সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওর কারণে সম্প্রতি বিতর্কের মুখে পড়েছিলেন দক্ষিণ ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী কীর্তি সুরেশ এবং নির্মাতা মিসকিন। চেন্নাইয়ে তাঁদের আসন্ন চলচ্চিত্র ‘সত্যবান সাবিত্রী’–এর একটি সংবাদ সম্মেলনে অংশ নিয়েছিলেন এই দুই তারকা। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, পরিচালক মিসকিন কীর্তির প্রশংসা করার সময় তাঁর ঊরুর কাছাকাছি হাত রাখেন। ভিডিওটি দেখার পর সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের একাংশ দাবি করেন, কীর্তির মুখভঙ্গি দেখে মনে হচ্ছে তিনি এই স্পর্শে অস্বস্তি বোধ করছিলেন।
তবে এই অভিযোগের বিষয়ে নীরব থাকেনি অভিনেত্রী কীর্তি সুরেশ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) একজন ট্রলকারীর মন্তব্যের বিপরীতে অত্যন্ত স্পষ্ট ভাষায় নিজের অবস্থান পরিষ্কার করেছেন তিনি। কীর্তির দাবি, পরিচালক মিসকিনের সঙ্গে তাঁর সম্পর্ক অনেকটা বাবা ও মেয়ের মতো। তাই তাঁদের পারস্পরিক সম্পর্কের গভীরতা না জেনে ভিডিওর মাত্র কয়েক সেকেন্ড দেখে মন্তব্য করা অনুচিত।
মূলত একটি পোস্ট থেকে এই বিতর্কের সূত্রপাত হয়। সেখানে প্রশ্ন তোলা হয়েছিল যে, পর্দায় অভিনেতারা যখন ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেন, তখন বাস্তব জীবনে এমন স্পর্শে তারা কেন অস্বস্তি বোধ করবেন?
এর জবাবে কীর্তি লেখেন, ‘প্রথমত, আমার মুখে অস্বস্তির ছাপ কোথায় দেখলেন? আপনি কি শুনতে পাননি, তিনি কিংবা আমি বলেছি, আমাদের সম্পর্ক বাবা-মেয়ের মতো?’
এরপর আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ছুড়ে দেন অভিনেত্রী। তিনি লেখেন, ‘ধরে নিলাম, আমি অস্বস্তি বোধ করছিলাম। তাহলে কি আপনি বলতে চাইছেন, সিনেমায় আমাদের স্পর্শ করা হয় বলে প্রকাশ্যেও এমন স্পর্শে আমার স্বচ্ছন্দ থাকা উচিত? কিছু বিষয় ঠিকভাবে বোঝা দরকার, ভাই।’
কীর্তির এই কড়া জবাবের পর ওই ব্যবহারকারী দ্রুত নিজের পোস্টটি মুছে ফেলেন এবং দুঃখ প্রকাশ করেন। তিনি জানান, কাউকে ব্যক্তিগতভাবে আঘাত করার কোনো উদ্দেশ্য তাঁর ছিল না। অন্য একজন ব্যবহারকারীও ভিডিওটি শেয়ার করে মন্তব্য করেন যে, কীর্তি নিজেই বিষয়টি পরিষ্কার করে দিয়েছেন এবং সেখানে কোনো অস্বস্তি বা অশুভ উদ্দেশ্যের অবকাশ নেই।
সংস্কৃতি নিয়ে মন্তব্যের ব্যাখ্যা
স্রেফ স্পর্শ নিয়ে বিতর্কই নয়, সংবাদ সম্মেলনে নিজের আরেকটি মন্তব্য নিয়েও ব্যাখ্যা দিয়েছেন কীর্তি। সম্প্রতি সহশিল্পী রাধিকা আপ্তের সঙ্গে এক সাক্ষাৎকারে তামিল ও তেলেগু সংস্কৃতির বিয়ের একটি রীতি নিয়ে কথা বলে সমালোচনার মুখে পড়েছিলেন তিনি।
ওই সাক্ষাৎকারে রাধিকা আপ্তে জানিয়েছিলেন, একটি তেলেগু সিনেমায় তাঁকে নিজের মামাকে বিয়ে করা একটি চরিত্রে অভিনয় করতে হয়েছিল। অভিজ্ঞতাটিকে কঠিন আখ্যা দিয়ে তিনি বলেন, সিনেমাটির ওই বিষয়টি তাঁর একেবারেই পছন্দ হয়নি। পাশে বসে থাকা কীর্তি তখন মন্তব্য করেছিলেন যে, মামাকে বিয়ে করার রীতি তামিল ও তেলেগু সংস্কৃতিতে প্রচলিত। কীর্তির এই মন্তব্যের পর তেলেগুভাষী দর্শকদের একটি অংশ ক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁদের অভিযোগ, এই মন্তব্যের মাধ্যমে একটি নির্দিষ্ট সংস্কৃতি সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হতে পারে।
সংবাদ সম্মেলনে এই বিষয়ে কথা বলে কীর্তি জানান, রাধিকা ঠিক কোন প্রসঙ্গে কথাটি বলছিলেন তা তিনি শুরুতে বুঝতে পারেননি। তাঁর উদ্দেশ্য ছিল কেবল একটি প্রচলিত সামাজিক রীতির কথা ব্যাখ্যা করা, কোনো জনগোষ্ঠী বা সংস্কৃতিকে ছোট করা নয়। কীর্তির ভাষায়, ‘সবকিছুর প্রতি যথাযথ সম্মান রেখেই বলছি, আমাদের সংস্কৃতিকে আমি কখনোই ছোট করে দেখব না।’
উল্লেখ্য, রাধিকা সাক্ষাৎকারে সিনেমাটির নাম উল্লেখ না করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ধারণা করছেন, তিনি ২০১৪ সালে মুক্তি পাওয়া বয়াপতি শ্রীনুর পরিচালিত এবং নন্দমুরি বালকৃষ্ণ অভিনীত ‘লেজেন্ড’ সিনেমাটির কথা বলেছেন।
মুক্তি পাচ্ছে নতুন সিনেমা
কীর্তি সুরেশ ও মিসকিনের যৌথ প্রয়াসে নির্মিত ‘সত্যবান সাবিত্রী’ সিনেমাটি আজ, ২০ নভেম্বর মুক্তি পাচ্ছে। কোর্টরুম ড্রামা এবং একটি হত্যাকাণ্ডের রহস্যময় গল্পের ওপর ভিত্তি করে নির্মিত এই সিনেমাটি ঘিরে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।