১৯৫৯ সালে প্রতিষ্ঠিত ১০ শয্যার এই পল্লী স্বাস্থ্যকেন্দ্রটি বর্তমানে চরম অবহেলা ও জনবলসংকটে জর্জরিত। অনুমোদিত ২২টি পদের বিপরীতে পদায়ন করা হয়েছে মাত্র ১১ জনের, তবে বাস্তবে কর্মরত আছেন মাত্র ৬ জন। এক সময়ের প্রাণবন্ত এই স্বাস্থ্যকেন্দ্রটি এখন এমন এক করুণ অবস্থায় পৌঁছেছে যে, প্রতিষ্ঠানটিরই এখন ‘চিকিৎসা’ প্রয়োজন বলে মনে করা হচ্ছে।

একটা সময় ছিল যখন প্রতিদিন এখানে কয়েক শ মানুষ চিকিৎসার জন্য ভিড় করতেন। রোগীর প্রচণ্ড চাপে হিমশিম খেতে হতো হাসপাতালের কর্মীদের। তখন এখানে সন্তান প্রসব থেকে শুরু করে ছোটখাটো অস্ত্রোপচারসহ নানা ধরনের চিকিৎসাসেবা পাওয়া যেত। কিন্তু বর্তমান চিত্র সম্পূর্ণ বিপরীত। চিকিৎসকদের কক্ষগুলোতে এখন ঝুলছে তালা, রোগীদের শয্যাগুলো পড়ে আছে অব্যবহৃত অবস্থায়। ভবনগুলো জরাজীর্ণ হয়ে পড়েছে এবং চারপাশ আগাছা ও ঝোপঝাড়ে ঘেরা।

প্রায় পাঁচ একর জমির ওপর প্রতিষ্ঠিত এই স্বাস্থ্যকেন্দ্রটির মূল উদ্দেশ্য ছিল দক্ষিণ কুমিল্লার মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠার আগে চৌদ্দগ্রাম ও আশপাশের এলাকার মানুষের চিকিৎসার প্রধান ভরসা ছিল এই কেন্দ্রটি। তবে দীর্ঘদিনের অবহেলা, চিকিৎসক ও জনবলসংকট এবং অবকাঠামোর করুণ দশায় প্রতিষ্ঠানটি এখন কার্যত অচল হয়ে পড়েছে।

গত ৮ নভেম্বর সরেজমিনে দেখা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী পাশে নোয়াবাজার এলাকায় স্বাস্থ্যকেন্দ্রটির অবস্থান। এখানকার ছয়টি ভবনের অধিকাংশই জরাজীর্ণ। চিকিৎসকদের আবাসিক ভবনগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। একসময় যে ভবনটি জরুরি বিভাগ হিসেবে ব্যবহৃত হতো, তার এখন আর দরজা-জানালা নেই। রোগীদের শয্যাগুলো অব্যবহৃত অবস্থায় পড়ে আছে এবং অধিকাংশ অংশে সীমানাপ্রাচীর নেই। ভবনগুলোর চারপাশে আগাছা ও ঝোপঝাড় জন্মেছে।

জনবলসংকটের চিত্র আরও প্রকট। ২২টি অনুমোদিত পদের বিপরীতে পদায়ন আছেন ১১ জনের। চারজন নার্সের মধ্যে মাত্র একজন এখানে দায়িত্ব পালন করেন, বাকি তিনজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংযুক্ত। চারজন সহকারী অ্যাটেনডেন্টের মধ্যে কর্মরত মাত্র একজন। চারজন অফিস সহকারীর মধ্যে আছেন একজন। এছাড়া ফার্মাসিস্ট, মেডিক্যাল টেকনোলজিস্ট (ল্যাব), বাবুর্চি ও মশালচিসহ বেশ কিছু পদ সম্পূর্ণ শূন্য।

এখানে দুজন মেডিক্যাল কর্মকর্তার পদ থাকলেও নিয়মিত কোনো চিকিৎসক দায়িত্ব পালন করেন না। চিকিৎসক হিসেবে পদায়ন থাকা নুরজাহান বেগম ২০২০ সাল থেকে অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত এবং তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা চলছে। অপর চিকিৎসক সুব্রত কুমার সাহা বর্তমানে ঢাকার জাতীয় হৃদ্​রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে সংযুক্ত রয়েছেন। নিয়মিত চিকিৎসক না থাকায় বর্তমানে সপ্তাহে ছয় দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একজন চিকিৎসক এসে সকাল নয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত বহির্বিভাগে রোগী দেখেন।

