আওয়ামী লীগ রাজনীতির নামে জ্বালাও-পোড়াও করে দেশকে ধ্বংস করার চক্রান্ত করেছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (পীর চরমোনাই)।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় ভোলা জেলা উত্তর শাখার আয়োজনে ইসলামী যুব আন্দোলনের এক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্য করে রেজাউল করিম বলেন, “আপনারা এই দেশের সন্তান। অথচ আপনারা ভাঙচুর, জ্বালাও-পোড়াও, মানুষ হত্যা, দেশের সম্পদ নষ্ট করা, থানা পুড়িয়ে দেওয়াসহ যেসব কর্মকাণ্ড করেছেন, সেগুলো কোন ধরনের রাজনীতি? আপনারা রাজনীতি করেন মানুষের কল্যাণে, দেশের কল্যাণে। কিন্তু আপনাদের আচরণে মানুষের কল্যাণের রাজনীতি দেখা যাচ্ছে না। বরং এটি সম্পূর্ণ দেশকে ধ্বংস করার চক্রান্ত বলে মনে হচ্ছে।”

বক্তব্যের এক পর্যায়ে তিনি উল্লেখ করেন যে, বিএনপি ও আওয়ামী লীগসহ দেশের সব রাজনৈতিক দলের সদস্যই এই মাটিতে জন্মগ্রহণ করেছেন। দেশের প্রতি মায়া রাখা ঈমানের অংশ এবং দেশের ভালো-মন্দের সঙ্গে সবাই জড়িত। তিনি বলেন, “আমরা চাই, দেশটি একটি সুন্দর দেশে পরিণত হোক। সবাই একত্রিত হয়ে দেশের কল্যাণে কাজ করব। তবে ব্যক্তিস্বার্থ, দলের স্বার্থ, ক্ষমতার স্বার্থ ও লোভ দেশের কল্যাণের জন্য পরিহার করতে হবে।”

দেশের শাসনব্যবস্থা নিয়ে কথা বলে তিনি জানান, বাংলাদেশে শতকরা ৯২ জন মুসলমান বসবাস করেন। ইসলামকে সামনে রেখে দেশ পরিচালনার চিন্তা করা হলে ইতিহাসে আবারও স্বর্ণযুগের মতো পরিবেশ তৈরি হবে বলে তিনি দাবি করেন। তিনি আরও বলেন, “বিএনপি, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি যে আদর্শ ও নীতি নিয়ে দেশ পরিচালনা করেছে, তাদের সেই নীতি ও আদর্শ বাংলাদেশে ব্যর্থ হয়েছে। এখন একটাই নীতি ও আদর্শ রয়েছে, আর তা হলো ইসলাম।”

ইসলামবিদ্বেষী চক্রের বিষয়ে চরমোনাই পীর বলেন, “ইসলামবিদ্বেষী চক্রগুলো ইসলামের ব্যাপারে যে ভয় দেখিয়েছে, বাস্তবে ইসলাম ভয়ের বিষয় নয়। ইতিহাস পড়ে দেখুন, ইসলাম এমন একটি আদর্শ, যেখানে একটি পিঁপড়ারও স্বাধীনতা ও নিরাপত্তা রয়েছে। কেউ এ নীতি ও আদর্শ মেনে চললে দুনিয়ায় শান্তি এবং আখিরাতে মুক্তি পাবে।”

বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস ও বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি বলেন, “বাংলাদেশের স্বাধীনতার ৫৫ বছর চলছে। ১৯৭১ সালের প্রেক্ষাপটে ইতিহাস পড়লে দেখা যায়, এ দেশের মানুষ সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য লাখ লাখ মানুষ জীবন দিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন। সন্তান মা-হারা হয়েছে, মা সন্তান-হারা হয়েছেন। কিন্তু দুঃখের সঙ্গে বলতে হয়, ১৯৭১ সালের পর যাদের ক্ষমতায় বসিয়েছিলাম, তাদের কাছে যে আশা-আকাঙ্ক্ষা ছিল, বাস্তবে তা পূরণ হওয়া তো দূরের কথা, তারা অন্যদের তাবেদার হয়ে দেশের পরিচালনার দায়িত্ব নিয়েছে।”

পরবর্তী বিভিন্ন অভ্যুত্থান ও ২০২৪ সালের ৫ আগস্টের ঘটনাপ্রবাহ নিয়ে মুফতি রেজাউল করিম বলেন, “পরবর্তী সময়ে বিভিন্ন অভ্যুত্থান হয়েছে। বিশেষ করে ২০২৪ সালের ৫ আগস্ট হাজার হাজার যুবক, শিক্ষার্থী ও মেহনতি মানুষ বৈষম্য দূর করার জন্য অকাতরে জীবন দিয়েছেন। স্বপ্ন ছিল, দেশটি একটি স্বর্ণের দেশে পরিণত হবে। কিন্তু যাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্বে বসিয়েছি, তাদের বসানোর পর আমরা কী দেখলাম? পুরোনো বউকে নতুন করে শাড়ি পরানোর মতো পরিস্থিতিই বাংলাদেশে দেখলাম।”

বিএনপি সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “আপনারা ক্ষমতায় আসার আগে, নির্বাচনের আগে জাতির সামনে অনেক সুন্দর সুন্দর প্রতিশ্রুতি দিয়েছিলেন। বাংলাদেশকে সুন্দর করা ও রাষ্ট্র সংস্কারের উদ্দেশ্যে যে গণভোট হয়েছিল, সেই গণভোটের সিদ্ধান্ত আপনারা বাস্তবায়ন করবেন। জাতির কাছে সেই ওয়াদা দেওয়ার পর প্রায় এক বছর হতে চলেছে। কিন্তু আপনারা সেই ওয়াদা বাস্তবায়নের দিকে পা বাড়াচ্ছেন না। আপনারা কী করতে চান? জনগণকে বাদ দিয়ে, তাদের মতামত উপেক্ষা করে সুন্দর দেশ পরিচালনা করবেন? এটা কখনোই সম্ভব নয়।”

সম্মেলনের শেষে মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম আগামী ২০২৭-২৮ সালের জন্য ইসলামী যুব আন্দোলন ভোলা জেলা উত্তরের নতুন কমিটি ঘোষণা করেন। নতুন এই কমিটিতে মো. ইসরাফিল হোসেন মামুনকে সভাপতি, এইচ এম হাবিবুল্লাহকে সহসভাপতি এবং মাওলানা বেলাল হোসেন ফারুকীকে সাধারণ সম্পাদক হিসেবে নিযুক্ত করা হয়েছে।