প্রেম করে বিয়ে, সংসারে দুই সন্তান, তারপর দীর্ঘ দাম্পত্যের পর বিচ্ছেদ এবং নতুন করে বিয়ে। তবে জীবনের সব চড়াই-উতরাই পেরিয়ে শেষ পর্যন্ত প্রথম স্ত্রীর কাছেই ফিরে এলেন দক্ষিণ ভারতীয় অভিনেতা রঞ্জিত। অভিনেত্রী প্রিয়া রমনের সঙ্গে তাঁর এই প্রেমের গল্প যেন সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়। জীবনে দুবার একই মানুষের প্রেমে পড়ার এক বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন তাঁরা। বিচ্ছেদের পর দীর্ঘ সাত বছরের দূরত্ব পেরিয়ে আবারও এক হয়েছেন এই দুই অভিনয়শিল্পী।

তাঁদের এই পুনর্মিলনের গল্পের সবচেয়ে চমকপ্রদ দিকটি হলো, রঞ্জিতের দ্বিতীয় বিয়ের পর প্রিয়ার সঙ্গে তাঁর সম্পর্কের নতুন অধ্যায় শুরু হয়। মাঝখানে অন্য একজনকে জীবনসঙ্গী করেছিলেন রঞ্জিত, কিন্তু সেই বিয়েও টেকেনি। সেই ব্যর্থ সম্পর্কের পর তিনি পুরোনো প্রেমের কাছে ফিরে আসেন। অসুস্থতার সময়ে প্রিয়ার পাশে পাওয়া এবং একে অপরকে নতুন করে গ্রহণ করার মধ্য দিয়ে তাঁদের জীবনে শুরু হয় দ্বিতীয় ইনিংস। সম্প্রতি ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এই জুটির ব্যতিক্রমী প্রেমের গল্পটি আবারও আলোচনায় এসেছে।

সিনেমার সেটে পরিচয়, প্রেম ও বিয়ে
রঞ্জিত ও প্রিয়া রমন উভয়েই ১৯৯৩ সালে তাঁদের অভিনয়জীবন শুরু করেন। রঞ্জিত তামিল ছবি ‘পোন ভিলাঙ্গু’ দিয়ে পর্দায় যাত্রা শুরু করেন। অন্যদিকে, রজনীকান্তের প্রযোজিত ‘ভাল্লি’ ছবিতে নাম ভূমিকায় অভিনয় করে অভিষেক হয় প্রিয়ার। ওই ছবিতে বিশেষ চরিত্রে ছিলেন খোদ রজনীকান্ত।

দক্ষিণ ভারতের বিভিন্ন ভাষার চলচ্চিত্রে কাজ করে দ্রুত পরিচিতি পান প্রিয়া। বিশেষ করে মালয়ালম সিনেমায় তাঁর জনপ্রিয়তা ছিল চোখে পড়ার মতো। মোহনলাল, মাম্মুট্টি, সুরেশ গোপী এবং কমল হাসানের মতো কিংবদন্তি তারকাদের সঙ্গে কাজ করেছেন তিনি। মোহনলালের সঙ্গে ‘মান্ত্রিকম’ ও ‘আরাম থামপুরান’, মাম্মুট্টির সঙ্গে ‘সাইন্যম’ এবং ‘নম্বর ওয়ান স্নেহতীরাম বেঙ্গালোর নর্থ’, আর সুরেশ গোপীর সঙ্গে ‘কাশ্মীরাম’ ও ‘ভূপতি’ ছবিতে অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নেন তিনি। ‘সাইন্যম’ ছবিতে তাঁর আধুনিক পোশাক ও প্রাণবন্ত উপস্থিতি তখন ব্যাপক আলোচিত হয়েছিল। এছাড়া ‘কাশ্মীরাম’ ও ‘অর্থনা’ ছবির গানগুলোও দর্শকদের খুব প্রিয় হয়ে উঠেছিল।

অন্যদিকে, রঞ্জিত তামিল ও মালয়ালম—উভয় ভাষার সিনেমাতেই নিজের শক্ত অবস্থান তৈরি করেন। ‘নাটপুক্কাগা’, ‘ধর্মা’, ‘মারু মালার্চি’ এবং ‘পুধুমাই পিথান’সহ বেশ কয়েকটি তামিল ছবিতে অভিনয় করেন তিনি। ১৯৯৮ সালে মাম্মুট্টির বিপরীতে ‘মারু মালার্চি’ ছবিতে অভিনয়ের জন্য তামিলনাড়ু রাজ্য চলচ্চিত্র পুরস্কারে সেরা খলনায়কের সম্মান পান রঞ্জিত। মালয়ালম সিনেমাতেও খলনায়ক হিসেবে তিনি বেশ জনপ্রিয় হন। মোহনলালের ‘নাটুরাজাভু’ ও ‘চন্দ্রোৎসবম’ এবং মাম্মুট্টির ‘রাজামানিক্যম’ ছবিতে তাঁর অভিনয় দর্শকদের নজর কাড়ে।

