নামে কোপা আমেরিকা, যা মূলত দক্ষিণ আমেরিকার একটি টুর্নামেন্ট। তবে সাম্প্রতিক সময়ে এই টুর্নামেন্টের আসরগুলো আয়োজিত হচ্ছে উত্তর আমেরিকার যুক্তরাষ্ট্রে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে ২০২৮ সালের আসরটিও মার্কিন মুলুকেই বসতে যাচ্ছে।
ব্রাজিলের জনপ্রিয় সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’র একটি প্রতিবেদন অনুযায়ী, কনমেবলের সভাপতি আলেহান্দ্রো দমিঙ্গেজ অংশগ্রহণকারী দেশগুলোর ফুটবল ফেডারেশনকে ইতিমধ্যেই অবহিত করেছেন যে, ২০২৮ সালের টুর্নামেন্টটি যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে। যদিও এই বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। টুর্নামেন্টের ভেন্যু, খেলার সূচি এবং কোন দেশগুলো আমন্ত্রিত হবে, সেই বিষয়েও এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
মহাদেশীয় ফুটবল টুর্নামেন্টগুলোর মধ্যে কোপা আমেরিকা সবচেয়ে প্রাচীন। ১৯১৬ সালে এই টুর্নামেন্টের যাত্রা শুরু হয় এবং দীর্ঘ সময় ধরে এটি দক্ষিণ আমেরিকা মহাদেশের দেশগুলোর মাটিতেই আয়োজিত হয়ে এসেছে। তবে ২০১৬ সালে টুর্নামেন্টটির শতবর্ষ উদযাপনের বিশেষ উপলক্ষে প্রথমবারের মতো এটি যুক্তরাষ্ট্রে আয়োজন করা হয়।
সেবারের পর ২০২৪ সালেও আয়োজক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রকে বেছে নেওয়া হয়েছে। এখন ২০২৮ সালেও যদি একই দেশে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়, তবে এর অর্থ দাঁড়াবে এক দশকের মধ্যেই দক্ষিণ আমেরিকার এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টটি তিনবার উত্তর আমেরিকায় অনুষ্ঠিত হলো।
উল্লেখ্য যে, কোপা আমেরিকা অন্য কোনো মহাদেশ বা ভিন্ন কোনো দেশে আয়োজিত হচ্ছে না। দক্ষিণ আমেরিকা থেকে টুর্নামেন্টটি বের হলেই তা সরাসরি উত্তর আমেরিকার যুক্তরাষ্ট্রে চলে যাচ্ছে। এই অদ্ভুত পরিস্থিতির কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ঠাট্টা করে বলছেন— “টুর্নামেন্ট দক্ষিণের, খেলা হয় উত্তরে”।
তবে আয়োজক কর্তৃপক্ষ কনমেবলের সামনে এখন একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে টুর্নামেন্টের সূচি নির্ধারণ। ২০২৮ সালের ১৪ জুলাই লস অ্যাঞ্জেলেস অলিম্পিক গেমস শুরু হওয়ার কথা রয়েছে। ফলে অলিম্পিকের সময়ের সঙ্গে যেন কোনো সংঘাত না ঘটে, সেদিকে খেয়াল রেখেই কোপা আমেরিকার চূড়ান্ত তারিখ নির্ধারণ করতে হবে কর্তৃপক্ষকে।