সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে উদ্দেশ্য করে ফেসবুকে অবমাননাকর ও কটূক্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে এক যুবককে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তবে অভিযুক্ত ব্যক্তি দাবি করেছেন, যে আইডি থেকে এই পোস্ট করা হয়েছে সেটি ভুয়া এবং তিনি নিজেই এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।
আজ সোমবার দুপুরে উপজেলার একটি গ্রাম থেকে পুলিশ ওই ব্যক্তিকে (৪০) আটক করে থানায় নিয়ে আসে। জানা গেছে, পুলিশি অভিযানের কয়েক ঘণ্টা আগেই সকালে ওই যুবক থানায় গিয়ে একটি জিডি করেন।
ঘটনাটি সম্পর্কে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাকিবুল হাসান রাসেল মুক্তকণ্ঠকে বলেন, “পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে থানা হেফাজতে নিয়ে এসেছে। ঘটনার তদন্ত হচ্ছে। গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে পুলিশ কথা বলেছে, যাতে সেখানে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। গ্রামে পুলিশ আছে। পরিবেশও শান্ত আছে।”
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রোববার একটি ফেসবুক আইডি থেকে মহানবী (সা.)-কে নিয়ে একটি কটূক্তিকর পোস্ট দেওয়া হয়। দ্রুতই বিষয়টি স্থানীয় বাসিন্দাদের মধ্যে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। আজ সোমবার দুপুরে এই পোস্টের জেরে গ্রামে চরম উত্তেজনা বিরাজ করতে থাকে।
গ্রামের এক বাসিন্দা জানান, পরিস্থিতি আরও খারাপ হতে পারে এবং উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে ভেবে তাঁরা দ্রুত পুলিশকে খবর দেন। এরপর বেলা আড়াইটার দিকে পুলিশ এসে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায়।
পুলিশ যখন ওই ব্যক্তিকে নিয়ে নৌকায় উঠছিল, তখন উত্তেজিত হয়ে পেছন থেকে কয়েকজন ঢিল ছোড়েন। উদ্ভূত পরিস্থিতিতে পুলিশ দ্রুত সেখান থেকে সরে যায়। পরবর্তীতে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুনাব আলী ও মেহেদী হাসান ওই গ্রামে গিয়ে স্থানীয়দের সাথে বৈঠক করেন এবং সবাইকে শান্ত থাকার অনুরোধ জানান।
এ সময় জুনাব আলী বলেন, “পুলিশ বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে। যাকে ধরা হয়েছে তিনি অপরাধী হলে শাস্তি পাবেন। গ্রামে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এ জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।”
অন্যদিকে, আটক হওয়ার আগে ওই যুবক আজ সকালে তাহিরপুর থানায় যে জিডি করেছিলেন, সেখানে তিনি উল্লেখ করেন যে, তাঁর এবং তাঁর পরিবারের সদস্যদের ছবি ব্যবহার করে ফেসবুকে একটি ভুয়া আইডি খোলা হয়েছে। ওই ভুয়া আইডি থেকে বিভ্রান্তিকর তথ্য এবং সাম্প্রদায়িক উসকানিমূলক পোস্ট দেওয়া হচ্ছে বলে তিনি দাবি করেন এবং এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।