১৯৯৯ সালে তামিল ছবি ‘নেসাম পুধুসু’র সেটে তাঁদের প্রথম পরিচয় হয়। ছবিতে তাঁরা ছিলেন নায়ক-নায়িকা। অভিনয়ের সূত্রে শুরু হওয়া সেই পরিচয় প্রথমে বন্ধুত্বে এবং পরবর্তীতে প্রেমে রূপ নেয়। একই বছরের মধ্যেই তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁদের সংসারে জন্ম নেয় দুই ছেলে।

সংসারের জন্য অভিনয় থেকে বিরতি
বিয়ের পর প্রিয়া সম্পূর্ণভাবে সংসারের প্রতি মনোযোগী হন এবং অভিনয় থেকে দূরে সরে যান। দুই সন্তানকে বড় করে তোলার পাশাপাশি ঘর সামলানোই হয়ে ওঠে তাঁর প্রধান কাজ। তবে রঞ্জিত তাঁর অভিনয় জীবন চালিয়ে যান এবং তামিল ও মালয়ালম ছবিতে নিয়মিত কাজ করতে থাকেন। প্রিয়ার অভিনয়জীবনের বিরতি দীর্ঘ হলেও পরবর্তী সময়ে তিনি ছোট পর্দায় ফিরে আসেন। মালয়ালম ও তামিল টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করে আবারও দর্শকের সামনে হাজির হন তিনি। তাঁর জনপ্রিয় ধারাবাহিকগুলোর মধ্যে অন্যতম ছিল ‘সেম্বারুথি’। তবে সবকিছু স্বাভাবিক মনে হলেও তাঁদের দাম্পত্য জীবনে ধীরে ধীরে দূরত্ব তৈরি হতে থাকে এবং সম্পর্কের টানাপোড়েন বাড়তে থাকে।

কেন ভেঙেছিল ১৫ বছরের সংসার
২০১৪ সালে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ ঘটে রঞ্জিত ও প্রিয়ার। দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে তাঁদের বিচ্ছেদের খবরটি বেশ আলোচনার জন্ম দিয়েছিল। ১৯৯৯ সালে বিয়ের পর প্রায় ১৫ বছর একসঙ্গে কাটিয়েছিলেন তাঁরা।

বিচ্ছেদের প্রকৃত কারণ নিয়ে তখন খুব বেশি বিস্তারিত তথ্য সামনে আসেনি। ২০১৪ সালের জুনে টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক বক্তব্যে রঞ্জিত তাঁদের আলাদা হওয়ার কারণ হিসেবে ‘মতপার্থক্য’ বা পারস্পরিক বোঝাপড়ার অভাবের কথা জানিয়েছিলেন। সেই সময়ে দুই সন্তানের দায়িত্ব পালন করাও একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছিল।

পরবর্তীতে অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা আলাপ্পি আশরাফ তাঁদের বিচ্ছেদের পেছনে রঞ্জিতের কথিত বিবাহবহির্ভূত সম্পর্কের গুঞ্জনের কথা উল্লেখ করেন। তাঁর দাবি অনুযায়ী, অন্য এক নারীর সঙ্গে রঞ্জিতের সম্পর্কের খবর শুনে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন প্রিয়া। স্বামীকে সেই সম্পর্ক থেকে ফিরিয়ে আনার চেষ্টা করেও সফল হননি তিনি। শেষ পর্যন্ত আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা দুজন।

বিচ্ছেদের পর দুই সন্তানের সম্পূর্ণ দায়িত্ব নেন প্রিয়া। সন্তানদের ভবিষ্যৎ নিশ্চিত করতে তিনি আবারও অভিনয়ে মনোনিবেশ করেন। যে অভিনেত্রী একসময় সংসারের জন্য কাজ ছেড়েছিলেন, তাঁকে নতুন করে নিজের পেশাগত জীবন গড়ে তুলতে হয়।

