বেলা বাড়লেও কুড়িগ্রাম জেলায় সূর্যের দেখা মিলছে না। আকাশে ঘন মেঘের আনাগোনা এবং হিমেল বাতাসের প্রভাবে শীতের অনুভূতি তীব্র হয়েছে। বিশেষ করে সন্ধ্যার পর থেকে পরদিন সকাল পর্যন্ত ঠান্ডার প্রকোপ সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে বলে জানা গেছে।
শনিবার (২১ নভেম্বর) সকালে কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আজ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। উল্লেখ্য, আগের দিন শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস।
স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা গেছে, দিনের বেলা ঠান্ডার অনুভূতি কিছুটা কম থাকলেও সন্ধ্যার পর তা পুনরায় বেড়ে যায়। ভোরে কুয়াশা এবং হিমেল বাতাসের কারণে শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। সকাল থেকেই সূর্যের দেখা মিলছে না, সেই সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও হচ্ছে বলে তারা জানান।
কুড়িগ্রাম সদর উপজেলার ধরলা সেতুর পূর্ব পাড়ের ব্যবসায়ী আবু সাঈদ বলেন, “সকালে প্রচুর কুয়াশা থাকে, সেই সঙ্গে ঠান্ডাও। সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও হয়েছে।”
কুড়িগ্রাম রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, “আকাশে ঘন মেঘ থাকার কারণে এমন আবহাওয়ার সৃষ্টি হয়েছে। আগামী দুই থেকে তিন দিন এ পরিস্থিতি থাকতে পারে। এ সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।”