ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সুন্দরবনের দুবলার চরে টানা চার দিন ধরে ভারী বৃষ্টিপাত হয়ে জেলেদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। চাতালে শুকাতে দেওয়া কয়েক কোটি টাকার মাছ বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে গেছে। একই সময়ে বঙ্গোপসাগরের উত্তাল পরিস্থিতি এবং প্রচণ্ড ঝোড়ো হাওয়ার কারণে জেলেরা মাছ ধরা পুরোপুরি বন্ধ রেখেছেন। নিজেদের নিরাপত্তার কথা চিন্তা করে চারটি চরের প্রায় ১০ হাজার জেলে নৌকা ও ট্রলার নিয়ে সুন্দরবনের বিভিন্ন খালে আশ্রয় নিয়েছেন। দুবলার মৎস্যজীবী নেতা এবং সুন্দরবন বিভাগ সূত্রে এই সব তথ্য পাওয়া গেছে।

সুন্দরবনের দুবলা ফিশারমেন গ্রুপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. কামাল উদ্দিন আহমেদ জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের প্রভাবে গত চার দিন ধরে সাগরে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। তিনি বলেন, “ঝোড়ো হাওয়ার সঙ্গে টানা ভারী বৃষ্টিপাত হচ্ছে। এতে চাতালে শুকাতে দেওয়া জেলেদের বিপুল পরিমাণ মাছ বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে গেছে। ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা ছাড়িয়ে যাবে।” তিনি আরও উল্লেখ করেন যে, বৈরী আবহাওয়ার কারণে জেলেরা সাগরে মাছ ধরতে না পারায় প্রতিদিন আর্থিক ক্ষতির পরিমাণ বেড়েই চলেছে, যা পুষিয়ে নেওয়া জেলেদের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়বে।

তিনি আরও জানান, বর্তমানে দুবলার আলোরকোল, মেহেরআলী, শেলারচর ও মাঝেরকেল্লা—এই চারটি অস্থায়ী শুঁটকি পল্লীর জেলেরা তাদের নৌকা ও ট্রলার নিয়ে আশপাশের সুন্দরবনের খালে নিরাপদ আশ্রয়ে অবস্থান করছেন।

দুবলার আলোরকোল শুঁটকি পল্লীর রামপাল জেলে সমিতির সভাপতি মোতাসিম ফরাজী বলেন, “গত বুধবার থেকে সাগরের আবহাওয়া খারাপ থাকায় জেলেরা মাছ ধরতে যেতে পারছেন না। শুঁটকি উৎপাদনের জন্য প্রয়োজনীয় মাছ সংগ্রহ করতে না পারায় একদিকে যেমন আর্থিক ক্ষতি হচ্ছে, অন্যদিকে টানা চার দিনের ভারী বৃষ্টিতে মাচায় শুকানোর জন্য রাখা বিপুল পরিমাণ কাঁচা মাছ ভিজে নষ্ট হয়েছে।” তিনি জানান, এতে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে।

অন্যদিকে, দুবলার নারিকেলবাড়িয়া চর থেকে শুঁটকি মহাজন আসলাম হোসেন এবং শেলারচর থেকে মহাজন আরিফ হোসেন মিঠু জানান, ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগরের পরিস্থিতি অত্যন্ত খারাপ হওয়ায় জেলেরা মাছ ধরতে পারছেন না। টানা বৃষ্টিতে চাতালে রাখা বিপুল পরিমাণ মাছ ভিজে গেছে এবং কিছু মাছ ভেসে গিয়ে নষ্ট হয়েছে। এর ফলে জেলেদের পাশাপাশি শুঁটকি ব্যবসায়ী ও মহাজনরাও বড় ধরনের লোকসানের মুখে পড়েছেন।

সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খলিলুর রহমান বলেন, “ঘূর্ণিঝড়ের প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। সাগরে বড় বড় ঢেউ আছড়ে পড়ছে। ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টিপাত হচ্ছে। দুবলার চরাঞ্চলেও ব্যাপক বৃষ্টি হয়েছে। এতে জেলেদের মাচায় শুকাতে দেওয়া মাছ ভিজে নষ্ট হয়েছে। সাগর উত্তাল থাকায় মাছ ধরা বন্ধ রেখে বুধবার থেকে ১০ হাজারের বেশি জেলে সুন্দরবনের বিভিন্ন খালে নৌকা ও ট্রলার নিয়ে নিরাপদ আশ্রয়ে রয়েছেন।”