প্রথমবারের মতো মাতৃত্বের স্বাদ পেলেন দক্ষিণ ভারতের অত্যন্ত জনপ্রিয় ও আলোচিত অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। স্বামী ও চলচ্চিত্র নির্মাতা রাজ নিদিমোরুর সঙ্গে তাঁদের সংসারে এসেছে এক পুত্রসন্তান। নবজাতকের নাম রাখা হয়েছে দেব নিদিমোরু।
আজ শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে সন্তানের জন্মের সুখবরটি ভাগ করে নিয়েছেন সামান্থা ও রাজ। তাঁদের প্রকাশিত একটি ছবিতে দেখা যায়, নবজাতকের ছোট্ট হাতটি পরম মমতায় আঁকড়ে ধরে আছেন মা ও বাবা। ছবির ক্যাপশনে লেখা, “আমাদের সুন্দর ছোট্ট ছেলে, দেব নিদিমোরু। জন্ম ১৯ নভেম্বর ২০২৬। আমাদের হৃদয় এর চেয়ে বেশি আনন্দিত কখনো হয়নি।” এই আবেগঘন ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমের মন্তব্য বক্সে শুভেচ্ছার ঢল নামে ভক্তদের পক্ষ থেকে।
প্রেম থেকে পরিণয়, আর এখন বাবা-মা— রাজ নিদিমোরুর সঙ্গে সামান্থার সম্পর্কের শুরুটা হয়েছিল পেশাগত সূত্রে। ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিরিজের দ্বিতীয় মৌসুমে অভিনয়ের সময় তাঁদের প্রথম পরিচয় হয়। পরবর্তীতে ‘সিটাডেল: হানি বানি’তে তাঁরা আবারও একসঙ্গে কাজ করেন। রাজ ও তাঁর দীর্ঘদিনের সহযোগী কৃষ্ণা ডিকে পরিচালিত এই সিরিজে সামান্থাকে দেখা গিয়েছিল এক শক্তিশালী অ্যাকশনধর্মী চরিত্রে।
কাজের সূত্রে গড়ে ওঠা সেই পরিচয় ধীরে ধীরে ঘনিষ্ঠতায় রূপ নেয়। ২০২৪ সাল থেকে সামান্থা ও রাজের সম্পর্কের গুঞ্জন শোনা গেলেও, শুরুতে তাঁরা বিষয়টি নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি। তবে সামান্থার সামাজিক যোগাযোগমাধ্যমে রাজের উপস্থিতি ভক্তদের মনে কৌতূহল বাড়িয়েছিল। অবশেষে ২০২৫ সালের ১ ডিসেম্বর বিয়ের ছবি প্রকাশ করে সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণা দেন এই জুটি।
তামিলনাড়ুর কোয়েম্বাটুরে ইশা যোগ সেন্টারের লিঙ্গ ভৈরবী মন্দিরে ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুদের উপস্থিতিতে তাঁদের বিয়ের আয়োজন করা হয়। সামান্থা ও রাজের এই বিবাহ সম্পন্ন হয় ‘ভূতশুদ্ধি বিবাহ’ নামক এক বিশেষ যৌগিক রীতিতে। বিয়ের পর ব্যক্তিগত জীবন নিয়ে তাঁরা বেশ সংযত থাকলেও, মাঝেমধ্যে একসঙ্গে কাটানো মুহূর্তের ছবি প্রকাশ করেছেন।
পরবর্তীতে ভোগ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে রাজের সঙ্গে সম্পর্কের কথা বলতে গিয়ে সামান্থা রসিকতা করে নিজেদের ‘বিরক্তিকর দম্পতি’ বলে অভিহিত করেন। কারণ, তাঁরা প্রায় সবকিছুই একসঙ্গে করেন—তা হোক কাজ, খেলাধুলা কিংবা শরীরচর্চা। এমনকি এক দিনের জন্য আলাদা কোথাও যেতে হলেও তাঁর মন খারাপ হয়ে যায় বলে জানান অভিনেত্রী। তাঁর কথায়, তাঁদের সম্পর্ককে আর নতুন প্রেমের উচ্ছ্বাস বলে মনে হয় না; বরং একসঙ্গে থাকার অভ্যাসটাই এখন তাঁদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে।
সামান্থার ব্যক্তিগত জীবনের এই নতুন অধ্যায়ের আগে ছিল আরেকটি আলোচিত ঘটনা। অভিনেতা নাগা চৈতন্যর সঙ্গে ২০১৭ সালে বিয়ে করেছিলেন তিনি। দক্ষিণ ভারতীয় বিনোদন জগতের অত্যন্ত জনপ্রিয় এই জুটির বিচ্ছেদের ঘোষণা আসে ২০২১ সালে। প্রায় চার বছরের দাম্পত্যের ইতি ঘটলেও বিচ্ছেদের কারণ নিয়ে নানা আলোচনা চলেছিল। তবে ব্যক্তিগত বিষয়ে সামান্থা খুব বেশি কথা বলেননি। বিচ্ছেদের পর এক সাক্ষাৎকারে নিজের মানসিক পরিবর্তনের কথা জানিয়ে তিনি বলেছিলেন, একসময় তাঁর মনে হয়েছিল আর কখনো কারও ওপর নির্ভর করবেন না। কিন্তু রাজের সঙ্গে সম্পর্ক তাঁকে নতুনভাবে ভাবতে শিখিয়েছে। ভোগ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে সামান্থা বলেছিলেন, এই সম্পর্কের কারণে তিনি আরও ভালো মানুষ হয়ে উঠেছেন। রাজের ব্যক্তিত্ব ও তাঁর প্রতি আস্থার কথা বিশেষভাবে উল্লেখ করেন অভিনেত্রী।
