বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রার সম্পর্কের পথ সবসময় মসৃণ ছিল না; তাঁদের প্রেমের গল্পে বিচ্ছেদের স্মৃতিও মিশে আছে। ‘শেরশাহ’ সিনেমার শুটিং চলাকালীন একসঙ্গে কাজ করতে গিয়ে প্রেমের সম্পর্কে জড়ান তাঁরা। তবে সেই সময়েই এক পর্যায়ে তাঁদের মধ্যে দূরত্ব তৈরি হয় এবং তাঁরা আলাদা হয়ে যান।
পরবর্তীতে কারগিলে শুটিং চলাকালীন সিদ্ধার্থের নিয়মিত যোগাযোগ ও আন্তরিকতায় তাঁরা পুনরায় কাছাকাছি আসেন। সম্প্রতি করণ জোহরের সঞ্চালিত জনপ্রিয় অনুষ্ঠান ‘কফি উইথ করণ’-এর নবম মৌসুমে অতিথি হয়ে নিজেদের প্রেম, বিবাহিত জীবন, মাতৃত্ব এবং দ্বিতীয় সন্তানের প্রত্যাশা নিয়ে বিস্তারিত কথা বলেছেন এই দম্পতি।
‘শেরশাহ’ সিনেমার সময়কার দূরত্ব
কিয়ারা আদভানি জানান, ‘লাস্ট স্টোরিজ’ সিনেমার কাজ শেষ করার পর একটি পার্টিতে সিদ্ধার্থের সঙ্গে তাঁর প্রথম পরিচয় হয়। এরপর ২০১৯ সালে ‘শেরশাহ’ সিনেমায় একসঙ্গে কাজ শুরু করেন তাঁরা এবং শুটিং চলাকালীন তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তবে এক পর্যায়ে সিদ্ধার্থের আচরণে কিয়ারা অসন্তুষ্ট হন।
সেই সময়ের স্মৃতিচারণ করে কিয়ারা বলেন, “তুমি আমার সঙ্গে কখনো খুব ঘনিষ্ঠ হও, আবার কখনো দূরে সরে যাও। আমার কাছে হয় তুমি সম্পর্কে থাকবে, নয়তো থাকবে না। মাঝামাঝি অবস্থাটা আমি বুঝতে পারি না, এটা আমার পক্ষে সম্ভব নয়।”
অন্যদিকে, সিদ্ধার্থ তখন তাঁর ক্যারিয়ারের ওপর অধিক গুরুত্ব দিতে চেয়েছিলেন। তিনি অনুভব করেছিলেন যে কিয়ারার সঙ্গে সম্পর্কে জড়ানো মানে একটি বড় ধরনের প্রতিশ্রুতি দেওয়া, যা সেই সময়ে কাজের চাপের কারণে তিনি পালন করতে পারছিলেন না। ফলে দুজন আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন।
কারগিলে প্রেমের নতুন সূচনা
তবে সেই বিচ্ছেদ দীর্ঘস্থায়ী হয়নি। ‘শেরশাহ’ সিনেমার কারগিল অংশের শুটিংয়ে যাওয়ার পর সিদ্ধার্থ নিয়মিত কিয়ারাকে ফোন করতে শুরু করেন।
কিয়ারা জানান, “কারগিলে নেটওয়ার্ক ছিল না, অনেক কিছুই ঘটছিল। কিন্তু প্রতিদিন শুটিং শেষে রাতে সে আমাকে ফোন করত। টানা ৩০ দিন আমাদের কথা হয়েছে। আনুষ্ঠানিকভাবে আমাদের প্রেমের শুরু তখনই, যখন সে কারগিলে ছিল।”
এরপর দীর্ঘ প্রেমের পর ২০২৩ সালে রাজস্থানের জয়সালমিরে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা।
দ্বিতীয় সন্তানের প্রত্যাশা
অনুষ্ঠানে দ্বিতীয়বার বাবা-মা হওয়ার বিষয়েও আলোচনা করেন কিয়ারা ও সিদ্ধার্থ। তাঁদের প্রথম সন্তান, মেয়ে সারায়াহর জন্ম ২০২৫ সালের জুলাইয়ে। দ্বিতীয় সন্তানের খবরটি তাঁদের জন্য অপ্রত্যাশিত হলেও অত্যন্ত আনন্দের ছিল। সিদ্ধার্থ জানান, তিনি ভাইবোন ও কাজিনদের সঙ্গে বড় হয়েছেন, তাই তাঁর দীর্ঘদিনের ইচ্ছা ছিল একটি ‘পূর্ণ, সুখী পাঞ্জাবি পরিবার’ গড়ে তোলার। ২০২৬ সালের অক্টোবরে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় থাকার কথা জানান এই দম্পতি।
