নিষিদ্ধ আওয়ামী লীগকে একটি রাজনৈতিক দল হিসেবে বিবেচনা করার বিষয়ে ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের (চরমোনাই পীর) অবস্থান সঠিক হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ধর্ম সম্পাদক মাওলানা সানাউল্লাহ খান।

গত শুক্রবার (২০ নভেম্বর) গণমাধ্যমের উদ্দেশ্যে পাঠানো এক বিবৃতিতে তিনি এই অভিমত ব্যক্ত করেন।

বিবৃতিতে মাওলানা সানাউল্লাহ খান উল্লেখ করেন যে, জুলাই-পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে গুরুত্ব ও গ্রহণযোগ্যতা বৃদ্ধি পেয়েছে, তার অন্যতম প্রধান কারণ হলো জুলাই গণ-অভ্যুত্থানে দলটির প্রকাশ্য ও সক্রিয় অংশগ্রহণ। তিনি জানান, বিভিন্ন মহলে দলটির এই ভূমিকার প্রশংসা প্রায়ই শোনা যায়। বিশেষ করে এনসিপির বিভিন্ন অভ্যন্তরীণ বৈঠকেও জুলাই মাসে ইসলামী আন্দোলনের ভূমিকা নিয়ে ইতিবাচক আলোচনা ও প্রশংসা করা হয়েছে।

তিনি আরও বলেন, “সেই জায়গা থেকে এনসিপির সঙ্গে ইসলামী আন্দোলনের সম্পর্ক বরাবরই ভালো। এনসিপিও এই সম্পর্ক ভালো রাখার ব্যাপারে আন্তরিক। এনসিপির শীর্ষ নেতৃত্ব জুলাইয়ে ইসলামী আন্দোলনের ভূমিকার কারণে তাদের প্রতি সব সময় ইতিবাচক মনোভাব পোষণ করেন।”

মাওলানা সানাউল্লাহর মতে, জুলাইয়ের চেতনা ও আকাঙ্ক্ষার প্রশ্নে ইসলামী আন্দোলন যদি কোনো ধরনের নমনীয়তা দেখায় কিংবা আপস বা মীমাংসার পথে হাঁটে, তবে তা হবে জুলাইয়ে তাদের নিজেদের ভূমিকা ও অবস্থানের সঙ্গেই এক ধরনের প্রতারণা।

তবে তিনি ধারণা করেন, চরমোনাই পীর সম্ভবত দরদের জায়গা থেকে ভাষাগতভাবে কিছুটা সহনশীল অবস্থান নিয়েছেন। তবে আওয়ামী লীগকে একটি রাজনৈতিক দল হিসেবে বিবেচনা করার যে জায়গাটি হুজুর নিয়েছেন, তা সঠিক হয়নি বলে মনে করেন মাওলানা সানাউল্লাহ খান।

তিনি আশা প্রকাশ করেন যে, ইসলামী আন্দোলনের গুরুত্বপূর্ণ নেতা ও অ্যাক্টিভিস্টরা তাদের লেখা ও বক্তব্যের মাধ্যমে এই বিষয়গুলো পরিষ্কার করবেন। তিনি আরও জানান, ইতিমধ্যে তাদের মধ্যে অনেকে এই বিষয়ে কথা বলেছেন।

পরিশেষে তিনি বলেন, “জুলাইয়ে যে সাহসী ও স্পষ্ট ভূমিকা তারা রেখেছেন, সেই চেতনার জায়গাতেই ইসলামী আন্দোলন অটল ও অবিচল থাকবে।”