দ্বিতীয় বিয়ে, কিন্তু টিকল না সেই সংসারও
প্রিয়ার সঙ্গে বিচ্ছেদের পর খুব বেশি সময় অপেক্ষা করেননি রঞ্জিত। ২০১৪ সালেই অভিনেত্রী রাগাসুধাকে বিয়ে করেন তিনি। তবে সেই সংসারও দীর্ঘস্থায়ী হয়নি। বিয়ের মাত্র এক বছরের মাথায়, ২০১৫ সালে তাঁদের বিচ্ছেদ হয়ে যায়।

এদিকে প্রিয়া নিজের জীবন ও কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। সন্তানদের বড় করার পাশাপাশি টেলিভিশনে নিয়মিত অভিনয় করে যাচ্ছিলেন তিনি। দুই সাবেক স্বামী-স্ত্রীর জীবন তখন সম্পূর্ণ আলাদা পথে চলছিল। কিন্তু ভাগ্য যেন তাঁদের জন্য অন্য এক গল্প লিখে রেখেছিল।

পুরোনো প্রেমের কাছে ফিরে আসা
বিচ্ছেদের প্রায় সাত বছর দূরে থাকার পর আবারও কাছাকাছি আসেন রঞ্জিত ও প্রিয়া। তাঁদের পুনর্মিলনের পেছনের গল্প জানিয়েছেন প্রবীণ অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা আলাপ্পি আশরাফ।

তাঁর ভাষ্য অনুযায়ী, ২০১৮ সালে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হঠাৎ দেখা হয় দুজনের। অনুষ্ঠানে রঞ্জিতের হাত থেকেই পুরস্কার নিতে মঞ্চে উঠেছিলেন প্রিয়া। সেই মুহূর্তেই রঞ্জিত আবারও প্রিয়াকে বিয়ের প্রস্তাব দেন। পুরোনো সম্পর্ককে নতুন করে একটি সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা।

অন্যদিকে ২০২৫ সালে মনোরমায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, রঞ্জিত অসুস্থ হয়ে পড়ার পর প্রিয়া আবারও তাঁর পাশে দাঁড়ান। সেই কঠিন সময়ে প্রিয়ার কাছ থেকে পাওয়া সহযোগিতা তাঁদের সম্পর্ককে আরও গভীর করে তোলে।

তাঁদের পুনর্মিলনের খবরটি প্রকাশ্যে আসে আরও পরে। ২০২১ সালের জুনে নিজেদের ২২তম বিবাহবার্ষিকীতে একসঙ্গে ছবি প্রকাশ করেন তাঁরা। ছবিতে তাঁদের ঘনিষ্ঠ অবস্থায় দেখে ভক্তরা বিস্মিত হন। রঞ্জিত সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ভক্তদের ভালোবাসা ও শুভেচ্ছায় তাঁদের জীবনের পথচলা সুন্দর হয়ে উঠেছে। প্রিয়াও সেই ছবিগুলো নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নেন। এরপরই দক্ষিণ ভারতীয় গণমাধ্যমে তাঁদের সম্পর্ক আবারও জোড়া লাগার খবর ছড়িয়ে পড়ে।

বাস্তব জীবনেও একসঙ্গে, পর্দাতেও
প্রিয়া ও রঞ্জিতের পুনর্মিলনের আরেকটি ইঙ্গিত পাওয়া যায় তাঁদের পেশাগত জীবনে। ২০২১ সালে তামিল ধারাবাহিক ‘সেন্থুরা পুভে’তে একসঙ্গে অভিনয় করেন তাঁরা। ধারাবাহিকে রঞ্জিতের চরিত্র দুরাইসিংগমের স্ত্রীর ভূমিকায় দেখা যায় প্রিয়াকে। বাস্তব জীবনে স্বামী-স্ত্রী হয়ে বিচ্ছেদ এবং পুনরায় এক হওয়া—এমন দুই মানুষের পর্দায় স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করা দর্শকদের আগ্রহ বাড়িয়ে দেয়।

২০২৪ সালের ডিসেম্বরে ‘বিগ বস তামিল ৮’-এর প্রতিযোগী হিসেবে রঞ্জিতের অংশগ্রহণের সময় প্রিয়াকে ঘিরে একটি দৃশ্য আলোচনায় আসে। অনুষ্ঠান শেষে বিদায়ের এক আয়োজনে প্রিয়াকে দেখে আবেগপ্লুত হয়ে পড়েন রঞ্জিত। তাঁকে একদৃষ্টে তাকিয়ে থাকতে দেখা যায়। এমনকি অনুষ্ঠানের সঞ্চালক বিজয় সেতুপতির সঙ্গে হাত মেলানোর কথাও ভুলে গিয়েছিলেন তিনি—এমন বর্ণনা দিয়েছে মনোরমা।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে