ফ্যাসিস্ট আওয়ামী লীগ বর্তমানে একটি জনবিচ্ছিন্ন রাজনৈতিক দল এবং তাদের আগুন সন্ত্রাসের অপচেষ্টা সাধারণ মানুষই রুখে দেবে বলে দাবি করেছেন লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল।
শনিবার (২১ নভেম্বর) বিকেলে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার খেলার মাঠে আয়োজিত শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সাবেক সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল বলেন, “১৭ বছর আগুন সন্ত্রাসের কারণে জনগণ তাদের বিতাড়িত করেছে। তারা আবারও দু-একটি বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে আগুন সন্ত্রাসের চেষ্টা করছে।” তিনি আরও উল্লেখ করেন যে, দেশের সাধারণ মানুষ এখন অত্যন্ত সজাগ ও সচেতন। তাই জনগণকে সাথে নিয়ে এই ধরনের আগুন সন্ত্রাস প্রতিরোধ করা হবে।
আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, তারা ক্ষমতায় থাকাকালীন আগুন সন্ত্রাস চালিয়ে তা অন্যের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করত। শুধু রাজনীতি নয়, দেশের শিক্ষাব্যবস্থাকেও ধ্বংস করেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ। জিপিএ-৫ এর সংখ্যা বাড়িয়ে দিয়ে তারা মেধাশূন্য জাতি তৈরির অপচেষ্টা চালিয়েছিল, যেখানে শিক্ষার গুণগত মানের কোনো অস্তিত্ব ছিল না।
বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, এবার প্রশ্নপত্র মানসম্মত হওয়ায় জিপিএ-৫ এর সংখ্যা কম থাকলেও শিক্ষার্থীদের মেধার প্রকৃত বিকাশ ঘটেছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, আগামীতে দেশে শিক্ষা, সংস্কৃতি এবং খেলাধুলার ব্যাপক প্রসার ঘটবে। বর্তমান সরকার শিক্ষার গুণগত মান পুনরায় ফিরিয়ে আনতে নিরলস কাজ করে যাচ্ছে।
শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের এই উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঞ্জুরে মওলা, টুর্নামেন্টের আহ্বায়ক ফারহান উদ্দিন আহমেদ পাশা এবং উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সাংবাদিক আনিসুর রহমান লাডলা।