. জয়নাল জানান, রাতে বিকট শব্দ ও চিৎকার শুনে তাঁরা দ্রুত ঘর থেকে বের হন। বাইরে এসে তাঁরা দেখতে পান সাদিক কায়েমের বাড়িতে আগুন জ্বলছে। এরপর তাঁরা সবাই মিলে বালতির পানি ব্যবহার করে আগুন নেভান, যার ফলে আগুনের লেলিহান শিখা পুরো বাড়িতে ছড়িয়ে পড়তে পারেনি।
রোববার সকালে ঘটনাস্থলে দেখা যায়, বাড়ির সামনের অংশ ও পেছনের গলিতে কেরোসিনের তীব্র গন্ধ রয়েছে। পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে সাদিক কায়েমের বাবার সঙ্গে কথা বলেন।
সাদিক কায়েম রোববার সকালে নিজের ফেসবুক পোস্টে অভিযোগ করেন, নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাঁর বাড়িতে হামলার চেষ্টা চালিয়েছে। হামলাকারীরা বাড়ির চারপাশে পেট্রলবোমা নিক্ষেপ করে এবং ঘরের দরজার সামনে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। তাঁর দাবি, হামলাকারীদের উদ্দেশ্য ছিল পুরো বাড়িতে আগুন দেওয়া।
নিজের স্ট্যাটাসে সাদিক কায়েম আরও উল্লেখ করেন, জুলাইপন্থী ছাত্র-জনতার ওপর হামলা, হুমকি ও ভীতি প্রদর্শনের মাধ্যমে আওয়ামী লীগের লোকজন আবারও রাজনীতিতে প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা করছে। পেট্রলবোমা ও অগ্নিসন্ত্রাস চালিয়ে তাঁদের দমিয়ে রাখা যাবে না উল্লেখ করে তিনি বলেন, “এ ধরনের চোরাগোপ্তা হামলা তাঁদের লড়াইকে আরও দৃঢ় করবে।” বাংলাদেশের মাটিতে ফ্যাসিবাদী আওয়ামী রাজনীতির পুনর্বাসন হতে দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।
অগ্নিসংযোগের চেষ্টার সময় ধারণ করা একটি ভিডিও সাদিক কায়েম ফেসবুকে শেয়ার করেছেন। ধারণা করা হচ্ছে, হামলাকারীরাই ভিডিওটি ধারণ করেছে। ভিডিওতে দেখা যায়, মুখোশ পরা এক যুবক সাদিক কায়েমের ঘরের চারপাশের দেয়ালে ‘কেরোসিন’ ছিটাচ্ছে এবং এরপর ঘরের ফটকে আগুন ধরিয়ে দিচ্ছে। ঘটনার সময় ওই মুখোশধারী যুবকের সঙ্গে আরও কয়েকজন উপস্থিত ছিলেন।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সারা দেশের মতো এখানেও রাতে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের লোকজন অগ্নিসংযোগের চেষ্টা করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দেখা গেছে বাড়ির দেয়ালে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছিল, তবে দ্রুত তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
এই ঘটনার প্রেক্ষিতে সাদিক কায়েমের বাবা আবুল কাশেম আজ বিকেলে খাগড়াছড়ি সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় তিনজনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতপরিচয় আরও সাতজনকে আসামি করা হয়েছে।
বিকেলে মুক্তকণ্ঠের সঙ্গে কথা বলে ওসি মো. কায় কিসলু জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট তিনজনকে শনাক্ত করা হয়েছে। তাঁরা হলেন—খাগড়াছড়ি জেলা সদরের উত্তর সবুজবাগের মো. মুন্না, একই এলাকার মো. সাইফ এবং জেলার দীঘিনালার বাসিন্দা ওমর ফারুক। ফুটেজে আরও একজন ব্যক্তিকে দেখা গেলেও তাঁর পরিচয় শনাক্ত করা যায়নি। ওসি আরও জানান, শনাক্ত হওয়া তিনজনের নাম আবুল কাশেমের করা মামলাটিতেও রয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।