দেশের উত্তরাঞ্চলীয় জেলা পঞ্চগড়ে শীতের প্রকোপ তীব্র হতে শুরু করেছে। হিমালয় থেকে প্রবাহিত হিমেল বাতাস এবং ঘন কুয়াশার প্রভাবে শীতের তীব্রতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৯টার দিকে পঞ্চগড় জেলায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়, যা ছিল ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ওই দিন সকাল ৬টায় তাপমাত্রা ছিল ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

বৃহস্পতিবার সকালে কুয়াশার ঘনত্ব কিছুটা হ্রাস পেলেও হিমেল বাতাসের কারণে শীতের অনুভূতি আরও প্রবল হয়েছে। ওই সময়ে বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ। এর আগের দিন বুধবার (১৮ নভেম্বর) দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, রাতের পর থেকেই কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে জেলার রাস্তাঘাট। ভোরবেলায় ঘন কুয়াশার কারণে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে অত্যন্ত সতর্কতার সাথে চলাচল করতে দেখা যাচ্ছে। এই পরিস্থিতির ফলে নিম্ন আয়ের মানুষ চরম দুর্ভোগের সম্মুখীন হচ্ছেন। বিশেষ করে যারা কাজের সন্ধানে খুব ভোরে বাইরে বের হন, তাদের ভোগান্তি আরও বেড়েছে।

সদর উপজেলার অমরখানা ইউনিয়নের ইজিবাইকচালক আসির উদ্দিন বলেন, ‘গত কয়েকদিন ধরে সকাল থেকে খুবই ঘন কুয়াশা। আজকে কিছুটা কমেছে কুয়াশা। তবে সকালবেলা ইজিবাইক নিয়ে বের হলে খুব কষ্ট হয়। ঠান্ডায় মনে হয় হাত পা জড়ো হয়ে আসে। খোলা ভ্যান হওয়াতে সকালবেলা ইনকাম কমে গেছে।’

অন্যদিকে, আটোয়ারী উপজেলার কৃষক রবিউল ইসলাম বলেন, ‘গত কয়েকদিন ধরে সন্ধ্যার পর থেকে হালকা হালকা কুয়াশা পড়ে। রাত যত গভীর হয় ততই কুয়াশা পরিমাণ বাড়তে থাকে। গত কয়েকদিন রাতভর বৃষ্টির মত ঝরেছে কুয়াশা। সকাল বেলা কৃষিকাজে গেলে খুবই কষ্ট হচ্ছে। ঠিকমত কাজ করা যায় না।’

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, চলতি মাসের শেষ দিকে শীতের তীব্রতা আরও বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, ‘হিমালয় থেকে বয়ে আসা হিমেল বাতাসে শীতের অনুভূতি বাড়ছে। নিম্নচাপের কারণে আকাশে জমে থাকা মেঘমালা কুয়াশা হয়ে ঝরছে। আস্তে আস্তে করে শীত বাড়তে থাকবে।’