প্রকৃতিতে অগ্রহায়ণের আগমনের সাথে সাথেই শুরু হয়েছে শীতের আমেজ। এর প্রভাবে উত্তরের জেলা নওগাঁ এখন ঘন কুয়াশার চাদরে ঢাকা। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে জেলার বিভিন্ন প্রান্তে কুয়াশার প্রাবল্য এতটাই বেশি ছিল যে, দৃষ্টিসীমা মারাত্মকভাবে কমে যায়। ফলে সড়কে যানবাহন চলাচলের ক্ষেত্রে চালকদের হেডলাইট জ্বালিয়ে সাবধানে গাড়ি চালাতে দেখা গেছে।
নওগাঁর বিভিন্ন জনপদ পরিদর্শনে দেখা যায়, ভোর থেকেই চারপাশ কুয়াশায় আচ্ছন্ন হয়ে ছিল। আকস্মিক এই কুয়াশার কারণে সাধারণ মানুষের দৈনন্দিন স্বাভাবিক চলাচলে কিছুটা বিঘ্ন ঘটেছে। বিশেষ করে যারা খোলা আকাশের নিচে কাজ করেন, সেই খেটে খাওয়া দিনমজুর ও শ্রমিকদের চরম প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে।
নওগাঁর বদলগাছি আবহাওয়া ও কৃষি পর্যবেক্ষণ অফিসের দেওয়া তথ্যানুসারে, আজ জেলায় সকাল ৬টা ও ৯টার গড় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
বদলগাছি আবহাওয়া ও কৃষি পর্যবেক্ষণ অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, “অগ্রহায়ণের শুরুতে সকালের দিকে কুয়াশার যে দৃশ্যপট দেখা গেছে, তা মূলত আসন্ন শীতের আগমনী বার্তা বহন করে। সকালের দিকে কুয়াশার ঘনত্ব বেশি থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মিলবে। শীতের এই প্রাথমিক বার্তায় আজ নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা ১৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। সকালের দিকে কুয়াশার কারণে শীত অনুভূত হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তাপে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে।”
সকালে জীবিকার তাগিদে কাজের উদ্দেশ্যে বের হওয়া দিনমজুর মুকুল আক্ষেপের সাথে বলেন, “এখন দিন ছোট হয়ে এসেছে। তাই জীবিকার তাগিদে খুব ভোরেই কাজের সন্ধানে বের হতে হয়। কিন্তু এ বছর শীতের কোনো আগাম প্রস্তুতি না থাকায় এই ঘন কুয়াশায় কাজে যেতে বেশ কষ্ট হচ্ছে।”