মাতৃত্ব ও অপরাধবোধ
মা হওয়ার পর জীবনের পরিবর্তন এবং পেশাগত দায়িত্ব সামলানোর চ্যালেঞ্জ নিয়ে কথা বলেন কিয়ারা। তিনি জানান, সন্তান পালন এবং ক্যারিয়ারের মধ্যে ভারসাম্য বজায় রাখতে গিয়ে তিনি প্রায়ই অপরাধবোধে ভুগতেন।
কিয়ারা বলেন, “এই দুই জগতের মধ্যে কীভাবে ভারসাম্য তৈরি করব, যাতে সব সময় অপরাধবোধে ভুগতে না হয়? মা হিসেবে এই অপরাধবোধটা থেকেই যায়।”
সন্তান জন্মের পর পুনরায় কাজে ফেরার বিষয়ে পরামর্শ নিতে তিনি আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ এবং পত্রলেখার সঙ্গে কথা বলেন। কিয়ারা জানান, “আমরা একে অপরের খোঁজখবর নিচ্ছিলাম। আমরা সবাই একই পেশায় আছি। শুটিংয়ে কীভাবে ফিরব, কীভাবে সবকিছু সামলাব—এসব জানতে মনে আছে, আমি আলিয়াকে ফোন করেছিলাম।”
প্রথমবার মা হওয়ার পর প্রথম তিন মাস অত্যন্ত কঠিন সময় পার করেছেন কিয়ারা। হরমোনের পরিবর্তন ও বমিভাবের কারণে শারীরিকভাবে বেশ কষ্ট পেতে হয় তাঁকে। সেই কঠিন সময়ে তিনি তাঁর মা ও শাশুড়ির মানসিক সমর্থন ও সাহচর্যের প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন।
‘টক্সিক’ সিনেমা ও সামাজিক সমালোচনা
‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ সিনেমায় যশের সঙ্গে কিছু ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করায় সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন কিয়ারা। বিশেষ করে ‘তাবাহি’ গানের দৃশ্যটি প্রকাশের পর তাঁকে নিয়ে ট্রলিং শুরু হয়। তবে এই বিষয়ে স্বামী সিদ্ধার্থের কোনো আপত্তি ছিল না বলে জানান অভিনেত্রী।
কিয়ারা বলেন, “সে বিষয়টি নিয়ে মাথা ঘামায়নি। কখনো এ প্রসঙ্গ তোলেনি। আমরা এ নিয়ে কথাও বলিনি। এতে তার কোনো প্রভাব পড়েনি, সে বিরক্তও হয়নি।”
বিবাহিত নারী অভিনয়শিল্পীদের ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের ক্ষেত্রে বাড়তি সমালোচনার শিকার হতে হয় বলে মন্তব্য করেন কিয়ারা। তাঁর কথায়, “এটা বহু বছর ধরে, কয়েক দশক ধরে হয়ে আসছে। ঐশ্বরিয়া থেকে শুরু করে আরও অনেক গুণী অভিনয়শিল্পীকে এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে।” তবে ‘টক্সিক’ সিনেমার বক্স অফিসের ফলাফল তাঁকে হতাশ করেছে বলে জানান তিনি।
‘কফি উইথ করণ’-এর নবম মৌসুমের নতুন পর্বটি ১৪ অক্টোবর জিওহটস্টারে মুক্তি পেয়েছে। প্রতি বুধবার সন্ধ্যা সাতটায় প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠানটি। এই মৌসুমে অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন সালমান খান, বিজয় দেবরাকোন্ডা, রাশমিকা মান্দানা, জাহ্নবী কাপুর, বরুণ ধাওয়ান, সাইফ আলী খান ও কারিনা কাপুর খান। করণ জোহরের এই জনপ্রিয় আড্ডার অনুষ্ঠানটির এটিই শেষ মৌসুম।