বিয়ের প্রস্তাবটি আসলে কে দিয়েছিলেন—বিজয় দেবরাকোন্ডা নাকি রাশমিকা মান্দানা? বিয়ের পর এবার সেই গোপন গল্পই প্রকাশ্যে আনলেন দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় এই তারকা জুটি। রাশমিকার দাবি অনুযায়ী, তিনি এক-দুবার নয়, বরং টানা এক বছর ধরে বিজয়কে বিয়ের কথা বলেছিলেন। অন্যদিকে বিজয়ের ভাষ্যমতে, রাশমিকা তাঁকে অন্তত ১০০ বার একই কথা বলেছেন। মজার ছলে দেওয়া এই স্বীকারোক্তিটি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
সম্প্রতি করণ জোহরের অত্যন্ত জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’-এর নবম মৌসুমের একটি প্রচারণামূলক ভিডিও প্রকাশিত হয়েছে। সেখানে বিয়ের পর প্রথমবার জুটি হিসেবে হাজির হয়েছেন বিজয় ও রাশমিকা। তাঁদের মধ্যকার কথোপকথনের এই বিশেষ অংশটি এখন ইন্টারনেটে ভাইরাল।
‘তুমি তো আমাকে ১০০ বার বলেছ’ প্রচারণামূলক ভিডিওটিতে করণ জোহর জানতে চান, তাঁদের দুজনের মধ্যে বিয়ের প্রস্তাব দেওয়ার কোনো বিশেষ ঘটনা ঘটেছিল কি না। রাশমিকা মাথা নেড়ে জানান, প্রচলিত অর্থে তেমন কোনো আনুষ্ঠানিক প্রস্তাবের ঘটনা ঘটেনি। এরপর বিজয় বলেন, রাশমিকা তাঁকে বলেছিলেন, ‘চলো, বিয়ে করি।’ উত্তরে তিনি বলেছিলেন, ‘ঠিক আছে, তুমি তো আমাকে ১০০ বার এই কথা বলেছ।’
বিজয়ের কথা শুনে করণ পুনরায় রাশমিকার কাছে জানতে চান, তিনি সত্যিই এতবার বিয়ের কথা তুলেছিলেন কি না। রাশমিকা উত্তর দেন, ‘আমি পুরো এক বছর ধরে ওকে বিয়ের কথা বলেছি।’ এরপর বিজয় রসিকতা করে বলেন, ‘আমি এতটাও খারাপ মানুষ নই।’
পর্দার প্রেম থেকে বাস্তবের সংসার
বিজয় ও রাশমিকার প্রেমের গল্পের সূচনা হয়েছিল ২০১৮ সালে, তেলেগু সিনেমা ‘গীতা গোবিন্দম’-এর মাধ্যমে। সেই ছবিতে তাঁদের অনবদ্য রসায়ন দর্শকদের নজর কাড়ে। পরের বছর ‘ডিয়ার কমরেড’ সিনেমাতেও একসঙ্গে অভিনয় করেন তাঁরা। এই দুটি ছবির পর থেকেই তাঁদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়। তবে দীর্ঘ সময় ধরে নিজেদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কোনো কথা বলেননি এই দুই তারকা।
বিভিন্ন সময়ে তাঁদের একসঙ্গে দেখা যাওয়া, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্ট এবং পরোক্ষ মন্তব্যগুলো ভক্তদের মনে প্রবল আগ্রহ তৈরি করে। তাঁদের সম্পর্কের সম্ভাব্য নাম হিসেবে ভক্তরা তৈরি করেন ‘ভিরোশ’—যা বিজয় ও রাশমিকার নামের সংমিশ্রণ। শেষ পর্যন্ত ২০২৬ সালের ফেব্রুয়ারিতে তাঁরা নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন এবং বিয়ের ঘোষণা দেন।
২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরে বিবাহবন্ধনে আবদ্ধ হন বিজয় ও রাশমিকা। সকালে তেলেগু রীতিতে বিয়ের আয়োজন করা হয় এবং পরবর্তীতে রাশমিকার পরিবারের ঐতিহ্য অনুযায়ী কোডাভা রীতিতেও অনুষ্ঠান সম্পন্ন হয়। এই বিয়েতে দুই পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিয়ের পর প্রথমবার ‘কফি উইথ করণ’-একরণ জোহরের এই অনুষ্ঠানের নবম মৌসুমের দ্বিতীয় পর্বে অতিথি হিসেবে উপস্থিত হওয়ার কথা বিজয় ও রাশমিকার। উল্লেখ্য, এই মৌসুমের প্রথম পর্বে অতিথি ছিলেন সালমান খান। রাশমিকার জন্য এটি ‘কফি উইথ করণ’-এ প্রথমবার আসা। তবে বিজয় এর আগে সপ্তম মৌসুমে তাঁর ‘লাইগার’ ছবির সহশিল্পী অনন্যা পান্ডের সঙ্গে হাজির হয়েছিলেন। করণ জোহর ঘোষণা করেছেন যে, নবম মৌসুমটিই হবে এই অনুষ্ঠানের শেষ মৌসুম।
নতুন পর্বের প্রচারণায় শুধু বিয়ের গল্পই নয়, তারকাদের মধ্যকার মিষ্টি খুনসুটিও দেখা গেছে। র্যাপিড ফায়ার পর্বে করণ রাশমিকাকে তাঁর ‘পুষ্পা’ ছবির সহশিল্পী আল্লু অর্জুন এবং ‘অ্যানিমেল’ ছবির রণবীর কাপুরের মধ্যে একজনকে বেছে নিতে বলেন। সেখানে রাশমিকা আল্লু অর্জুনকেই বেছে নেন।
এরপর বিজয়ের কাছে জানতে চাওয়া হয়, রাশমিকা ছাড়া আর কোন অভিনেত্রীর সঙ্গে পর্দায় তাঁর রসায়ন ভালো। বিজয় উত্তর দেওয়ার আগেই রাশমিকা বলে ওঠেন, ‘কেউ না।’ তখন বিজয়ের জবাব ছিল, ‘বিয়ের প্রথম নিয়ম—স্ত্রীর কথায় সম্মতি জানাও।’ তাঁর এই তাৎক্ষণিক জবাবে হেসে ওঠেন রাশমিকা।
পর্দায় আবার একসঙ্গে বিজয়-রাশমিকা
বাস্তব জীবনের পাশাপাশি পর্দায়ও একসঙ্গে ফিরেছেন এই জুটি। তাঁদের নতুন সিনেমা ‘রানাবালি’ মুক্তি পেয়েছে ১৬ অক্টোবর। রাহুল সাংকৃত্যায়ন পরিচালিত এই ঐতিহাসিক অ্যাকশনধর্মী ছবিটির পটভূমি ঊনবিংশ শতকের দক্ষিণ ভারত। ছবিতে বিজয় অভিনয় করেছেন নামভূমিকায় এবং রাশমিকা অভিনয় করেছেন তাঁর স্ত্রীর চরিত্রে।