তবে সামান্থার জীবন কেবল সুখের ছিল না, ২০২২ সালে তিনি এক কঠিন পরিস্থিতির মুখোমুখি হন। সে বছর তিনি জানান, তিনি বিরল অটোইমিউন রোগ মায়োসাইটিসে আক্রান্ত হয়েছেন, যার ফলে পেশিতে প্রদাহ ও দুর্বলতা দেখা দেয়। অসুস্থতার কারণে তাঁকে কাজ থেকে দীর্ঘ বিরতি নিতে হয় এবং শারীরিক সীমাবদ্ধতার সঙ্গে লড়াই করতে হয়।
শারীরিক অসুস্থতা সামান্থার অভিনয়জীবন থামিয়ে দিতে পারেনি। ‘সিটাডেল: হানি বানি’র অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়ে তাঁকে চরম শারীরিক কষ্টের মধ্য দিয়ে যেতে হয়। একপর্যায়ে তিনি এতটাই সংশয়ে পড়েছিলেন যে, কাজ চালিয়ে যেতে পারবেন কি না। এমনকি পরিচালকদের কাছে অনুরোধ করেছিলেন অন্য কাউকে দিয়ে চরিত্রটি করানোর জন্য, যা তিনি পরে এক সাক্ষাৎকারে জানান।
সেই কঠিন সময়ে অভিনয় ছেড়ে দিয়ে প্রযোজনায় মনোযোগ দেওয়ার কথা ভেবেছিলেন সামান্থা। কিন্তু রাজের উৎসাহ তাঁকে পুনরায় অভিনয়ে ফিরতে অনুপ্রাণিত করে। তাঁদের প্রযোজনা প্রতিষ্ঠান ত্রালালা মুভিং পিকচার্সের ব্যানারে নির্মিত ‘মা ইনতি বাঙ্গারাম’ সিনেমায় অভিনয়ের সিদ্ধান্তও আসে সেই উৎসাহ থেকে। রাজ ছিলেন এই সিনেমার সৃজনশীল পরিকল্পনার সঙ্গে যুক্ত।
দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে সামান্থা জানিয়েছিলেন, অভিনয় ছেড়ে দেওয়ার সিদ্ধান্তের সঙ্গে তিনি মানিয়ে নিয়েছিলেন। কিন্তু রাজ ও প্রযোজক হিমাঙ্ক দুব্বুরুর সঙ্গে কাজ করতে গিয়ে তিনি পুনরায় সাহস ফিরে পান। তাঁর ভাষায়, রাজের নিজের ওপর তাঁর চেয়ে বেশি বিশ্বাস রয়েছে।
গর্ভাবস্থার খবরটি অবশ্য আগেই ভক্তদের জানিয়ে দিয়েছিলেন সামান্থা। গত ২৪ জুন হায়দরাবাদে ‘মা ইনতি বাঙ্গারাম’ সিনেমার সাফল্য উদ্যাপনের অনুষ্ঠানে প্রথমবার গর্ভধারণের কথা প্রকাশ্যে আনেন তিনি। পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে গর্ভাবস্থার নানা মুহূর্ত ভাগ করে নেন তিনি। সেপ্টেম্বরে আয়োজন করা হয় সামান্থার সাধ অনুষ্ঠান। ভারতীয় ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাবোধ থেকে অনুষ্ঠানের কিছু ছবি প্রকাশ করে তিনি লিখেছিলেন, মন্ত্রোচ্চারণ, প্রার্থনা ও বিভিন্ন প্রথার মধ্যে যে একধরনের গভীরতা রয়েছে, তা তিনি অনুভব করেন। ওই অনুষ্ঠানে রাজ ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
নভেম্বরের শুরুতে নিজের মাতৃত্বকালীন একটি ছবি প্রকাশ করেন অভিনেত্রী। ছবির ক্যাপশনে মজা করে লিখেছিলেন, এটিকে তাঁর মাতৃত্বকালীন ফটোশুট হিসেবে বিবেচনা করতে পারেন ভক্তরা। তখনই বোঝা গিয়েছিল, জীবনের নতুন অতিথিকে স্বাগত জানাতে প্রস্তুত হচ্ছেন তিনি।
২০০০-এর দশকের শেষ দিকে অভিনয়জগতে যাত্রা শুরু করেন সামান্থা। তেলেগু ও তামিল সিনেমায় কাজ করে খুব দ্রুত জনপ্রিয়তা পান তিনি। ‘ইয়ে মায়া চেসাভে’, ‘ইগা’, ‘মার্সাল’, ‘রঙ্গস্থলম’ ও ‘মাজিলি’র মতো সিনেমায় অভিনয় তাঁকে দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের এক পরিচিত মুখ করে তোলে। তবে তাঁর জনপ্রিয়তা কেবল দক্ষিণ ভারতে সীমাবদ্ধ থাকেনি। হিন্দি সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর দ্বিতীয় মৌসুমে রাজি চরিত্রে অভিনয় করে তিনি সারা ভারতের দর্শকের কাছে পরিচিতি পান। এই চরিত্রের জন্য তাঁকে ব্যাপক শারীরিক ও মানসিক প্রস্তুতি নিতে হয়েছিল। পরবর্তীতে ‘সিটাডেল: হানি বানি’তে অ্যাকশন অভিনয়েও নিজের দক্ষতা দেখিয়েছেন তিনি।
অভিনয়ের পাশাপাশি বর্তমানে প্রযোজনায়ও মনোযোগী সামান্থা। নিজের প্রযোজনা প্রতিষ্ঠান গড়ে তোলার মাধ্যমে সিনেমা নির্মাণের কারিগরি ও সৃজনশীল দিকগুলোতেও যুক্ত হয়েছেন তিনি।