নিজেদের সঞ্চিত অর্থ এবং ঋণ গ্রহণ করে পুকুরে মাছ চাষের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখেছিলেন চার বন্ধু। তবে এক রাতের এক নৃশংস ঘটনায় তাদের সেই স্বপ্ন এখন চুরমার হয়ে গেছে। দুর্বৃত্তরা মাছ চাষের পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ১০ লাখ টাকার মাছ মেরে ফেলেছে, যার ফলে তারা এখন নিঃস্ব হওয়ার পথে।

গত শুক্রবার (৩০ অক্টোবর) ভোরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নের চিকসা গ্রামে এই ঘটনাটি ঘটে। ক্ষতিগ্রস্ত উদ্যোক্তারা জানিয়েছেন, পুকুরে বিষ প্রয়োগের ফলে সেখানে চাষ করা পাঙ্গাস, মাগুর ও গুলশা মাছ মরে পানির উপরে ভেসে উঠেছে।

স্থানীয় সূত্রে ও ক্ষতিগ্রস্তদের মাধ্যমে জানা গেছে, তাহিরপুর সদর ইউনিয়নের চিকসা গ্রামের বাসিন্দা এবিএম বখতিয়ার, তৌহিদুল মিয়া, মুক্তার হোসেন ও মানিক মিয়া নামের চার বন্ধু মিলে কয়েক মাস আগে মাছ চাষ শুরু করেন। নিজেদের জমানো টাকা এবং ঋণের অর্থ বিনিয়োগ করে তারা এই উদ্যোগ নিয়েছিলেন। মাছ চাষের মাধ্যমে সফল উদ্যোক্তা হয়ে নিজেদের ভাগ্য পরিবর্তনের তীব্র আকাঙ্ক্ষা ছিল তাদের। কিন্তু শুক্রবার ভোরে অন্ধকারের সুযোগ নিয়ে অজ্ঞাতপরিচয় কেউ বা কারা পুকুরে বিষ মিশিয়ে দেয়। এর ফলে পুকুরের প্রায় সব মাছ মরে ভেসে ওঠে।

শুক্রবার সকালে প্রতিবেশীরা পুকুরের পানিতে প্রচুর পরিমাণে মরা মাছ ভেসে থাকতে দেখে উদ্যোক্তাদের বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে চার বন্ধু দ্রুত পুকুরপাড়ে গিয়ে দেখেন, পুকুরের অধিকাংশ মাছই মরে ভেসে রয়েছে। তারা জানান, সেই সময় পুকুরের পানিতে তীব্র বিষের গন্ধ পাওয়া যাচ্ছিল। এই বিষ প্রয়োগের ঘটনায় তাদের প্রায় ১০ লাখ টাকার বেশি আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।

উদ্যোক্তা এবিএম বখতিয়ার ও মুক্তার হোসেন জানান, নিজেদের জমানো টাকা ও ঋণ নিয়ে পুকুরে মাছ চাষে প্রায় ১০ লাখ টাকা খরচ করেছেন তারা। তাদের পরিকল্পনা ছিল, মাছ তুলে বিক্রি করে প্রথমে ঋণের টাকা পরিশোধ করবেন এবং এরপর কিছু লাভবান হবেন। কিন্তু দুর্বৃত্তরা রাতের আঁধারে পুকুরের পানিতে বিষ প্রয়োগ করে সব মাছ মেরে ফেলেছে।

ঘটনাটি নিয়ে তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সদর ইউপি চেয়ারম্যান জুনাব আলী বলেন, “মাছ চাষ একটি সম্ভাবনাময় উদ্যোগ। তরুণরা নিজেদের উদ্যোগে মাছ চাষের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছেন, যা ইতিবাচক। যুবকদের এমন উদ্যোগকে উৎসাহিত করা সবার দায়িত্ব। এভাবে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করা কোনোভাবেই কাম্য নয়। ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাদের থানায় অভিযোগ দেওয়ার পরামর্শ দেব। পাশাপাশি প্রশাসনের কাছে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করব।”

এদিকে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক আহমেদ জানান, চিকসা গ্রামের একটি মাছ চাষের পুকুরে বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলার খবর পাওয়া গেছে। তিনি আরও জানান, “মাছচাষি বা খামারিদের পক্ষ থেকে অভিযোগ করা হলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”