শীতের আগাম বার্তা নিয়ে উত্তরের জেলা পঞ্চগড়ে জেঁকে বসতে শুরু করেছে শীত। দিনের বেলা কিছুটা গরম অনুভূত হলেও রাত এবং খুব সকালে পাহাড়ি হিম বাতাসের প্রভাবে তীব্র শীত অনুভূত হচ্ছে।
শুক্রবার (২০ নভেম্বর) সকাল থেকে কুয়াশার পরিমাণ কিছুটা কমলেও সকাল ৯টার সময় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ওই একই সময়ে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৯৮ শতাংশ।
উল্লেখ্য যে, গতকাল বিকেল থেকে সমুদ্রের চলমান নিম্নচাপের প্রভাবে আকাশে মেঘমালার আধিক্য ছিল অনেক বেশি। শুক্রবার সকাল থেকে সূর্যের দেখা মিললেও মেঘের আড়ালে বারবার সূর্য হারিয়ে যাচ্ছিল। ফলে ভূপৃষ্ঠে সূর্যের কাঙ্ক্ষিত তাপ পৌঁছাতে না পারায় শীতের অনুভূতি বাড়ছে। এর পাশাপাশি বয়ে চলা হিমেল বাতাস শীতের তীব্রতাকে আরও বহুগুণ বাড়িয়ে দিচ্ছে বলে মনে করা হচ্ছে।
দেখা গেছে, রাত থেকে পরদিন সকাল পর্যন্ত উত্তরের এই জনপদে শীতের প্রভাব প্রকট হয়ে উঠেছে। এর ফলে মানুষের স্বাভাবিক চলাচলে প্রভাব পড়েছে। ঘরের বাইরে বের হতে এখন গরম কাপড় জড়িয়ে নিতে হচ্ছে। বিশেষ করে ভোরে কাজে বের হওয়া শ্রমজীবী মানুষ, কৃষক, দিনমজুর এবং নিম্নআয়ের মানুষ এই পরিস্থিতির কারণে কিছুটা ভোগান্তির মুখে পড়েছেন।
সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের বেগুন চাষি আলিম উদ্দিন বলেন, “আজ সকাল থেকে কুয়াশার পরিমাণ অনেকটাই কম ছিল। তবে আকাশে মেঘ থাকার কারণে সূর্যের আলো তেমন একটা গরম ছড়াতে পারেনি। সকাল থেকে বাতাসের কারণে শীত অনুভূত হচ্ছে। সকালে যখন কৃষিকাজ করতে খেতে আসি, খুব কষ্ট হচ্ছিল।”
তেঁতুলিয়া উপজেলার পথচারী আজিমুল ইসলাম বলেন, “আমি প্রতিদিন সকালবেলা হাঁটতে বের হই। তবে গত কয়েক দিন ধরে কুয়াশার পরিমাণ বেশি থাকলেও আজ কিছুটা কম ছিল। কিন্তু ঠান্ডা বাতাসের কারণে গরম কাপড় জড়িয়ে বের হয়েছি, তবুও ঠান্ডা লাগছে। মনে হচ্ছে যে বরফের আশপাশে যেন আছি।”
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, “হিমালয় থেকে বয়ে আসা হিমেল বাতাস জেলায় শীতের তীব্রতা বাড়িয়ে দিচ্ছে। সেই সাথে মেঘমালা সূর্যকে আড়াল করে দিচ্ছে। যার ফলে সূর্যের তাপ ভূপৃষ্ঠে ছড়াতে পারছে না, শীত বেশি অনুভূত হচ্ছে। তবে চলতি মাসের শেষের দিকে শীতের তীব্রতা আরও বাড়তে পারে।”