পাবনার বেড়া উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে অবস্থান করলেও সংঘাত থামাতে তারা হিমশিম খাচ্ছে। এই উত্তেজনাকর পরিস্থিতির কারণে পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
শনিবার (২১ নভেম্বর) দুপুর থেকে শুরু হওয়া এই সংঘর্ষ দীর্ঘ সময় ধরে চলে এবং বিকেল পর্যন্ত পরিস্থিতি উত্তপ্ত থাকে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বৃশালিখা এলাকার আওয়ামী লীগ এবং সওদাগরপাড়া এলাকার বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে এই সংঘাতের সূত্রপাত হয়।
ঘটনার সূত্রপাত হয় দুদিন আগে, যখন বেড়া থানার সামনে আওয়ামী লীগের একটি বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। সেই উত্তেজনার জেরেই দুর্বৃত্তরা সাবেক ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকুর বাড়িতে অগ্নিসংযোগ করে। পরবর্তীতে বিএনপি ও আওয়ামী লীগ সমর্থকদের অন্তত পাঁচ থেকে সাতটি বাড়িতে অগ্নিসংযোগ ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে। এসব ঘটনার পর থেকেই দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছিল। আর সেই উত্তেজনার ধারাবাহিকতায় শনিবার দুপুরে নতুন করে এই সংঘর্ষ শুরু হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, দুপুর থেকেই দুই পক্ষের লোকজন একে অপরের ওপর আক্রমণ করে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সময়ের সাথে সাথে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সংঘর্ষ থামানোর চেষ্টা করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তারা ব্যর্থ হচ্ছে। এর ফলে সাধারণ মানুষ ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে।
এ বিষয়ে পাবনার পুলিশ সুপার আবু আশরাফ বলেন, “আমরা ঘটনাস্থলে রয়েছি। পরিস্থিতি মোকাবিলায় পুলিশ কাজ করছে।”