৮ নভেম্বর স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে দেখা যায় পাঁচ কর্মী দায়িত্ব পালন করছেন। চিকিৎসকদের কক্ষগুলো তালাবদ্ধ ছিল। ফার্মাসিস্ট না থাকায় স্টোরকিপার ও অফিস সহকারীরাই রোগীদের ওষুধ দিচ্ছিলেন। চিকিৎসা নিতে আসা ষাটোর্ধ্ব আমেনা খাতুন বলেন, “শহরে যাইয়া ট্রিটমেন্ট লওনের টাকা আমার কাছে নাই। আগে অনেকবার আইসা ডাক্তার পাইছি না। মাসখানেক হইলো একজন ডাক্তার মাঝেমধ্যে আহে। ডাক্তার না পাইলে যারা ওষুধ দেয়, তারার থাইক্যা দুই-এক পাতা ওষুধ লইয়া বাড়িত যাইগা।”

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাশেদ আহমেদ চৌধুরী জানান, দুজন মেডিক্যাল কর্মকর্তার পদ থাকলেও তাঁরা দীর্ঘদিন ধরে এখানে দায়িত্ব পালন করছেন না। ফলে বহির্বিভাগ ছাড়া অন্য সব সেবা কার্যত বন্ধ। তবে প্রয়োজনীয় চিকিৎসক ও জনবল নিয়োগ এবং অবকাঠামো সংস্কার করা গেলে স্বাস্থ্যকেন্দ্রটি আবারও মানুষের চিকিৎসার ভরসা হয়ে উঠতে পারে।

স্থানীয় নোয়াবাজার বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলামের বাবা সিদ্দিকুর রহমান এখানে অফিস সহকারী হিসেবে চাকরি করে ১৯৯৮ সালে অবসরে যান। বাবার চাকরির সুবাদে ছোটবেলা থেকেই এই স্বাস্থ্যকেন্দ্রের ব্যস্ততা দেখেছেন সাইফুল ইসলাম। তিনি বলেন, ২০০০ সাল পর্যন্ত এটি খুব জমজমাট ছিল। এখন এত বড় জায়গার মধ্যে একটি সরকারি স্বাস্থ্যকেন্দ্র এভাবে পড়ে আছে, অথচ এলাকার মানুষ চিকিৎসার জন্য ভোগান্তি পোহাচ্ছেন। কুমিল্লা শহর বা চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে অনেকেরই সময় ও খরচ বেশি লাগে।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, ২০০০ সালের দিকে চিকিৎসক ও জনবলসংকটে রোগী ভর্তি এবং প্রসূতিসেবাসহ বিভিন্ন কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরবর্তীতে স্থানীয়দের সুবিধা এবং মহাসড়কে দুর্ঘটনায় আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসার কথা চিন্তা করে ২০১২ সালে স্বাস্থ্যকেন্দ্রটি আবারও ১০ শয্যার হাসপাতাল হিসেবে চালু করা হয়। তবে চিকিৎসকসংকটে চার মাসের মাথায় অন্তর্বিভাগের কার্যক্রম আবারও বন্ধ হয়ে যায়। এরপর থেকে বহির্বিভাগে সীমিত সেবা চালু থাকলেও রোগী ভর্তি, প্রসূতি ও জরুরি চিকিৎসাসেবা আর সচল হয়নি।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম অংশটি প্রায় ৪৭ কিলোমিটার দীর্ঘ। এই বিশাল অংশে দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত চিকিৎসা দেওয়ার জন্য কোনো ট্রমা সেন্টার নেই। এই কারণে স্থানীয়রা কালিকাপুর স্বাস্থ্যকেন্দ্রটিকে ট্রমা সেন্টারে উন্নীত করার দাবি জানিয়েছেন।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাশেদ আহমেদ চৌধুরী বলেন, ২০১০ সালে স্বাস্থ্যকেন্দ্রটি ২০ বা ৩০ শয্যার ট্রমা সেন্টারে উন্নীত করার প্রস্তাব স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। তিনি দায়িত্ব নেওয়ার পরও আরও দুবার প্রস্তাব পাঠানো হয়েছে। বিষয়টি বর্তমানে মন্ত্রণালয়ে বিবেচনাধীন।